১০:৫৭ এম
গ্রিস সরকার বাংলাদেশ ও পাকিস্তান থেকে প্রায় ৫০ জন অননুমোদিত অভিবাসীকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এই তথ্যটি নিশ্চিত করেছেন দেশটির অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস।
ফেরত পাঠানোদের মধ্যে মো. হাসান (২৭) নামের একজন বাংলাদেশি যুবকও রয়েছেন। গ্রিসের নাফপ্লিও শহরে বৈধ কাগজপত্র ছাড়া অভিবাসীদের প্রবেশে উসকানি দেওয়ার জন্য টিকটকে একটি ভিডিও প্রচার করার অপরাধে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় গ্রিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জুন মাসে আপলোড করা ওই ভিডিও ক্লিপে হাসানকে বলতে দেখা যায় যে, নাফপ্লিওতে কাজের সুবাদে তাদের অবস্থান বেশ সুবিধাজনক এবং বৈধ কাগজপত্র না থাকলেও অন্যদের সেখানে প্রবেশ করতে কোনো সমস্যা নেই। তিনি এমনকি দাবি করেন যে, দীর্ঘদিন সেখানে থাকার পরও পুলিশ তাদের খুঁজে পাবে না।
আরও পড়ুন: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত দুজন
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি গ্রিক প্রশাসনের নজরে আসে এবং পুলিশ হাসানকে চিহ্নিত করে। এর পর তার পূর্ববর্তী রেসিডেন্স পারমিট বাতিল করা হয় এবং তার রাজনৈতিক আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হয়।
মৌলভীবাজার জেলার বাসিন্দা হাসান বিগত চার-পাঁচ বছর ধরে গ্রিসে বসবাস করে আসছিলেন। তবে এই বিতর্কিত ভিডিও প্রকাশের পর তাকে গ্রিসের কঠোর অভিবাসন আইন অনুযায়ী এই পরিণতির মুখোমুখি হতে হয়েছে।
গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস জানিয়েছেন, অবৈধ অভিবাসন ঠেকানোর চলমান কঠোর পদক্ষেপের অংশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের নিয়ে এই বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে।
এদিকে, এই ঘটনায় গ্রিসপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন প্রবাসীদের মতে, সোশ্যাল মিডিয়ায় সস্তা জনপ্রিয়তা পাওয়ার লোভে কিছু অসাধু ব্যক্তি গ্রিসে অবৈধভাবে প্রবেশের উপায় নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন, যা পুরো বাংলাদেশি কমিউনিটির সম্মান ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করতে পারে।
আরও পড়ুন: বিসকেইন বে-তে নৌকার ছবি তুলতে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টার, পাইলট নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন