০৭:৩১ পি.এম
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের প্রত্যাশা ও ভালোবাসার প্রতিদান দিতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি উল্লেখ করেছেন, ৭০ থেকে ৭৫ নম্বর ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। এসব এলাকার মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-৬-এর আওতাধীন ৭৫ নম্বর ওয়ার্ডের গৌড়নগর নাজিমউদ্দিন মার্কেট থেকে ১৬১/৫ নম্বর হোল্ডিং পর্যন্ত নর্দমাসহ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সাবেক আইজিপির আহ্বান, মানব পাচারকারী চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে হবে
প্রতিমন্ত্রী আরও বলেন, ৭০ থেকে ৭৫ নম্বর ওয়ার্ড আগে ইউনিয়ন ছিল, পরবর্তীতে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হয়ে ওয়ার্ডে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এসব এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। তিনি এলাকার মানুষের সমস্যা ও দাবিগুলো তুলে ধরে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে পৌঁছানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। জনগণ যে প্রত্যাশা ও ভালোবাসা নিয়ে তাদের ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কথাও তিনি উল্লেখ করেন।
উন্নয়নকাজের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, বিশেষ করে নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "আমরা যখনই কোনো বিষয়ে তাকে বলেছি, তিনি সাড়া দিয়েছেন। আমাদের ডাকে এসেছেন। এলাকার মানুষের প্রতি তার ভালোবাসা ও আন্তরিকতা রয়েছে। সেই আন্তরিকতা থেকেই তিনি উন্নয়নকাজ এগিয়ে নিচ্ছেন।"
প্রতিমন্ত্রী বলেন, সালাম ভাই দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা যতবার তাকে ডেকেছি, তিনি কখনো বলেননি যে অনেকবার এসেছেন, আর আসবেন না। বরং অনেক সময় আমাদের বলার আগেই তিনি নিজে থেকে এলাকার উন্নয়নের বিষয়ে খোঁজ নিয়েছেন। আজকের রাস্তার কাজের বিষয়েও তিনি দুই-তিনবার আমাকে বলেছেন, "এলাকার একটি রাস্তার কাজ করতে হবে, কবে যাব?" এলাকার প্রতি তার এই ভালোবাসা ও আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে।
তিনি আরও বলেন, এলাকার বাকি উন্নয়নকাজগুলো বাস্তবায়িত হলে মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। সালাম ভাই আমাদের আশ্বস্ত করেছেন, এলাকার মানুষের সমস্যা সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। ভবিষ্যতেও এ উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ শুরু হচ্ছে আগামীকাল
এলাকার রাস্তাঘাটের উন্নয়নে বাসিন্দাদের সহযোগিতা কামনা করে হাবিবুর রশিদ হাবিব বলেন, সবাইকে মিলেমিশে চলতে হবে। সিটি করপোরেশন যদি ২০ ফুট প্রশস্ত রাস্তা করতে চায়, তাহলে দুই পাশের বাসিন্দাদেরও জায়গা ছাড়তে হবে। জায়গা পাওয়া গেলে কাজ করা সহজ হবে। কিন্তু আপনারা জায়গা না ছাড়লে উন্নয়ন সম্ভব হবে না।
সরকারি খাসজমি দখল না করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারি খাসজমি জনগণের সম্পদ। এসব জমি উন্নয়নকাজে ব্যবহারের জন্য এলাকাবাসীকে নিজেরাই চিহ্নিত করে দিতে হবে। পাশাপাশি ব্যক্তিগত জমির মধ্য দিয়ে রাস্তা করতে হলেও দুই পাশের মালিকদের জায়গা ছাড়তে হবে। তিনি বলেন, "আপনারা জায়গা ছেড়ে দিলে বাকি দায়িত্ব সালাম ভাই নেবেন। কেউ রাস্তা আটকে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত করবেন না।"
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
আরও পড়ুন: হঠাৎ ভূমি অফিসে দুদকের অভিযান, এরপর দেলমাহমুদ রওশনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলো
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন