০৮:৫৮ এম
রাশিয়া নতুন একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাবমেরিনটির উদ্বোধন করেন। তিনি ২০৩০ সালের মধ্যে নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনার কথাও ঘোষণা করেন।
সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে নতুন সাবমেরিন ‘পারম’-এর আনুষ্ঠানিক পতাকা উত্তোলন অনুষ্ঠানে পুতিন উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে সাবমেরিনটি রুশ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে পুতিন মন্তব্য করেন, ‘রাশিয়া বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের একটি, যারা এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন তৈরি করতে সক্ষম। এগুলো এমন অস্ত্র, যার বৈশ্বিক সক্ষমতা ও গুরুত্ব রয়েছে।’
আরও পড়ুন: মক্কা চুক্তির বৈঠকে ঐক্যবদ্ধ অবস্থানের গুরুত্ব তুলে ধরলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী
পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রাশিয়ার পারমাণবিক প্রতিরোধব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। পানির নিচে গোপনে দীর্ঘ সময় পরিচালনার সক্ষমতার কারণে, শত্রুপক্ষের হামলার পরও পাল্টা পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা ধরে রাখতে পারে এসব সাবমেরিন।
পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে রুশ নৌবাহিনীতে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত হবে। এর মধ্যে তিনটি হবে ‘ইয়াসেন-এম’ শ্রেণির। নতুন যুক্ত হওয়া পারম সাবমেরিনটিও একই শ্রেণির।
তিনি আরও উল্লেখ করেন, এসব সাবমেরিন ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম এবং বিশ্বের যেকোনো সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করতে পারবে। এর ফলে রাশিয়ার নৌবাহিনীর দূরপাল্লার সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
তথ্যসূত্র: এএফপি
আরও পড়ুন: হাফিজ সাঈদের সঙ্গে পাকিস্তানি অভিনেতার সেলফি নিয়ে বিতর্ক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন