ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শ্রেণি পাঠে ভরসা নেই, প্রাথমিকেই কোচিংয়ের চাপে শিশুরা


শ্রেণি পাঠে ভরসা নেই, প্রাথমিকেই কোচিংয়ের চাপে শিশুরা

শ্রেণিকক্ষে পাঠের প্রতি আস্থার অভাব, ভালো ফলের জন্য প্রতিযোগিতা এবং সামাজিক চাপের কারণে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা কোচিং ও প্রাইভেট শিক্ষকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। নিয়মিত বিদ্যালয়ে ক্লাস করার পরও অনেক শিশুকে কোচিংয়ে যেতে হচ্ছে এবং গৃহশিক্ষকের সাহায্য নিতে হচ্ছে। এর ফলে পরিবারের শিক্ষা ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং শিশুদের খেলাধুলা, বিনোদন ও স্বাভাবিক বিকাশের সুযোগ হ্রাস পাচ্ছে।

সকালে বিদ্যালয়ে যাওয়া, নির্ধারিত সময়ে ক্লাস করা এবং শিক্ষকদের কাছ থেকে পাঠ গ্রহণ করা—একজন শিক্ষার্থীর নিয়মিত শিক্ষাজীবনের অংশ। কিন্তু বিদ্যালয় থেকে ফিরে আসার পরও অনেক শিশুর পড়াশোনা শেষ হয় না। ক্লাসের পর কোচিং, সন্ধ্যায় গৃহশিক্ষক, এরপর বাড়ির কাজ ও পরীক্ষার প্রস্তুতি। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন এখন এমন ব্যস্ত রুটিনে আটকে গেছে।

মালিহা তাবাসসুম, নরসিংদীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী, ক্লাস শেষে কোচিংয়ে যায় এবং সন্ধ্যায় গৃহশিক্ষকের কাছে পড়তে হয়। তার বাবা, মাইদুল ইসলাম, আমার দেশকে জানান, বিদ্যালয়ের পড়াশোনার ওপর আস্থা তিনি পান না। আশপাশের প্রায় সব শিক্ষার্থী যখন প্রাইভেট বা কোচিং করছে, তখন নিজের সন্তানকে এসবের বাইরে রাখলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই মালিহার স্কুলে ভর্তির পর থেকেই তিনি গৃহশিক্ষক রেখেছেন।

আরও পড়ুন: আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী

মালিহার মতো অনেক শিক্ষার্থীর জন্য বিদ্যালয়ের শিক্ষা এখন আর একমাত্র ভরসা নয়। বরং শ্রেণিকক্ষের বাইরের পড়াশোনা যেন শিক্ষাজীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে।

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি), ইউনিসেফ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত ‘স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান (এসএলআইপি)’ মূল্যায়ন প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৮.১ শতাংশ শিক্ষার্থী নিয়মিত প্রাইভেট টিউশন নেয়। তাদের মধ্যে ৪৪ শতাংশ সব বিষয়ে গৃহশিক্ষকের সহায়তা নেয়। একক বিষয়ের মধ্যে গণিতে ২৭ শতাংশ, ইংরেজিতে ১৭.৯ শতাংশ এবং বাংলায় ৬.২ শতাংশ শিক্ষার্থী প্রাইভেট পড়ে।

ভালো ফলের চাপই বড় কারণ

অভিভাবকদের কোচিং ও প্রাইভেটমুখী হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো ভালো ফলের প্রত্যাশা। এসএলআইপি মূল্যায়ন প্রতিবেদনে দেখা যায়, ৩৯.৫ শতাংশ অভিভাবক সন্তানকে ভালো রেজাল্টের জন্য টিউশনে দেন। একাডেমিক দক্ষতা বাড়াতে টিউশন করান ৩৩.৮ শতাংশ। শ্রেণিকক্ষে পাঠদান পর্যাপ্ত নয় বলে মনে করেন ১৩.৩ শতাংশ অভিভাবক। আর অন্যদের দেখাদেখি বা সামাজিক প্রভাবের কারণে সন্তানকে টিউশনে দেন ৯ শতাংশ।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন আজ শেষ

অর্থাৎ, বিদ্যালয়ের পাঠদানের ঘাটতি এবং ভালো ফলের প্রতিযোগিতা উভয়ই এ নির্ভরতা বাড়াচ্ছে। অনেক অভিভাবকের কাছে প্রাইভেট টিউশন এখন সন্তানের জন্য বাড়তি সহায়তা নয়, বরং ভালো ফলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে।

চাপে হারিয়ে যাচ্ছে শৈশব

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের বাইরের পড়াশোনা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে খেলাধুলা, বিনোদন ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডের সুযোগ। বিদ্যালয়ের ক্লাসের পর কোচিং এবং গৃহশিক্ষকের পেছনে দিনের বড় অংশ ব্যয় হওয়ায় শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

উদয়ন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাছুমেরও হাউস টিউটর আছে। তার বাবা, ক্ষুদ্র ব্যবসায়ী রহমত আলী, আমার দেশকে বলেন, সামর্থ্য রয়েছে এমন প্রায় সব অভিভাবকই এখন সন্তানকে প্রাইভেট পড়াচ্ছেন। বিশেষ করে ঢাকার নামিদামি স্কুলে ভর্তির প্রস্তুতিকে কেন্দ্র করে অনেক শিশুর কোচিং শুরু হয় প্রাথমিকের প্রথম দিকে। এরপর যত ওপরে ওঠে, কোচিংনির্ভরতাও তত বাড়ে। এটি শুধু ঢাকা নয়, সারা দেশের চিত্র।

আরও পড়ুন: চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর

অভিভাবকদের অনেকেই এ ব্যবস্থাকে ইতিবাচকভাবে না দেখলেও নিজের সন্তানের পিছিয়ে যাওয়ার ভয় থেকে এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। ব্যক্তিগত পছন্দের চেয়ে সামাজিক প্রতিযোগিতাই অনেক ক্ষেত্রে অভিভাবকদের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করছে।

শিখন ঘাটতি বাড়াচ্ছে বৈষম্য

শ্রেণিকক্ষে পাঠদানের দুর্বলতার চিত্র বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মূল্যায়নেও উঠে এসেছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে পঞ্চম শ্রেণির ৫০ শতাংশ শিক্ষার্থী পড়ার ক্ষেত্রে ন্যূনতম দক্ষতার স্তর অর্জন করতে পারে না। এ পরিস্থিতিতে অনেক অভিভাবক বিদ্যালয়ের পাঠের পাশাপাশি বাড়তি পড়াশোনার ব্যবস্থা করছেন। যেসব পরিবারের আর্থিক সামর্থ্য আছে, তারা কোচিং বা গৃহশিক্ষকের সহায়তা নিতে পারছে। কিন্তু দরিদ্র পরিবারের শিশুদের পক্ষে একই সুযোগ নেওয়া কঠিন। ফলে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি করছে।

আবার শিক্ষার্থীদের এ বাড়তি পড়াশোনার আর্থিক চাপও কম নয়। এসএলআইপি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, একজন প্রাথমিক শিক্ষার্থীর শিক্ষাবাবদ পরিবারকে মাসে গড়ে অন্তত ১,৫৫০ টাকা ব্যয় করতে হয়। এর উল্লেখযোগ্য অংশ চলে যায় প্রাইভেট টিউশন ও গৃহশিক্ষকের পেছনে। বিদ্যালয়ে পড়ার পরও বাড়তি অর্থ ব্যয় করে শিক্ষা গ্রহণের এ প্রবণতা নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের ওপর চাপ তৈরি করছে।

আরও পড়ুন: রাবির পরীক্ষায় অসদুপায়: ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

অন্যদিকে, এ চাহিদাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বড় একটি কোচিং অর্থনীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ ২০২৪’ অনুযায়ী, দেশে নিবন্ধিত কোচিং সেন্টারের সংখ্যা ৬,৫৮৭টি। এর মধ্যে ৬,৩১২টি বা ৯৫.৮২ শতাংশ একাডেমিক কোচিং সেন্টার। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরির প্রস্তুতিমূলক কোচিং সেন্টার রয়েছে ২৭৫টি।

ক্লাসরুমেই শিখন নিশ্চিতের তাগিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর মনে করেন, কোচিং করানো বা প্রাইভেট পড়ানো শতভাগ নিষিদ্ধ করা উচিত। এ বিষয়ে কঠোর ঘোষণা প্রয়োজন। তবে তার মতে, সমস্যার শিকড় রয়েছে শিক্ষাক্রম ও পরীক্ষা পদ্ধতির মধ্যেও। শিক্ষাক্রমে শ্রেণি ও বিষয় অনুযায়ী শিক্ষার্থীদের অর্জনযোগ্য যোগ্যতা সুস্পষ্ট নয়। পরীক্ষার উদ্দেশ্যও শিক্ষক ও অভিভাবকদের কাছে যথাযথভাবে স্পষ্ট করা সম্ভব হয়নি।

তিনি বলেন, পরীক্ষার উদ্দেশ্য শিক্ষার্থীর শিখন অবস্থা যাচাই করা। এর মাধ্যমে তার শিখন ঘাটতি বা দুর্বলতা শনাক্ত করে তা দূর করার পদক্ষেপ নেওয়া উচিত। এ জন্য বিষয়ভিত্তিক যোগ্যতা বিবেচনায় রেখে প্রশ্নপত্র তৈরি করতে হবে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রশ্ন তৈরির সময় নির্ধারিত যোগ্যতাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। গতানুগতিক ধারায় প্রশ্ন করা হয় বলে মুখস্থনির্ভরতা বাড়ে। এ কারণে শিক্ষক বা কোচিংয়ের দেওয়া নোট শিক্ষার্থীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

আরও পড়ুন: কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের

তারিক মনজুর আরো বলেন, ধারাবাহিক বা নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর দুর্বলতা শনাক্ত করে তা পূরণের ব্যবস্থা নিতে হবে। প্রশ্নপত্র যেন সংশ্লিষ্ট বিষয়ের নির্ধারিত যোগ্যতা যাচাই করতে পারে, সে জন্য শিক্ষাক্রমেও যোগ্যতা সুনির্দিষ্ট করতে হবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আমার দেশকে বলেন, কোচিংয়ের ওপর শিক্ষার্থীদের নির্ভরশীলতার অন্যতম কারণ হলো বিদ্যালয়ে পাঠদান শেষে অনেক শিক্ষার্থীর শিখন ঘাটতি থেকে যাওয়া। এর সঙ্গে অভিভাবকদের ভালো ফলের প্রত্যাশা এবং পরীক্ষাকেন্দ্রিক প্রস্তুতির প্রবণতাও যুক্ত হয়েছে। এ সমস্যা সমাধানে প্রাথমিক শিক্ষায় কার্যকর মনিটরিং ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছি।

প্রতিমন্ত্রী বলেন, এখন শুধু শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত আছেন কি না, তা নয়; শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে কী শিখছে, বাংলা, ইংরেজি ও গণিতে তাদের দক্ষতা কতটুকু, সেটিও সরাসরি যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করে বিদ্যালয়েই অতিরিক্ত শিখন সহায়তা, শিক্ষকদের প্রশিক্ষণ ও পাঠদান পদ্ধতির উন্নয়নে কাজ চলছে।

তিনি বলেন, লক্ষ্য হলো শ্রেণিকক্ষে প্রতিটি শিক্ষার্থীর শিখন নিশ্চিত করা, যাতে কোচিং বা প্রাইভেট টিউশনের ওপর নির্ভরশীলতা কমে আসে। একটি শিশুর শেখার দায়িত্ব বিদ্যালয়ই যথাযথভাবে পালন করবে; অভিভাবককে বাড়তি অর্থ ব্যয় করে সেই ঘাটতি পূরণ করতে হবে না।

আরও পড়ুন: কুবির প্রশাসনিক ভবনে ছাত্রদলের রাজনৈতিক কার্যক্রমের অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুতিনের উদ্বোধনে রাশিয়ার নতুন পারমাণবিক সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৮ এম


পুতিনের উদ্বোধনে রাশিয়ার নতুন পারমাণবিক সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত

রাশিয়া নতুন একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাবমেরিনটির উদ্বোধন করেন। তিনি ২০৩০ সালের মধ্যে নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনার কথাও ঘোষণা করেন।

সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে নতুন সাবমেরিন ‘পারম’-এর আনুষ্ঠানিক পতাকা উত্তোলন অনুষ্ঠানে পুতিন উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে সাবমেরিনটি রুশ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে পুতিন মন্তব্য করেন, ‘রাশিয়া বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের একটি, যারা এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন তৈরি করতে সক্ষম। এগুলো এমন অস্ত্র, যার বৈশ্বিক সক্ষমতা ও গুরুত্ব রয়েছে।’

পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রাশিয়ার পারমাণবিক প্রতিরোধব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। পানির নিচে গোপনে দীর্ঘ সময় পরিচালনার সক্ষমতার কারণে, শত্রুপক্ষের হামলার পরও পাল্টা পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা ধরে রাখতে পারে এসব সাবমেরিন।

পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে রুশ নৌবাহিনীতে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত হবে। এর মধ্যে তিনটি হবে ‘ইয়াসেন-এম’ শ্রেণির। নতুন যুক্ত হওয়া পারম সাবমেরিনটিও একই শ্রেণির।

তিনি আরও উল্লেখ করেন, এসব সাবমেরিন ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম এবং বিশ্বের যেকোনো সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করতে পারবে। এর ফলে রাশিয়ার নৌবাহিনীর দূরপাল্লার সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

তথ্যসূত্র: এএফপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা চুক্তির বৈঠকে ঐক্যবদ্ধ অবস্থানের গুরুত্ব তুলে ধরলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৯ এম


মক্কা চুক্তির বৈঠকে ঐক্যবদ্ধ অবস্থানের গুরুত্ব তুলে ধরলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী

মক্কা প্রতিরক্ষা জোটের সদস্য দেশগুলোর বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান রাজনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থানের গুরুত্ব তুলে ধরেছেন।

তিনি উল্লেখ করেছেন, দেশগুলোর যৌথ উদ্যোগ নিরাপত্তা ও স্থিতিশীলতা এগিয়ে নিতে অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে খালিদ বিন সালমান জানান, মক্কা প্রতিরক্ষা জোটের অধীনে কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক রাজনৈতিক ও প্রতিরক্ষা প্রচেষ্টা জোরদারের জন্য দেশগুলোর যৌথ পদক্ষেপের গুরুত্বকে আবারও সামনে এনেছে। বৈঠকে দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান ও ভূমিকার বিষয়টিও আলোচনা করা হয়েছে।

বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা চুক্তির অগ্রগতি পর্যালোচনা করেছে। এ সময় যৌথ প্রতিরক্ষা-সংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়নের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া বৈঠকে তিন দেশ চুক্তির আওতায় সম্মিলিত প্রতিরক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার অগ্রগতিও পর্যালোচনা করে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৩৩ জনের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০০ এম


সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৩৩ জনের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত শূন্য পদগুলোর জন্য সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মন্ত্রণালয়টি মোট ৩৩ জনকে সাতটি ভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেবে। প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন।

অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের প্রক্রিয়া শুরু হবে ৩০ নভেম্বর সকাল ১০টায়। আবেদন করা যাবে ২০ ডিসেম্বর ২০২৬ বিকেল পাঁচটা পর্যন্ত।

পদভিত্তিক বিবরণ, গ্রেড, বেতন স্কেল ও যোগ্যতা (জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী)

১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৪টি।

–গ্রেড ও বেতন স্কেল: ১৩তম গ্রেড (২৪,০০০–৫৮,০০০ টাকা)।

–যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই–মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

২. কম্পিউটার অপারেটর: ২টি।

–গ্রেড ও বেতন স্কেল: ১৩তম গ্রেড (২৪,০০০–৫৮,০০০ টাকা)।

–যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

৩. ক্যাশিয়ার: ১টি।

–গ্রেড ও বেতন স্কেল: ১৪তম গ্রেড (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)।

–যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫টি।

–গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৯০০–৫২,৯০০ টাকা)।

–যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাসসহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ হতে হবে। এ ছাড়া ওয়ার্ড প্রসেসিংসহ ই–মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষের জন্য সংরক্ষিত): ১টি।

–গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৯০০–৫২,৯০০ টাকা)।

–যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাসসহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতিসহ ওয়ার্ড প্রসেসিং, ই–মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৬. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ১টি।

–গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৯০০–৫২,৯০০ টাকা)।

–যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

৭. অফিস সহায়ক: ১৯টি।

–গ্রেড ও বেতন স্কেল: ২০তম গ্রেড (২০,০০০–৪৮,৪০০ টাকা)।

–যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা

১ ডিসেম্বর ২০২৬ তারিখে সব পদের প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। তবে ১ ও ৪ নম্বর ক্রমিকের পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি

–টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে আবেদন ফরম সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

–১ থেকে ৬ নম্বর ক্রমিকের পদের জন্য আবেদন ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা (অফেরতযোগ্য)।

–৭ নম্বর ক্রমিকের (অফিস সহায়ক) জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা (অফেরতযোগ্য)।

–ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব গ্রেডের পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা নির্ধারিত রয়েছে।

আবেদনের প্রক্রিয়া ও জরুরি নির্দেশনা

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও টেলিটকের জব পোর্টালে পাওয়া যাবে।

–বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, একই দিন ও একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় একাধিক পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের নিরুৎসাহিত করা হয়েছে।

–অনলাইন আবেদন ও ফি জমাদান শুরু: ৩০ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

–অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন আজ শেষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০১ এম


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন আজ শেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন আজ শনিবার (২৮ নভেম্বর) শেষ হচ্ছে। গতকাল শুক্রবার বেলা ১২টা পর্যন্ত পাঁচটি ইউনিটে মোট ২ লাখ ৩৯ হাজার ১৫৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞান ইউনিটে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে।

অন্যদিকে আসনসংখ্যার তুলনায় আইবিএ ইউনিটে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৮৪ জনেরও বেশি শিক্ষার্থী আবেদন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে ৯৭ হাজার ২৪৫ জন আবেদন করেছেন। ফলে প্রতি আসনের জন্য ৫১ দশমিক ৪২ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ৯৭ হাজার ৫ জন আবেদন করেছেন। এখানে আসনপ্রতি আবেদন ৩৩ দশমিক ৬টি।

ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ২৯ হাজার ৩৪৫ জন আবেদন করেছেন। এই ইউনিটে আসনপ্রতি আবেদন ২৭ দশমিক ৯৪টি। আইবিএ ইউনিটে ১২০টি আসনের জন্য ১০ হাজার ১২৪ জন আবেদন করেছেন। ফলে এখানে প্রতি আসনের জন্য ৮৪ দশমিক ৩৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে ৫ হাজার ৪৩৯ জন আবেদন করেছেন, যেখানে আসনপ্রতি আবেদন ৪১ দশমিক ৮৩টি।

বিশ্ববিদ্যালয়ের সূচি অনুযায়ী, ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর শুরু হবে এবং শেষ পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও বিভাগীয় পর্যায়ের নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চারুকলা ও আইবিএ ইউনিটের পরীক্ষা শুধুমাত্র ঢাকা শহরে নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় পাঁচটি ইউনিট রয়েছে—বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং চারুকলা। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) জন্য পৃথক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%