০৭:২৫ পি.এম
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী এলাকার কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে (সিডিও) প্রদান করা মূলধন ফেরত পেতে প্রয়াত পরিচালক আমিনুর রহমানের স্বজনদের (ওয়ারিশদের) বিরুদ্ধে লিগ্যাল নোটিশ জারি করা হয়েছে। ঢাকার বাড্ডার আফতাবনগর সেক্টর-১ এর ডিএফএল লেক ভিউ কটেজের বাসিন্দা আসমা জাহান শিবলীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহতাদিয়ুর রহমান গত ৯ নভেম্বর এই নোটিশ পাঠান। প্রয়াত এনজিও নির্বাহী পরিচালক আমিনুর রহমানের ভাই সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের জাহিদ ওরফে বিদ্যুৎ, মো. মাসুদ এবং বোন জাহানারা বেগমের নামে এই নোটিশটি জারি করা হয়েছে। ১৫ দিনের মধ্যে প্রাপ্য ৪ লাখ ৬০ হাজার টাকা ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় মূলধন দাতা আদালতের দ্বারস্থ হবেন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে যে, সিডিও এর নির্বাহী পরিচালক আমিনুর রহমান ২০২৫ সালের ১০ এপ্রিল প্রয়াত হন। ভুক্তভোগী আসমা জাহান শিবলী আমিনুরের পূর্ব পরিচিত। সেই পরিচয়ের সূত্রে আমিনুর রহমান আসমার কাছ থেকে ৬০ হাজার টাকা লভ্যাংশ প্রদানের অঙ্গীকার করে ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই দফায় ৪ লাখ টাকা গ্রহণ করেন এবং চুক্তিস্বাক্ষর করেন। এ অবস্থায় ২০২৫ সালের ১০ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তখন তার ছোট ভাইয়েরা বড় ভাইয়ের উত্তরাধিকার হিসেবে মূলধন দাতা আসমার দেওয়া অর্থ পরিশোধ করবেন বলে মৌখিক অঙ্গীকার করেন। কিন্তু সেই অঙ্গীকার রক্ষা করেননি আমিনুরের উত্তরাধিকারীরা। বরং আমিনুরের ভাইয়েরা আসমার সঙ্গে দূরত্ব তৈরি করতে থাকেন। এই পরিস্থিতিতে আসমা আইনি নোটিশ প্রদান করেন।
গত শনিবার (২১ নভেম্বর) সকালে বহুলী বাজারে গিয়ে দেখা যায়, সেখানে কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (সিডিও) কোন অফিস নেই। স্থানীয় ব্যবসায়ী জহুরুল ইসলাম কালের কণ্ঠকে জানান, বাজারের একটি ঘর ভাড়া নিয়ে সেখানে এনজিওটির কার্যক্রম পরিচালনা করা হতো। এনজিও কর্মীরা টাকার বিনিময়ে গ্রাহকদের কাছে পণ্য সামগ্রী কিস্তিতে বিক্রি করতেন। তবে মাঝে মাঝে সদস্য ও এনজিও কর্মকর্তা জাহিদ ওরফে বিদ্যুতের মধ্যে ঝগড়া হতো। একপর্যায়ে তারা এখান থেকে এনজিও’র অফিসটি গুটিয়ে নেন। এরপর জাহিদ ওরফে বিদ্যুতের গ্রামের বাড়ি বাগডুমুর এলাকায় গেলে তাদের কারও দেখা মিলেনি। তবে স্থানীয় মুরুব্বী ইসমাইল হোসেন বলেন, প্রয়াত আমিনুর ইসলামের ছোট ভাই জাহিদ ওরফে বিদ্যুৎ ও মাসুদ এলাকায় থাকেন না। মাঝে মাঝে বাড়িতে আসেন। আমরা তাদের সম্পর্কে তেমন কিছু জানি না।
আরও পড়ুন: চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী মামলায় তাঁতী লীগ নেতা গ্রেফতার
এ বিষয়ে মোবাইলে যোগাযোগ করা হলে জাহিদ ওরফে বিদ্যুৎ জানান, তিনি সিরাজগঞ্জ শহরের বাইরে আছেন। সন্ধ্যার পর সাক্ষাৎ করতে পারবেন।
লিগ্যাল নোটিশ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, "টাকা নিয়েছে আমার ভাই। সে মারা গেছে। আর আমাদের নামে লিগ্যাল নোটিশ করা হয়েছে। তাতে লাভ কি, আমরা কি টাকা নিয়েছি, নাকি আমাদের জানিয়ে টাকা দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের কি করার আছে?"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন