০৯:৩৩ পি.এম
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাহরাইনে ছয় দেশের অংশগ্রহণে একটি বৃহৎ সামরিক মহড়া শুরু হয়েছে। এই মহড়া আগামী তিন দিন ধরে চলবে। যুদ্ধের প্রস্তুতি জোরদার করতেই দেশগুলো এই মহড়ার আয়োজন করেছে, এমনটাই ধারণা বিশ্লেষকদের।
সংবাদমাধ্যমের প্রতিবেদনের উল্লেখ অনুযায়ী, বাহরাইন প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে, গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশগুলোর সশস্ত্র বাহিনী এই মহড়ায় অংশ নিচ্ছে। ইতোমধ্যেই মহড়াটি শুরু হয়ে গেছে।
দেশটির চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল-নুয়াইমি বলেন, ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ‘বাহরাইন শিল্ড’ মহড়ার প্রধান লক্ষ্য হচ্ছে যুদ্ধের প্রস্তুতি বৃদ্ধি করা, অভিযানের উন্নত কৌশল আয়ত্ত করা এবং উপসাগরীয় দেশগুলোর সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করা।
আরও পড়ুন: কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাত গ্রেফতার
তিনি উল্লেখ করেন, জিসিসি সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি শক্তিশালী যৌথ উপসাগরীয় সামরিক বাহিনীর সক্ষমতার প্রতিফলন।
তিনি আরও জানান, এই মহড়া সামরিক সংহতির জন্য একটি শক্তিশালী কৌশলগত ভিত্তি তৈরি করবে এবং যেকোনও আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার সক্ষমতাকে আরও সুসংহত করবে।
আল-নুয়াইমি আরও বলেন, এই অঞ্চলের সাম্প্রতিক সহিংসতা যৌথ প্রতিরক্ষার প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে। অঞ্চলজুড়ে হওয়া সাম্প্রতিক হামলাগুলো যৌথ সামরিক প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা পরিষ্কার করে তুলেছে।
এর আগে, বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, এ মহড়ার মূল লক্ষ্য হচ্ছে উপসাগরীয় অঞ্চলের যৌথ সামরিক সহযোগিতা জোরদার করা, বিশেষজ্ঞ জ্ঞান বিনিময় করা এবং যৌথ সামরিক ব্যবস্থাগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে বিএনপির বিশাল মোটরসাইকেল শোডাউন, নৈরাজ্য প্রতিহতের হুঁশিয়ারি
উল্লেখ্য, জিসিসির সদস্য দেশ ছয়টি হলো বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান এবং কাতার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন