১০:৪৬ এম
কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলীপুর এলাকার একটি চর দখলকে কেন্দ্র করে পার্শ্ববর্তী তিতাস উপজেলার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার টেঁটা-বল্লম নিয়ে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ২৮ জনকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত দুজনকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এ তথ্য জানিয়েছেন মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরে চরের মালিকানা ও দখল নিয়ে মেঘনা উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দাদের এবং তিতাস উপজেলার নতুন বাটেরা ও দুধঘাটা এলাকার বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ বাটেয়ারা মৌজার ১৪ দশমিক ৭৫ একর জমি ১৯৮৯-৯০ সালে ২৩টি দলিলের মাধ্যমে আলীপুর গ্রামের বাসিন্দারা জেলা প্রশাসনের কাছ থেকে ইজারা নিয়েছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে নাশকতার অভিযোগে সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তার
অন্যদিকে নতুন বাটেরা ও দুধঘাটা এলাকার বাসিন্দারা দাবি করে আসছেন যে, তারা ১৯৯৯-২০০০ সালে একই এলাকার ১০ দশমিক ১৪ একর জমি ইজারা নিয়েছিলেন। এই বিরোধের সূত্র ধরেই সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তিতাস থানার সঙ্গে সমন্বয় করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আক্তার জানান, সংশ্লিষ্ট জমির কাগজপত্র ও রেকর্ড যাচাই-বাছাই করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন