০২:১৬ এম
শিক্ষকতার পাশাপাশি কৃষিভিত্তিক উদ্যোগ ও আত্মকর্মসংস্থানে অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে নেত্রকোণার মদন উপজেলায় ‘জাতীয় যুব দিবস-২০২৬’-এ শ্রেষ্ঠ সফল যুব উদ্যোক্তা হিসেবে তরুণ আলেম মো. আমিনুল ইসলাম সম্মাননা লাভ করেছেন।
রোববার সকালে মদন উপজেলা পরিষদ হলরুমে জাতীয় যুব দিবস উদযাপনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে এবারের দিবসটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য মো. লুৎফুজ্জামান বাবর। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উদ্যোক্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করেছে সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
উদ্যোক্তা হয়ে ওঠার নেপথ্য
পুরস্কারপ্রাপ্ত মো. আমিনুল ইসলাম পেশাগত জীবনে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে অবস্থিত দারুল আজহার মডেল মাদ্রাসার সিনিয়র শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি কৃষিনির্ভর কর্মমুখী উদ্যোগে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে তিনি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত ‘নাজাহ্ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই খামারটি ইতোমধ্যে মদন অঞ্চলে বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের একটি অনুকরণীয় মডেলে পরিণত হয়েছে।
তরুণ এই আলেমের উদ্যোক্তা হয়ে ওঠার বিষয়ে মদন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান, একজন আলেম হয়েও কৃষি উদ্যোগে তার সাহসী ও উদ্ভাবনী পদক্ষেপ এবং শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ বছর শ্রেষ্ঠ সফল যুব উদ্যোক্তা হিসেবে নির্বাচন করা হয়েছে। তার এ সাফল্য অন্য যুবকদেরও অনুপ্রাণিত করবে।
সম্মাননা প্রাপ্তির পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. আমিনুল ইসলাম বলেন, "এই সম্মাননা কেবল আমার একার নয়, এটি মদনের সব পরিশ্রমী ও উদ্যমী যুবকের। আলেম সমাজও যে কর্মমুখী উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় জোরালো ভূমিকা রাখতে সক্ষম, আমি সেটিই প্রমাণ করতে চেয়েছি।
আরও পড়ুন: ১৫৭ বছরেও কুমারখালীতে ডাম্পিং স্টেশন গড়ে ওঠেনি, বর্জ্যের স্তূপে ভোগান্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন