০৮:২৬ পি.এম
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে নৌপথ, পূজামণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলের নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে নৌ পুলিশ। রবিবার (৪ অক্টোবর) এ বিষয়ে রাজধানীতে নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে একটি বিশেষ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পূজামণ্ডপ, নদীপথ ও খেয়াঘাটের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করা হয়। একই সঙ্গে প্রতিমা বিসর্জনের সময় শৃঙ্খলা রক্ষা এবং নৌপথে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নৌ পুলিশের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
রেজাউল করিম বলেন, "বাঙালির ঐতিহ্যবাহী উৎসব দুর্গাপূজা যাতে সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীরা নদীপথে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে নৌ পুলিশ সার্বক্ষণিক তৎপর থাকবে।"
আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারে ব্যবস্থা নেবে ডিএমপি
তিনি প্রতিমা বিসর্জনের সময় অতিরিক্ত ভিড় এড়ানো, নির্ধারিত সময়ের মধ্যে বিসর্জন সম্পন্ন করা এবং নৌযানে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন না করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পাশাপাশি নৌযানে লাইফ জ্যাকেট ও প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
সভায় নৌপথের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পেট্রোলিং জোরদার এবং কন্ট্রোল রুমের মাধ্যমে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পূজামণ্ডপ, প্রতিমা বিসর্জনস্থল ও গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নৌ পুলিশের পক্ষ থেকে নেওয়া সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তামূলক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা। একই সঙ্গে নৌ পুলিশের দেওয়া নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আশ্বাস দেন তারা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের নতুন অধ্যায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন