০১:৫০ এম
জাতীয় সংসদের হুইপ জি কে গউছ মন্তব্য করেছেন, ‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ এটি কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়। দেশপ্রেম হলো ইমানের অঙ্গ। প্রত্যেক মানুষই তার নিজ দেশকে ভালোবাসে। আমরা একটি দেশেই বাস করি। নিজের শোয়ার কক্ষকে যতটা নিরাপদ মনে করি, দেশকেও ততটাই নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে। যদি আমরা পরিবার এবং সমাজকে ভালো রাখতে চাই, তাহলে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
হবিগঞ্জে অনুষ্ঠিত জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির শেষে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সমবায় মেলার উদ্বোধন করা হয়।
আরও পড়ুন: কারিগরি শিক্ষার মান বৃদ্ধি ও প্রসারে গুরুত্বারোপ রাষ্ট্রপতির
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।’ এই স্লোগান একজন রাষ্ট্রনায়কের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। তবুও তিনি দেশপ্রেমকে আলিঙ্গন করেছেন এবং ধারণ করেছেন। এজন্যই তিনি সত্য কথাগুলো অবলীলায় বলে যাচ্ছেন। এটি আমাদের সমাজের জন্য একটি অনুপ্রেরণা। আমরা দেশকে ভালোবাসব। রাজনীতি থাকবে। ভিন্ন মত, ভিন্ন পথ—আমরা একসঙ্গে চলব। এটিই গণতন্ত্রের সৌন্দর্য। মাঝে মাঝে কিছু দুষ্ট লোক দুষ্টুমি করবে। কিন্তু জনগণ ঠিকই আবার বুঝতে পারবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখনই কেউ সীমালঙ্ঘন করেছে, তখনই মানুষ সম্মিলিতভাবে তাদের প্রতিহত করেছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
সমবায়ী সজীব চন্দ্র গোপের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, সমবায়ী অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, মো. নূর ইসলাম, মো. খেলু মিয়াসহ অনেকে।
এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল ‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’।
আরও পড়ুন: হরিরামপুরে আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন