০৬:১৬ পি.এম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে একটি কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি স্পষ্টভাবে মন্তব্য করেছেন, ‘আপনি যা ইচ্ছে করুন, আমরা পিছু হটব না।’
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে চলমান বিক্ষোভ এবং বিরোধী নেতাদের আটক করার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন।
রাহুল গান্ধী উল্লেখ করেছেন, নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে তিনি এক দশকেরও বেশি সময় ধরে লড়াই করে আসছেন। তিনি তাদের কার্যক্রম সম্পর্কে গভীর ধারণা থাকার দাবি করেছেন।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪ জন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসের প্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সমালোচনা করে রাহুল বলেন, ‘তাদের জন্য রাজনৈতিক পরিসর ক্রমেই সংকুচিত হচ্ছে।’
এসময় চলমান বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকার চাইলে ১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার পুলিশ মোতায়েন করতে পারে। সব নেতা ও তরুণকে আটক করলেও তারা পিছু হটবেন না।’
রাহুল গান্ধী আরও বলেন, ‘মোদি, আপনি যা ইচ্ছে করুন। সব নেতাকে আটক করুন, তরুণদের আটক করুন, আমাদের সবাইকে আটক করুন। আমরা আপনাদের ঘিরে ফেলছি, আর পিছু হটব না।’
ভারতের সংবিধান রক্ষা এবং জনগণের কণ্ঠস্বর সুরক্ষিত রাখার অঙ্গীকার করে তিনি বলেন, ‘গত ১০ থেকে ১৫ বছরে ভারতের সঙ্গে যা ঘটেছে, তা আর কখনো ঘটতে দেওয়া হবে না।’
আরও পড়ুন: গণহত্যার ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের পুনর্বাসনে আইসিজে’র রায় মানতে হবে: ইইউ
ভারতের তরুণদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে রাহুল বলেন, ‘তোমাদের নিয়ে আমি গর্বিত। প্রতিবাদ চালিয়ে যাও। আমরা তোমাদের পাশে আছি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন