ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ট্রাম্প প্রশাসনের নতুন মাথা ব্যথা বাণিজ্যমন্ত্রী লুটনিকের বিরুদ্ধে এনভিডিয়া কেলেঙ্কারি


ট্রাম্প প্রশাসনের নতুন মাথা ব্যথা বাণিজ্যমন্ত্রী লুটনিকের বিরুদ্ধে এনভিডিয়া কেলেঙ্কারি

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনের ওপর প্রথম আঘাতটি ঘরের ভেতর থেকেই এসেছে। রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব এনেছিলেন। তবে সংখ্যাগরিষ্ঠতার জোরে ট্রাম্প প্রশাসন এই পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছে।

কিন্তু আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর বিষয়টি সহজ হবে না। সাম্প্রতিক ঘটনাবলীর ধারাবাহিকতা নির্দেশ করছে যে, যখন ডেমোক্র্যাটরা প্রশাসনের বিভিন্ন বিতর্ক খতিয়ে দেখার ক্ষমতা পাবেন, তখন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক প্রশাসনের জন্য একটি বড় বোঝা হয়ে উঠতে পারেন।

গত বছরের শুরু থেকে লুটনিকের বিরুদ্ধে বিতর্কের অভাব দেখা যায়নি। বিশেষ করে গত সপ্তাহের এনভিডিয়া কেলেঙ্কারির কারণে তাঁর ওপর অভ্যন্তরীণ নজরদারি একটি গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছেছে। তবে জানুয়ারির জন্য অপেক্ষা করতে হবে না। এনভিডিয়া বিতর্ক ট্রাম্প প্রশাসনে গৃহবিবাদের সূচনা করেছে। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট লুটনিকের মন্ত্রণালয়কে দায়ী করেছেন যে, তারা চীনকে এনভিডিয়ার কাঙ্ক্ষিত এআই চিপ থেকে আটকাতে ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন: জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার নিয়ন্ত্রণ এখন কন্যার হাতে

শুক্রবার এক টিভি সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘ক্ষমতা বা কলমটি বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে। তাদের অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পর্কে আপনাদের তাদেরই জিজ্ঞাসা করতে হবে।’ এটি প্রশাসনের নিজস্ব বিশৃঙ্খল মানদণ্ডের বিচারেও অভ্যন্তরীণ কোন্দলের একটি নজিরবিহীন প্রদর্শনী।

দুই মন্ত্রীর এই বিরোধে ট্রাম্প সরাসরি কোনো পক্ষ নেননি। তাঁর অবস্থান কৌশলী, ‘লুটনিক এবং বেসেন্টের দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। একটি দৃষ্টিভঙ্গি হলো, আপনি চীনকে অপমান করতে চান না। চীনের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে এবং আপনি তাদের অপমান করতে চান না। অন্য দৃষ্টিভঙ্গিটি হলো, সরাসরি কঠোর অবস্থানে গিয়ে যা করার দরকার তা-ই করা। এর কোনোটিকেই ভুল বা সঠিক বলা যায় না, আমরা আপনাদের জানিয়ে দেব।’

ট্রাম্পের কিছু উপদেষ্টা লুটনিককে বরখাস্ত করা উচিত কি না তা নিয়ে আলোচনা শুরু করলেও, সোমবার লুটনিককে সঙ্গে নিয়ে এশিয়া সফরে যাওয়ার পথে প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান যে তিনি তার বাণিজ্যমন্ত্রীকে সরানোর কথা ভাবছেন না।

এনভিডিয়ার এই ঘটনা লুটনিকের জন্য প্রশাসনের সমস্যা তৈরির প্রথম নজির নয়। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের শুরুতে কোটিপতি লুটনিক প্রবীণ নাগরিকদের সোশ্যাল সিকিউরিটি চেক না পাওয়ার বিষয়টিকে হালকাভাবে নিয়ে বলেছিলেন যে কেবল ‘প্রতারকরাই’ এ নিয়ে অভিযোগ করবে।

আরও পড়ুন: রাশিয়ার কেমেরোভোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৭

লুটনিক বলেছিলেন, ‘আমার শাশুড়ির বয়স ৯৪ বছর, তিনি ফোন করে অভিযোগ করবেন না।’ কোটিপতিদের নিয়ে গঠিত এই প্রশাসনের পক্ষ থেকে এটি ছিল প্রথম দিকের অদ্ভুত এবং বাস্তবতাবিবর্জিত মন্তব্যগুলোর একটি, যারা সাধারণ আমেরিকানদের অর্থনৈতিক কষ্ট অনুভব করতে ব্যর্থ হয়েছে।

এর আগে ২০২৫ সালের মার্চে লুটনিক আরও ঘোষণা করেছিলেন যে ট্রাম্পের নীতিগুলো যদি অর্থনৈতিক মন্দার দিকে নিয়ে যায়, তবুও তা যথার্থ হবে। ওই একই মাসে লুটনিক ফক্স নিউজে গিয়ে মানুষকে টেসলার শেয়ার কেনার জন্য উৎসাহিত করেছিলেন। তখন টেসলার সিইও ইলন মাস্ক প্রশাসনের 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি' পরিচালনার দায়িত্বে ছিলেন। বিষয়টি সরকারি স্বার্থের সংঘাত সংক্রান্ত নিয়মের লঙ্ঘন বলে মনে হয়েছিল।

২০২৫ সালে লুটনিকের মন্তব্যগুলোর আরেকটি মূল সুর ছিল তাঁর নিয়মিত ভবিষ্যদ্বাণী করতেন। যেখানে তিনি বলতেন কয়েক মাসের মধ্যেই, বিশেষ করে ওই বছরের শেষ দিকে বা ২০২৬ সালের শুরুতে অর্থনীতি দুর্দান্ত অবস্থায় পৌঁছে যাবে। সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আর তার এই ফাঁকা বুলি ব্যর্থ অর্থনৈতিক প্রতিশ্রুতির প্রতীক হয়ে দাঁড়িয়েছিল, যা ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভুগিয়েছে।

২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রশাসনের এপস্টেইন সংক্রান্ত সমস্যা শুরু হওয়ার পর লুটনিকের বেফাঁস কথাবার্তাও বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছিল। এর সবচেয়ে বড় উদাহরণ হলো দণ্ডিত যৌন অপরাধী প্রয়াত জেফরি এপস্টেইনের সাথে নিজের সম্পর্কের কথা মিথ্যাভাবে অস্বীকার করা।

আরও পড়ুন: ইসরায়েল বিরোধীদের টার্গেট করা ‘হাবিবি ইউকে’-এর পরিচালকের পরিচয় ফাঁস

অক্টোবরে নিউ ইয়র্ক পোস্টের এক পডকাস্ট সাক্ষাৎকারে লুটনিক বলেছিলেন, ২০০৫ সালে এপস্টেইনের বাড়িতে এক অস্বস্তিকর অভিজ্ঞতার পর তিনি শপথ করেছিলেন যে ‘সেই জঘন্য ব্যক্তির সাথে আর কখনোই এক ঘরে থাকবেন না’। লুটনিক দাবি করেছিলেন, এরপর থেকে তিনি ‘সামাজিক, ব্যবসায়িক বা এমনকি জনহিতকর কোনো কাজেই তার (এপস্টেইন) সাথে এক ঘরে ছিলেন না’।

কিন্তু দেখা গেল তিনি তা ছিলেন। এপস্টেইন নথিপত্রে দেখা গেছে, ২০১২ সালে ক্যারিবীয় দ্বীপে কলঙ্কিত এই অর্থলগ্নিকারীর সাথে লুটনিক একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন। এমনকি ২০১৫ সালে লুটনিক হিলারি ক্লিনটনের তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে এপস্টেইনকে আমন্ত্রণ জানানোর চেষ্টাও করেছিলেন।

নিউ ইয়র্ক পোস্টের ওই একই সাক্ষাৎকারে লুটনিক আরও বলেছিলেন যে এপস্টেইন মানুষকে ম্যাসাজ করিয়ে তার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতেন। তিনি এমনকি এপস্টেইনকে ‘সর্বকালের সেরা ব্ল্যাকমেইলার’ বলেও অভিহিত করেছিলেন। লুটনিক পরে সাক্ষ্য দিয়েছিলেন যে তার এই বক্তব্য ছিল নিছকই একটি পডকাস্টের জন্য অনুমাননির্ভর কথা, এপস্টেইনের কর্মকাণ্ড সম্পর্কে কোনো প্রকৃত জ্ঞান থেকে নয়।

কিন্তু ট্রাম্প প্রশাসন যখন তাদের সমর্থকদের এপস্টেইন সংক্রান্ত ষড়যন্ত্র তত্ত্ব থেকে সরিয়ে আনার চেষ্টা করছিল, তখন এটি তাদের জন্য চরম সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। রিপাবলিকান সিনেটর জন কেনেডি এমনকি পরামর্শ দিয়েছিলেন যে লুটনিকের এই দাবিগুলো নিয়ে এফবিআই-এর তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।

আরও পড়ুন: চীন ও এআই চিপ নীতিতে বেসেন্ট-লুটনিক দ্বন্দ্বে উত্তপ্ত হোয়াইট হাউজ

সে সময় হোয়াইট হাউস লুটনিকের ওপর আস্থা প্রকাশ করেছিল। তবে সম্ভবত নিজের প্রকাশ্য মন্তব্যগুলো প্রায়ই উল্টো ফল বয়ে আনছে বুঝতে পেরে লুটনিক ২০২৬ সালে জনসমক্ষে নিজেকে কিছুটা আড়ালে রেখেছিলেন। কিন্তু এখন আবারও তাঁর ওপর নজরদারির আতশকাচ পড়েছে।

সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বেসেন্ট বলেছেন, ট্রাম্প প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ পক্ষ—যার মধ্যে অর্থ, পররাষ্ট্র ও প্রতিরক্ষা দপ্তর এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি অন্তর্ভুক্ত—এনভিডিয়ার গ্রাহক মেগাস্পিডকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করতে এবং প্রতিষ্ঠানটিতে রপ্তানি বন্ধ করতে চেয়েছিল। কারণ উদ্বেগ ছিল যে মেগাস্পিড মার্কিন আইন এড়িয়ে উন্নত চিপ চীনে পাচার করেছে।

স্কট বেসেন্ট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যখন অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন যে চীন একটি নির্দিষ্ট প্রযুক্তিগত মানের ওপরের কোনো এনভিডিয়া চিপ পাবে না, তখন এমন ঘটনায় আমি হতাশ।’ তবে বেসেন্ট সম্ভবত দৃষ্টিভঙ্গির পার্থক্যের চেয়েও গুরুতর কিছুর দিকে ইঙ্গিত করছিলেন, তা হলো মন্ত্রিসভার একজন সদস্য এমন একটি কম্পানিতে উন্নত চিপ যেতে দিচ্ছেন, যারা হয়তো তা এমন এক প্রতিপক্ষের কাছে পাঠাচ্ছে যাদের তা পাওয়ার কথা নয়।

অর্থমন্ত্রী বলেন, ‘এটি এআই দৌড়ে আমাদের মহান কম্পানিগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং চীনাদের সুবিধা দেয়।’

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় ৬ বছর বয়সী শিশুসহ নিহত ৬ ফিলিস্তিনি

সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিড-এর নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সাথেই এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পরকীয়া নিয়েই এখন তোলপাড় সারাবিশ্বে।

বাণিজ্য মন্ত্রণালয় অবশ্য সোমবার ঘোষণা করেছে যে চীন যাতে চিপগুলো না পায়, সে জন্য রপ্তানি বিধিনিষেধ কঠোর করতে তারা ভিন্ন একটি পদক্ষেপ নিয়েছে। তবে মেগাস্পিডের বিরুদ্ধে ওই পদক্ষেপ নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনীহা চীনের সাথে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলোর কাছে চিপ বিক্রির নিয়ম শিথিল রাখার পক্ষে লুটনিকের সাধারণ অবস্থানের সাথে মিলে যায়।

ভয়টা সেখানেই। ডেমোক্র্যাটরা শিগগিরই লুটনিকের মতো ব্যক্তিদের তলব করার এবং তার মন্ত্রণালয়ের সাথে জড়িত এই বা অন্য যেকোনো বিতর্ক খতিয়ে দেখার ক্ষমতা পেতে যাচ্ছে। এবার মনে হয় না লুটনিক স্রেফ পর্দার আড়ালে গিয়ে পার পাবেন।

সূত্র: সিএনএন

আরও পড়ুন: পরবর্তী দফার সংঘাতের জন্য ইরানকে যেভাবে প্রস্তুত করছে রাশিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম ওয়াসার অভিযানে ২ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, ৩ লাখ টাকা বকেয়া আদায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


চট্টগ্রাম ওয়াসার অভিযানে ২ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, ৩ লাখ টাকা বকেয়া আদায়

চট্টগ্রাম, ১৭ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম ওয়াসা অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ, বকেয়া রাজস্ব আদায় এবং অনুমোদনবিহীন ডিপটিউবওয়েলের লাইসেন্স করার উদ্দেশ্যে একটি ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনা করেছে। এ অভিযানে ২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়, ৩ লাখ টাকা বকেয়া আদায় করা হয় এবং ৪টি গভীর নলকূপকে লাইসেন্সের আওতায় আনার প্রক্রিয়া সম্পন্ন হয়।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরীর গোলপাহাড় মোড় এলাকায় ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমন দে এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, গোলপাহাড় মোড় এলাকায় বকেয়া গ্রাহকের ২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই ২টি সংযোগের বিপরীতে বকেয়ার পরিমাণ ১০ লক্ষ টাকা। এ ছাড়া, উক্ত এলাকায় ৪টি গভীর নলকূপকে লাইসেন্সের আওতায় আনার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মোবাইল কোর্টে মোট ৩ লক্ষ টাকা বকেয়া আদায় করা হয়।

তিনি আরও জানান, চট্টগ্রাম ওয়াসা সম্প্রতি বকেয়া আদায়ে জোর তৎপরতা শুরু করেছে। অবৈধ গভীর নলকূপ স্থাপনকারীদের বিরুদ্ধে ওয়াসা আইনী পদক্ষেপ গ্রহণ করছে। সর্বোপরি, সরকারের রাজস্ব আদায়ে চট্টগ্রাম ওয়াসা বদ্ধপরিকর। তিনি সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বকেয়া পরিশোধ ও গভীর নলকূপগুলোর লাইসেন্স করার জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য, চট্টগ্রাম ওয়াসা বকেয়া আদায়ে জনগণকে উদ্ভুদ্ধ করার লক্ষ্যে জুলাই মাস থেকে মহানগরীর প্রতিটি ওয়ার্ডে মাইকিং ও লিফলেট বিতরণ করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনজীবী রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে বুধবার সারাদেশে কর্মসূচি ঘোষণা বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


আইনজীবী রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে বুধবার সারাদেশে কর্মসূচি ঘোষণা বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর সন্ত্রাসী হামলা ও পৈশাচিক নির্যাতনের ঘটনায় সংগঠনটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আগামী ১৮ নভেম্বর বুধবার দেশব্যাপী সকল বারে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে এই নৃশংস হামলার বিরুদ্ধে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর আইনজীবী সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি জসিম উদ্দিন সরকার এবং সেক্রেটারি জেনারেল মতিউর রহমান আকন্দ এই নিন্দা ও প্রতিবাদ জানান। তারা ঘোষিত কর্মসূচির বিষয়টি তুলে ধরেন।

বিবৃতিতে নেতারা উল্লেখ করেন, গত সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট থেকে বাসায় ফেরার সময় আজিমপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসী নয়নের নেতৃত্বে একদল দুর্বৃত্ত অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর গাড়ির গতিরোধ করে। এরপর তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিজেদের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে তার ওপর অমানবিক ও পৈশাচিক নির্যাতন চালানো হয়। লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে তার হাত ও পা ভেঙে দেওয়া হয়।

নেতারা আরও বলেন, নির্যাতনের সময় বারবার নিজেকে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা তার ওপর নির্যাতন অব্যাহত রাখে। একপর্যায়ে দীর্ঘ নির্যাতনের পর গুরুতর আহত ও বিপর্যস্ত অবস্থায় তিনি কোনোভাবে হামলাকারীদের কবল থেকে মুক্তি পান। পরে রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়। হামলায় তার ডান হাত ও পা মারাত্মকভাবে জখম হয়েছে।

বিবৃতিতে আইনজীবী নেতারা বলেন, একজন আইনজীবীকে এভাবে অপহরণ করে আটকে রেখে লোহার রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনা শুধুমাত্র একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি আইনজীবী সমাজের মর্যাদা, আইনের শাসন, নাগরিক নিরাপত্তা ও মৌলিক মানবাধিকারের ওপর সরাসরি আঘাত। এ ধরনের বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না।

তারা এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী নয়নসহ সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে এ ঘটনায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর সম্পৃক্ততার যে অভিযোগ উঠেছে, তারও সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আইনজীবী নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ওপর সন্ত্রাসী হামলার বিচার করা সরকারের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। সরকার যদি এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়, তাহলে আইনজীবী সমাজ অন্যায়, সন্ত্রাস ও মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।

তারা আরও বলেন, আইন ও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধ্বংস করে কোনো সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। স্বৈরাচারী আচরণ অব্যাহত থাকলে জনগণের প্রতিরোধের মুখে সরকারকেও একদিন ক্ষমতা ছাড়তে বাধ্য হতে হবে।

বিবৃতিতে আইনজীবী নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, আহত আইনজীবীর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি আগামী ১৮ নভেম্বর ঘোষিত প্রতিবাদ কর্মসূচি সফল করতে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সর্বস্তরের জনশক্তি এবং দেশের সব বারের সাধারণ আইনজীবীদের প্রতি আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দ্বিপক্ষীয় সফরের উদ্দেশ্যে শ্রীলঙ্কা গেছেন। তিনি মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে দেশটির বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

শ্রীলঙ্কায় পৌঁছানোর পর তাকে স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার ডিএম সালাহউদ্দিন মাহমুদ এবং দেশটির পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভারুনি মুতুকুমারানা।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আগামী ১৯ নভেম্বর শ্রীলঙ্কা ত্যাগ করার পরিকল্পনা করেছেন।

দুই দিনের এই সফরে তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি, দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও বহুমুখী সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। এ ছাড়া, শ্রীলঙ্কার ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে তার।

এই সফরের অংশ হিসেবে, বাংলাদেশ-শ্রীলঙ্কা সমন্বিত সহযোগিতার জন্য যৌথ পরামর্শক কমিশন প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুইপ দুলু: বর্তমান সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


হুইপ দুলু: বর্তমান সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন, বর্তমান সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। তিনি বলেন, সরকার আলেম-ওলামাদের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে।

হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আলেম-ওলামাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে। তিনি বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর আক্রমণের নিন্দা করেছেন।

আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে হুইপ দুলু বলেন, কাজী সাহেবরা মুসলিম নর-নারীর নিকাহর মতো একটি পবিত্র কাজ সম্পন্ন করেন।

তিনি আরও বলেন, ঐতিহাসিকভাবে বিভিন্ন রাজা-বাদশা ও রাষ্ট্রপ্রধানরা কাজী সাহেবদের মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন।

হুইপ দুলু উল্লেখ করেন, বিগত সময়ে আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে অসম্মানিত করা হয়েছে। তিনি বলেন, মিথ্যা কখনো স্থায়ী হয় না, সত্য চিরকাল সত্যই থাকে।

তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আলেম-ওলামাদের প্রতি সম্মান প্রদর্শনের কথা উল্লেখ করেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও তাদের যথেষ্ট সম্মান করেন বলে জানান। তিনি নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রের জন্য চূড়ান্ত বিধিমালা সুরক্ষার দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে সেটির ব্যবস্থা করবেন বলে জানান।

এই সমাবেশে সমিতির সভাপতি, মহাসচিবসহ বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন সদস্য ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%