০৩:৩১ পি.এম
কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তানিয়া জাহান (২০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, পরীক্ষার ফলাফল প্রকাশের পর মানসিকভাবে ভেঙে পড়ে তানিয়া আত্মহত্যা করেছেন।
সোমবার (১০ আগস্ট) রাত ১১টার পর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
তানিয়া প্রবাসী আক্তারুল হকের মেয়ে। বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে অংশ নিয়েছিলেন। ফলাফল প্রকাশের পর তিনি দুই বিষয়ে অকৃতকার্য হন।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রাঙ্গাবালীতে ছাত্রদল-যুবদলের আনন্দ মিছিল
তানিয়ার মা কবিতা খাতুন জানান, সোমবার সন্ধ্যায় তিনি দুই মেয়েকে নিয়ে বাড়িতে ছিলেন। রান্না শেষে স্বামীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় তানিয়া তার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছোট বোন সাদিয়াকে পড়াচ্ছিলেন। পরে সাদিয়া ঘুমিয়ে পড়লে তানিয়া নিজের কক্ষে চলে যান এবং দরজা বন্ধ করে দেন।
রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর বিদ্যুৎ ফিরে এলে তানিয়াকে খাবার খাওয়ার জন্য ডাকেন পরিবারের সদস্যরা। কিন্তু কোনো সাড়া না পেয়ে কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান তারা। পরে স্থানীয় চিকিৎসক এসে তার মৃত্যু নিশ্চিত করেন।
বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তানিয়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। এবারের পরীক্ষায় অংশ নিয়ে তিনি দুই বিষয়ে অকৃতকার্য হন।
কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুস সালাম জানান, এসএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পরে মানসিকভাবে ভেঙে পড়ে তানিয়া আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আরও পড়ুন: রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে অপমৃত্যু মামলা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন