১১:১০ পি.এম
রাজশাহীর মোহনপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এ সময় অপর একটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে দুটি ইটভাটার কিলন এবং ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনি ভেঙে ফেলা হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান শুরু হয়।
অভিযান সূত্রে জানা যায়, কেশরহাট পৌরসভার মরগার বিলে একরামুলের মালিকানাধীন জে স্টার ব্রিকস এবং মৌগাছি ইউনিয়নের ধামিনপাড়া এলাকায় সোহাগের মালিকানাধীন বিআরবি ব্রিকসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর স্কেভেটর ব্যবহার করে ইটভাটা দুটির কিলন ও ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: জৈন্তাপুরে আধুনিক জাদুঘর নির্মাণের পরিকল্পনা, প্রাচীন পুরাকীর্তি সংরক্ষণের উদ্যোগ
অন্যদিকে, কেশরহাট পৌরসভার মরগার বিলে আমজাদ হোসেনের মালিকানাধীন মেসার্স এএমএম ব্রিকসকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কবির হোসেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, এসআরবি-৫ এবং বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা সহযোগিতা প্রদান করেন।
আরও পড়ুন: কক্সবাজারে মানব পাচার প্রতিরোধে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশদূষণ রোধে ১২০ ফুট স্থায়ী চিমনিবিশিষ্ট ইটভাটা এবং কাঠ পুড়িয়ে ইট প্রস্তুতকারী অবৈধ ভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন