০২:৫২ এম
কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক হেলাল উদ্দীনের সন্ধান ৩০ ঘণ্টা পরও মেলেনি। তবে এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে নিখোঁজের ছেলে মোহাম্মদ নিলয় ওরফে দ্বীপকে (২২)।
শনিবার (২৫ জুলাই) রাতে লাইফ গার্ড ও বিচকর্মীদের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা সাগরের সম্ভাব্য বিভিন্ন পয়েন্টে সন্ধান চালিয়েছেন বলে জেলার প্রশাসনের নিয়োগ প্রাপ্ত বিচকর্মীদের সুপারভাইজার মাহাবুব আলম জানিয়েছেন।
নিখোঁজ মোহাম্মদ হেলাল উদ্দীন (৫২) মেহেরপুর জেলার সদর উপজেলা পশু হাসপাতাল পাড়ার বাসিন্দা মৃত আনোয়ার শেখের ছেলে হিসেবে জানা গেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে নাশকতার অভিযোগে সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তার
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে মাহাবুব আলম বলেন, ‘শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলাতলী পয়েন্টে সায়মন বিচ রিসোর্টের দক্ষিণে, মর্ডান হ্যাচারির সংলগ্ন সাগরে ছেলে ও নিকটাত্মীয় তরুণকে নিয়ে গোসলে নামেন হেলাল উদ্দীন। গোসলের এক পর্যায়ে ভাটার তীব্র স্রোতের টানে হেলাল উদ্দীন ও তার ছেলে ভেসে যেতে থাকেন। এসময় ঘটনাস্থলে থাকা অপর যুবকটির শোর চিৎকার শুনে স্থানীয় লাইফ গার্ডকর্মীদের খবর দেন। এরপর লাইফগার্ড ও বিচকর্মীরা ঘটনাস্থলে এসে ছেলেকে গুরুতর অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও তার বাবা নিখোঁজ রয়েছেন।’
মাহাবুব আলম আরও বলেন, ‘শুক্রবার নিখোঁজ হওয়া পর্যটককে উদ্ধার করার অভিযান এখনো অব্যাহত রাখা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে আমরা সুগন্ধা পয়েন্ট থেকে নাজিরারটেক পর্যন্ত বিভিন্ন এলাকায় তল্লাশি পরিচালনা করছি।’
তিনি জানান, গত রাত থেকে শুরু করে শনিবার সারাদিন উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। নাজিরারটেক, ইনানী, কলাতলী, মহেশখালী, সোনাদিয়া সহ আশপাশের বিভিন্ন এলাকায় আমাদের উদ্ধারকর্মীরা অবস্থান করছেন। কোথাও ভাসমান অবস্থায় জীবিত বা মৃত কোনো ব্যক্তিকে দেখতে পেলে দ্রুত উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তরের নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়াও সাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলোকেও সতর্ক করা হয়েছে। তাদের জানানো হয়েছে, ভাসমান অবস্থায় যদি কোনো ব্যক্তিকে দেখতে পায়, তাহলে দ্রুত পানি থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসতে এবং সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
মাহাবুব আলম আরও জানান, ‘নিখোঁজ পর্যটককে উদ্ধার না করা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
এ বিষয়ে সি সেফ লাইফ গার্ড সংস্থার সুপারভাইজার সাইফুল্লাহ সিফাত বলেন, ‘পর্যটক নিখোঁজের খবর পাওয়ার পর থেকে ফায়ার সার্ভিস, লাইফ গার্ড ও বিচকর্মীদের যৌথভাবে তল্লাশি অভিযান অব্যাহত আছে। তবে নিখোঁজ পর্যটক হেলাল উদ্দীনের এখনো সন্ধান মেলেনি। তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন