০৮:৫২ এম
মাত্র ১৪ বছর বয়সে, এক মুসলিম বন্ধুর আমন্ত্রণে, ইসলাম সম্পর্কে জানতে শুরু করেছিলেন বুরুন্ডি প্রজাতন্ত্রের তরুণ বিনত্রা বুশিমা আমিন। ইসলামের মূল্যবোধ, নৈতিকতা ও সৌন্দর্য তাঁর হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে।
এরপর তিনি ইসলাম গ্রহণ করেন। আশ্চর্যের বিষয়, তাঁর ইসলাম গ্রহণের পথ অনুসরণ করে পরিবারের আরো চার সদস্যও ইসলামের ছায়াতলে আসেন।
ইসলাম গ্রহণের পর বিনত্রার জীবনে শুরু হয় পবিত্র কোরআনের সঙ্গে এক গভীর সম্পর্ক। দৃঢ় সংকল্প, অধ্যবসায় ও শেখার অদম্য আগ্রহকে সঙ্গী করে তিনি কোরআন হিফজ শুরু করেন।
আরও পড়ুন: জীবনে বরকত আনার জন্য গুরুত্বপূর্ণ আমলসমূহ
অবিশ্বাস্যভাবে, মাত্র পাঁচ মাসের মধ্যে পুরো পবিত্র কোরআন মুখস্থ করে ফেলেন তিনি। তবে হিফজ শেষ করেই তিনি থেমে যাননি; বরং মুখস্থ করা আয়াতগুলো বারবার ঝালাই করে তিলাওয়াতকে আরো নির্ভুল ও সুদৃঢ় করার চেষ্টা চালিয়ে যান।
শুধু তা-ই নয়, তিনি বুরুন্ডি প্রজাতন্ত্রের একটি স্থানীয় কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রায় ৫০০ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন। তাঁর এই সাফল্যের ফলেই তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজ দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান।
এরপর আসে তাঁর জীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায়। বুরুন্ডির প্রতিনিধি হিসেবে তিনি অংশ নেওয়ার সুযোগ পান ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত কোরআনের হাফেজ ও কারিদের সঙ্গে মক্কার পবিত্র পরিবেশে দাঁড়ানোর সুযোগ পান তিনি।
এবারের প্রতিযোগিতায় ১৩৩টি দেশের ৩৩৪ জন পুরুষ ও নারী প্রতিযোগী পবিত্র কোরআন হিফজ, তেলাওয়াত ও ব্যাখ্যার বিভিন্ন বিভাগে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে বুরুন্ডির বিনত্রার উপস্থিতি যেন একটি অনন্য অনুপ্রেরণার গল্প।
আরও পড়ুন: ভুলে অজু ছাড়া নামাজ পড়লে আদায় হবে না, পুনরায় অজু করতে হবে
মাত্র এক বছর আগেও তিনি ছিলেন ইসলামের পথে নতুন একজন মানুষ। আর আজ তিনি মক্কার গ্র্যান্ড মসজিদের নিকটবর্তী পবিত্র পরিবেশে দাঁড়িয়ে হাতে তুলে নিয়েছেন সেই কোরআন, যার প্রতি ভালোবাসা তাঁকে মাত্র পাঁচ মাসে পুরো কোরআন মুখস্থ করার অনুপ্রেরণা দিয়েছিল। এরই মধ্যে তিনি এক সাক্ষাৎকারে নিজের এই যাত্রার জন্য পবিত্র কোরআন ও কোরআনের সঙ্গে সম্পৃক্ত মানুষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে আন্তর্জাতিক এই প্রতিযোগিতার আয়োজন এবং বিশ্বের বিভিন্ন দেশের হাফেজ ও কোরআনপ্রেমীদের মক্কার পবিত্র ভূমিতে একত্র হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তিনি সৌদি আরবের নেতৃত্বের প্রতিও কৃতজ্ঞতা ও প্রশংসা জানিয়েছেন।
সূত্র : সৌদি প্রেস এজেন্সি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন