০৭:০৩ পি.এম
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ তিন দিনব্যাপী এই অভিযানটি চালাচ্ছে, যা যানজট নিরসন এবং সড়কের সরকারি জায়গা দখলমুক্ত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালিয়ে ছোটবড় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আলী এ বিষয়ে বলেন, ‘চাঁদপুর-কুমিল্লা-ফরিদগঞ্জ আঞ্চলিক সড়কের খাজুরিয়া থেকে লক্ষ্মীপুর জেলার বর্ডার বাজার পর্যন্ত সড়কের দুই পাশে ছয় শতাধিক অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এসব স্থাপনা সরিয়ে নিতে আগেই দখলদারদের নোটিশ দেয়া হলেও তা কার্যকর না হওয়ায় নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম শুরু হয়েছে। আপাতত আগামী তিন দিন এ অভিযান চলবে।’
আরও পড়ুন: পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রাঙ্গাবালীতে ছাত্রদল-যুবদলের আনন্দ মিছিল
তিনি আরও বলেন, ‘উচ্ছেদ শেষে দখলমুক্ত জায়গায় সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের অংশ হিসেবে উদ্ধার হওয়া জায়গাগুলোতে বৃক্ষরোপণ করা হবে। বিশেষ করে বাবুরহাট এলাকায় সব সময় যানজট লেগে থাকে। এখানে যানজট নিরসনে উচ্ছেদকৃত জায়গায় ইন্টারসেকশন করা হবে। যেন যানবাহন চলাচল করতে কোনো সমস্যা না হয়।’
এদিকে, উচ্ছেদ অভিযান সম্পর্কে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, ‘চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে অবৈধভাবে দখলকৃত জায়গাগুলো উদ্ধারে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
প্রসঙ্গত, এর চারমাস আগেও চাঁদপুরে একইভাবে আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধ স্থাপনার উচ্ছেদে অভিযান চালানো হয়েছিল সড়ক বিভাগ।
আরও পড়ুন: রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন