১২:৪৭ পি.এম
বাংলাদেশের চার শীর্ষ আলেম আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্কের দিকে যাত্রা করছেন। আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে ‘ফিলিস্তিনের জন্য আলেমদের সম্মেলন’।
ফিলিস্তিন ও পবিত্র কুদস ইস্যুতে বিশ্বজুড়ে আলেমদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে হাইআতু উলামা-ই ফিলিস্তিন।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছেন দেশের চার বিশিষ্ট আলেম এবং ইসলামি ব্যক্তিত্ব। তাদের মধ্যে রয়েছেন—জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, রাজধানীর মুহাম্মদপুরস্থ জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রধান মুফতি মাওলানা হিফজুর রহমান এবং বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। এছাড়া বাংলাদেশ থেকে আরও কয়েকজন প্রতিনিধি সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার মোহাম্মদ লতিফ ভাট নিহত
সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশি আলেমদের ভিসার কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন আমন্ত্রিত অতিথিদের একজন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার।
তুরস্কে বাংলাদেশ দূতাবাসের কাছে পাঠানো হাইআতু উলামা-ই ফিলিস্তিনের সুপারিশপত্রে উল্লেখ করা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের আলেমদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও শক্তিশালী করা এবং ফিলিস্তিন ও কুদস প্রশ্নে আন্তর্জাতিক জনমত গড়ে তোলাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে চিঠিতে ফিলিস্তিনের পক্ষে জনসচেতনতা তৈরিতে বাংলাদেশি আলেমদের ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়েছে।
আয়োজকদের তথ্যমতে, সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট আলেম, ইসলামি চিন্তাবিদ এবং গবেষকরা অংশগ্রহণ করবেন। কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য তুরস্কের বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া, দেশটির ধর্মবিষয়ক অধিদপ্তরের (দিয়ানেত) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হবে।
আশা করা হচ্ছে, আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের আলেমদের অংশগ্রহণ ফিলিস্তিন ও কুদস ইস্যুতে বাংলাদেশের নৈতিক অবস্থানকে আরও জোরদারভাবে বিশ্বমঞ্চে তুলে ধরবে। একই সঙ্গে মুসলিম বিশ্বের আলেমদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: ছাত্রদল নেতার মন্তব্য— ‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন