মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৩৩ পি.এম
সংসদ ভবন, ১৬ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে, যার উদ্দেশ্য প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট রিটার্ন জমা দেওয়ার বিধান পুনর্বহাল করা।
আজ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটের মাধ্যমে তা পাস হয়। অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন।
বিলটি সংসদে উত্থাপনের পর সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো ছাড়াই সরাসরি পাসের জন্য গ্রহণ করা হয়।
বিলটি পাসের আগে বিরোধী দলের ১০ জন সদস্য, যার মধ্যে চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী, সংরক্ষিত নারী আসন-৩৯-এর সাবিকুন্নাহার, চট্টগ্রাম-১৬ আসনের জহিরুল ইসলাম, সিলেট-৫ আসনের মো. আবুল হাসান, কুষ্টিয়া-২ আসনের মো. আবদুল গফুর, নীলফামারী-২ আসনের আলফারুক আব্দুল লতীফ, পটুয়াখালী-২ আসনের শফিকুল ইসলাম, শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম রাশেদ, সংরক্ষিত নারী আসন-৪০-এর মোছা. নাজমুন্নাহার এবং পাবনা-৩ আসনের আলী আসগর অন্তর্ভুক্ত, বিলটি জনমত যাচাইয়ের জন্য পাঠানোর দাবি জানান।
অর্থমন্ত্রী তাদের আপত্তির জবাব প্রদান করেন এবং সংসদ সদস্যদের কণ্ঠভোটে প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়।
বিলটি উত্থাপনের সময় অর্থমন্ত্রী উল্লেখ করেন যে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতিটি কর মেয়াদ শেষে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষে ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেওয়ার বিধান করা হয়েছিল।
তবে এই পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, তিন মাস পরপর ভ্যাট রিটার্ন জমা দেওয়ার কারণে সংশ্লিষ্ট ভ্যাটের অর্থও তিন মাস পর পর সরকারি কোষাগারে জমা হচ্ছে। ফলে প্রতি মাসের পরিবর্তে তিন মাস অন্তর রাজস্ব জমা হওয়ায় সরকারের অর্থপ্রবাহ ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হতে পারে।
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, মাঠপর্যায়ের কর্মকর্তা ও করদাতাদের কাছ থেকে পাওয়া লিখিত প্রতিনিধিত্বে রিটার্ন জমার সময়সীমা পরিবর্তনের ফলে রাজস্ব আদায়ে বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা জানানো হয়েছে। এই পরিস্থিতিতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধন করা প্রয়োজন হয়ে পড়ে।
সংশোধিত বিধান অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষে ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে প্রতিটি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। যদি রিটার্ন জমার নির্ধারিত ১৫তম দিন সরকারি ছুটির দিন হয়, তবে পরবর্তী কর্মদিবসে তা জমা দেওয়া যাবে।
তবে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও বীমা কোম্পানি এবং শূন্য রিটার্ন জমাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে পারবে।
এর আগে, গত ৯ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে অধ্যাদেশটি উত্থাপন করেন।
গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন। সংসদ অধিবেশন না থাকায় অধ্যাদেশটি জারি করা হয়েছিল। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) ধারা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম বৈঠকে অধ্যাদেশটি সংসদে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে।
অধ্যাদেশটিকে আইনে পরিণত করার লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’ শিরোনামে বিলের খসড়া প্রণয়ন করা হয় এবং মন্ত্রিসভা এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, "এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের পিপাসা শেষ হয়নি।"
তিনি মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন।
রিজভী ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার কথা বলার পাশাপাশি বাংলাদেশের স্বার্থ ও পররাষ্ট্রনীতির স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা একবার বলেছিলেন, "আমি ভারতকে যা দিয়েছি, ভারত তা কোনো দিন ভুলবে না।" এই বক্তব্যের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির স্ববিরোধিতা প্রকাশ পায়। তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ রক্ষা এবং পররাষ্ট্রনীতি নির্ধারণে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।
জুলাই আন্দোলনে আবু সাঈদের আত্মত্যাগ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বুক পেতে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিলেন। তার আত্মত্যাগ সারা দেশের তরুণ, কিশোর, শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করেছে। তিনি বলেন, একজন শিক্ষার্থীর আত্মত্যাগের মধ্য দিয়ে যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল, তা শেষ পর্যন্ত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটায়।
রিজভী আওয়ামী লীগের দমন-পীড়নের অভিযোগ তুলে বলেন, জুলাই আন্দোলনে এত মানুষের প্রাণহানির পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। তিনি উল্লেখ করেন, প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর ঘটনা জাতির জন্য গভীর বেদনাদায়ক। তিনি অভিযোগ করেন, আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ছাত্রসংগঠনকে ব্যবহার করা হয়েছিল এবং আন্দোলনকারীদের রাজাকারের নাতি-পুতি আখ্যা দিয়ে তাদের দমনের চেষ্টা করা হয়েছিল।
আওয়ামী লীগের সহিংস রাজনীতির প্রসঙ্গে তিনি আরও বলেন, এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের রক্তের পিপাসা শেষ হয়নি। তিনি অভিযোগ করেন, আবারও ক্ষমতায় ফেরার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও পুলিশের বক্সে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানো হচ্ছে। তিনি বলেন, দেশের সম্পদ লুটপাটের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা আবারও রাজনৈতিকভাবে প্রত্যাবর্তনের চেষ্টা করছে।
বিএনপির আন্দোলন ও বর্তমান রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিসহ বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নানা প্রতিকূলতা ও কারাবাসের মধ্যেও গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। জাতীয়তাবাদী রাজনীতি ও গণতন্ত্রের প্রতীক হিসেবে তিনি মানুষের কাছে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
১৭ ই নভেম্বর রোজ মঙ্গলবার, ২০২৬, নারায়ণগঞ্জ জেলার তালাশ বিডি, জেলা প্রতিনিধির একমাত্র ছেলে, ফারিদ খান ইফতি, তৃতীয় বিবাহ বার্ষিক উদযাপিত হয়, পরিবারের সকল আত্মীয়-স্বজনদের নিয়ে, কেক কেটে আনন্দ মুখরে শুভ বিবাহ বার্ষিকী উদযাপিত হয়, সকলের প্রতি তাদের দাম্পত্য জীবনের ভবিষ্যৎ শান্তি কামনা করছেন পরিবারের ভাই পিতা মাতা সহ আত্মীয়স্বজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলার গুরুত্বপূর্ণ বাইট্টাপাড়া বাজারে শিশু-কিশোর ও যুবসমাজের জন্য খেলার মাঠের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বাইট্টাপাড়া বাজার এলাকায় স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার জন্য খেলাধুলার বিকল্প নেই। তবে, অত্যন্ত দুঃখজনকভাবে, বাইট্টাপাড়া বাজারে শিশুদের জন্য যে একমাত্র খেলার মাঠটি ছিল, সেটি মডেল মসজিদ নির্মাণের জন্য নিয়ে নেওয়া হয়েছে। এর ফলে, এলাকার শিশু-কিশোরদের জন্য বিকল্প কোনো খেলার মাঠ তৈরি করা হয়নি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
বক্তারা আরও বলেন, বাইট্টাপাড়া একটি অত্যন্ত জনবহুল এলাকা, যেখানে প্রায় কয়েক হাজার মানুষের বসবাস রয়েছে। গুরুত্বপূর্ণ এই বাজারে খোলা জায়গা বা মাঠের অভাব রয়েছে, যা অগ্নিকাণ্ড বা জরুরি দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি কিংবা জরুরি যানবাহন পার্কিংয়ের জন্য কোনো ব্যবস্থা নেই। এ কারণে পুরো বাজার এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে।
মানববন্ধন থেকে এলাকাবাসী ও যুবসমাজ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বাইট্টা পাড়া এলাকায় একটি স্থায়ী খেলার মাঠের ব্যবস্থা করার জোর দাবি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে আসা প্রবাসী আয়ের ৪৪ দশমিক ৬ শতাংশ মধ্যপ্রাচ্যের ছয়টি উপসাগরীয় দেশ থেকে এসেছে। এই দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত, ওমান, কাতার ও বাহরাইন। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা আরও স্পষ্ট হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এর মধ্যে ছয়টি উপসাগরীয় দেশ থেকে এসেছে ৫১১ কোটি ৪১ লাখ ৯০ হাজার ডলার।
দেশভিত্তিক হিসাবে, সৌদি আরব থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে। চার মাসে দেশটি থেকে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার এসেছে, যা মোট প্রবাসী আয়ের ১৯ দশমিক ২ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি থেকে এসেছে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার, যা মোট আয়ের ৯ শতাংশ। এছাড়া কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার (৫ দশমিক ৪ শতাংশ), ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ ডলার (৪ দশমিক ৮ শতাংশ), কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার (৪ দশমিক ৩ শতাংশ) এবং বাহরাইন থেকে ২২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার (প্রায় ২ শতাংশ) এসেছে।
মাসভিত্তিক পরিসংখ্যানেও উপসাগরীয় দেশগুলোর ধারাবাহিক অবদান দেখা গেছে। জুলাই মাসে ছয়টি দেশ থেকে ১২৯ কোটি ৯০ লাখ ডলার এসেছে, যা ওই মাসের মোট প্রবাসী আয়ের ৪৫ দশমিক ৪ শতাংশ। আগস্টে এসেছে ১২৬ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ডলার, যা মোট আয়ের ৪২ দশমিক ৬ শতাংশ।
সেপ্টেম্বরে এই ছয় দেশ থেকে প্রবাসী আয় এসেছে ১২৪ কোটি ৭০ লাখ ১০ হাজার ডলার, যা ওই মাসের মোট আয়ের ৪৫ দশমিক ১ শতাংশ। অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ডলারে, যা মাসটির মোট প্রবাসী আয়ের ৪৫ দশমিক ৪ শতাংশ।
অর্থাৎ, টানা চার মাসে বাংলাদেশের মোট প্রবাসী আয়ের ৪২ শতাংশের বেশি এসেছে এই ছয় দেশ থেকে। এতে দেশের বৈদেশিক মুদ্রার জোগানে উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অবদানের বিষয়টি উঠে এসেছে।
প্রবাসী আয়ের অন্যান্য বড় উৎসের মধ্যে যুক্তরাজ্য থেকে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার এসেছে, যা মোট আয়ের ১৪ দশমিক ১ শতাংশ। যুক্তরাষ্ট্র থেকে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার বা ৯ দশমিক ২ শতাংশ এসেছে। এছাড়া মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার (৭ দশমিক ৯ শতাংশ) এবং ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার (৬ দশমিক ৭ শতাংশ) এসেছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, উপসাগরীয় দেশগুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় আসার বিষয়টি ওই অঞ্চলে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানকে তুলে ধরেছে।
তিনি বলেন, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক খাতের জন্য ইতিবাচক। এটি প্রমাণ করে, প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠানোর ক্ষেত্রে আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার ওপর ক্রমেই বেশি আস্থা রাখছেন।
প্রবাসী আয় পাঠানোর প্রক্রিয়া সহজ, সুবিধাজনক ও আকর্ষণীয় করতে সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, অবৈধ হুন্ডি লেনদেন নিরুৎসাহিত করার পাশাপাশি বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ বাড়ানো হচ্ছে।
আরিফ হোসেন খান বলেন, প্রবাসী আয়ের বৃদ্ধি প্রবাসী কর্মী ও তাদের পরিবারের আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার ওপর আস্থার ইতিবাচক ইঙ্গিত।
তিনি আরও বলেন, প্রবাসী আয় পাঠানোর সুযোগ সহজ করা, ব্যাংকিং সেবার মান উন্নত করা এবং আনুষ্ঠানিক বৈদেশিক মুদ্রাবাজারকে শক্তিশালী করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।
বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করে বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র বলেন, তাদের পাঠানো অর্থ বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তার আশা, প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহ দেশের লেনদেনের ভারসাম্য উন্নত করবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করবে এবং বৈদেশিক খাতে আরও স্থিতিশীলতা আনবে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের প্রবাসী নিজাম উদ্দিন ভূঁইয়া সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন, দেশে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ প্রবাসীদের জন্য সহায়ক হচ্ছে।
তবে উপসাগরীয় দেশগুলোতে কর্মরত বাংলাদেশিদের দেশে অর্থ পাঠানোর সক্ষমতা অনেকাংশে নির্ভর করে সংশ্লিষ্ট দেশে কর্মসংস্থানের সুযোগ, আয়ের পরিমাণ ও জীবনযাত্রার ব্যয়ের ওপর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান বলেন, প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ধরে রাখতে বিদেশে বাংলাদেশের শ্রমবাজারে বৈচিত্র্য আনতে হবে। একই সঙ্গে কর্মীদের দক্ষতা বাড়ানো এবং নতুন নতুন দেশে কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান করা জরুরি। এতে সীমিত কয়েকটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাও কমবে।
তিনি বলেন, প্রবাসী আয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। এটি লাখ লাখ পরিবারের জীবনযাত্রায় সহায়তা করছে, দেশের অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়াচ্ছে এবং বৈদেশিক আর্থিক স্থিতিশীলতা জোরদার করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ