০৭:১৪ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আসিফ মার্চেন্ট নামের এক পাকিস্তানি নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে মার্কিন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত ফেডারেল আদালতের বিচারক এরিক কোমিটি ৪৮ বছর বয়সী আসিফ মার্চেন্টকে ৩৩০ মাসের কারাদণ্ড দেন।
মার্কিন বিচার বিভাগ (ডিওজে) এক বিবৃতিতে উল্লেখ করেছে যে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সহযোগী খুঁজছিলেন মার্চেন্ট। এই ষড়যন্ত্রে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালির নামও সম্ভাব্য লক্ষ্য হিসেবে উঠে আসে।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ চললে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর ইঙ্গিত কানাডার প্রধানমন্ত্রীর
মার্কিন কর্মকর্তাদের অভিযোগ অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারিতে ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) এই হত্যার পরিকল্পনা করেছিল।
প্রসিকিউটররা দাবি করেছেন যে, ২০২২ সালের দিকে মার্চেন্টকে আইআরজিসি নিয়োগ দেওয়া হয়। পরে ইরানে যাতায়াতের সময় তিনি সংগঠনটির এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। ওই কর্মকর্তা তাকে গোয়েন্দা কার্যক্রম ও পাল্টা নজরদারি সম্পর্কে প্রশিক্ষণ দেন এবং যুক্তরাষ্ট্রে গিয়ে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেন।
২০২৪ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর মার্চেন্ট পরিকল্পনা বাস্তবায়নের জন্য একজন পরিচিত ব্যক্তির সহযোগিতা চান। কিন্তু ওই ব্যক্তি মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানিয়ে গোপন তথ্যদাতা হিসেবে কাজ শুরু করেন। পরে তার মাধ্যমে মার্চেন্টের সঙ্গে পরিচয় করানো হয়, যারা আসলে এফবিআইয়ের ছদ্মবেশী এজেন্ট ছিলেন।
অভিযোগ অনুযায়ী, হত্যাকাণ্ডের জন্য অগ্রিম অর্থ হিসেবে মার্চেন্ট ৫ হাজার ডলার পরিশোধ করেন। তিনি রাজনৈতিক সমাবেশে হামলার পরিকল্পনা নিয়েও আলোচনা করেছিলেন।
আরও পড়ুন: ওয়াশিংটনে হামলার ষড়যন্ত্রের খবর ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিল ইরান
তবে মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেই বিষয়টি শনাক্ত করায় কোনো হামলা ঘটেনি। ২০২৪ সালের ১২ জুলাই তাকে গ্রেফতার করা হয় এবং চলতি বছরের মার্চে একটি ফেডারেল জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করে।
বিচার চলাকালে মার্চেন্ট স্বীকার করেন যে, তিনি ইরানের আইআরজিসির সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে তিনি দাবি করেন যে, নিজের স্ত্রী ও সন্তানদের নিরাপত্তার আশঙ্কায় বাধ্য হয়ে এই পরিকল্পনায় অংশ নিয়েছিলেন। প্রসিকিউটররা তার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন।
রায় ঘোষণার সময় বিচারক এরিক কোমিটি মন্তব্য করেন, "কোনো মার্কিন প্রেসিডেন্ট বা জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা অত্যন্ত গুরুতর অপরাধ।" এ ধরনের অপরাধের গুরুত্ব বিবেচনায় আসামিকে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়েছে।
আসিফ মার্চেন্টের আইনজীবী জানিয়েছেন, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তার দাবি, হত্যার পরিকল্পনাটি বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম ছিল এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত হয়নি।
আরও পড়ুন: সৌদির রাজধানীতে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরে কালো ধোঁয়া
এদিকে, তেহরান ট্রাম্প বা অন্য কোনো মার্কিন কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করা বা হামলার ষড়যন্ত্র করার অভিযোগ অস্বীকার করেছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এসব হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের অনেক শীর্ষ নেতাও নিহত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন