শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:১১ পি.এম
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫৭ জন আসামিসহ ৮৪ কোটি ৯৬ লাখ ২৪ হাজার ২৪৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্তে দায়িত্ব পালনরত মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন ৩ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৯৬৯ টাকার মালামাল এবং ১৭ জন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে। বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ব্যবস্থাপনায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে এ তথ্য জানানো হয়েছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, যশোর রিজিয়নের দায়িত্বাধীন এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত, যেখানে কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীনস্থ ৭টি ব্যাটালিয়ন চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, যশোর রিজিয়নের অভিযানে ৯ দশমিক ৩৫১ কেজি স্বর্ণ, ৫টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৩ হাজার ৫২ বোতল বিদেশি মদ, ২ দশমিক ৪২৮ কেজি হেরোইন, ১৮৯ দশমিক ৮৯ কেজি গাঁজা, ৬৮ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ১৭ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ হাজার ৫৬০ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ২২ হাজার ৯০৫ পিস ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।
এদিকে, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকারী মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে ৩ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৯৬৯ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামালসহ ১৭ জন আসামিকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ২টি অস্ত্র, ৪ রাউন্ড গুলি, ৫৭৫ দশমিক ০৩ গ্রাম স্বর্ণ, ১৩৮ জন ধুর, এক হাজার ১১৯ বোতল বিদেশি মদ, ৬ হাজার ৭৩২ পিস ইয়াবা, ৪৯ দশমিক ৭২ কেজি গাঁজা এবং বিভিন্ন প্রকার ৮ হাজার ৩৬১ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এছাড়া, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বিগত এক বছরের (০১ নভেম্বর ২০২৫ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত) মাদকবিরোধী অভিযানের পরিসংখ্যানে দেখা যায়, এই সময়ে ৩৯ জন আসামিসহ সর্বমোট ৩ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ১৫৭ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে।
এর মধ্যে রয়েছে, এক কোটি ১ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৭৯৮ বোতল মদ, ২৬ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা মূল্যের ৮ হাজার ৯৬৫ পিস ইয়াবা, ৬ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা মূল্যের ১ হাজার ৬৯২ বোতল ফেনসিডিল, ৫ লাখ ১৬ হাজার ২৫৭ টাকা মূল্যের ১৪৭ দশমিক ৫০২ কেজি গাঁজা, ৫৯ লাখ ৮২ হাজার ৮০০ টাকা মূল্যের ১৪ হাজার ৯৫৭ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় সিরাপ এবং ১ কোটি ৩৩ লাখ ২৭ হাজার ৮০০ টাকা মূল্যের ৪৪ হাজার ৪২৬ পিস ভায়াগ্রা।
বিজিবির সূত্রগুলো জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের অপতৎপরতা বা কোনো দুষ্কৃতিকারী যাতে সীমান্ত দিয়ে গান পাউডার বা অবৈধ অস্ত্র আনতে না পারে, সে বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি বিশেষভাবে সজাগ রয়েছে এবং সীমান্তে কড়া নজরদারি বাড়িয়েছে।
ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দিন-রাত বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট বসানো হয়েছে। দুর্গম ও অন্ধকার এলাকায় যেকোনো সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করতে থার্মাল ড্রোন, নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার, সার্চলাইট, নাইট ভিশন গগলস, সিসি ক্যামেরা, নাইট ভিশন বাইনোকুলার ও ফ্ল্যাশলাইটের মতো আধুনিক ডিজিটাল নজরদারি সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের চেষ্টা করলে গ্রেফতার করা হবে এবং অবৈধভাবে কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হবে না। এছাড়া সীমান্ত নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার প্রতিরোধেও বিজিবি কাজ করছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, ‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’ এই প্রতিশ্রুতি বাস্তবায়নে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ। বিজিবি বিশ্বাস করে, এককভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন; তাই সীমান্ত সুরক্ষিত রাখতে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা জরুরি। প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তসংক্রান্ত বিরোধ ও অপরাধ নিরসনেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চরফ্যাশন, দ্বীপজেলা ভোলা, নদীর ভাঙাগড়ার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা জনপদ। প্রকৃতির নানা প্রতিকূলতার মধ্যেও এখানে অসংখ্য শিশু স্বপ্ন নিয়ে বেড়ে ওঠে। তাদের শৈশবে আনন্দের কিছু মুহূর্ত যোগ করতে এবং মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে বিশ্ব শিশু দিবসে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নদীপাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘আনন্দ পাঠশালা’ নামে একটি অনুষ্ঠান।
শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, হাসি-আনন্দ ও উচ্ছ্বাসে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। শিশুদের সঙ্গে গল্প করা, আনন্দ ভাগাভাগি করা এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তাদের জন্য আনন্দঘন পরিবেশ তৈরি করা হয়। পাশাপাশি শিক্ষা, সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার বিষয়ে উৎসাহিত করা হয়। শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে সময় কাটানোর পাশাপাশি তাদের স্বপ্ন, প্রত্যাশা ও অনুভূতির কথাও গুরুত্বের সঙ্গে শোনা হয়।
ভোলার চরফ্যাশন উপজেলার মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক গভীর। মেঘনা ও তেঁতুলিয়া নদীবেষ্টিত এ জনপদের অনেক পরিবারকে নদীভাঙনসহ নানা প্রাকৃতিক ও আর্থসামাজিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বসতভিটা ও জীবিকার অনিশ্চয়তার প্রভাব শিশুদের জীবনেও পড়ে। অনেক সময় তারা স্বাভাবিক শৈশবের আনন্দ ও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। এমন বাস্তবতায় এসব শিশুর মুখে হাসি ফোটানো এবং তাদের জীবনে আনন্দের উপলক্ষ তৈরি করতেই বসুন্ধরা শুভসংঘের এ মানবিক উদ্যোগ।
বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আয়েশা রিপা বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় মানুষের কল্যাণে এবং সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। বিশেষ করে শিশুদের শিক্ষা, অধিকার ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। বিশ্ব শিশু দিবসের মতো তাৎপর্যপূর্ণ দিনে নদীপাড়ের শিশুদের নিয়ে আনন্দ পাঠশালার আয়োজন সেই প্রচেষ্টারই একটি অংশ।’
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বলেন, ‘শিশুরা কোনো বৈষম্য ছাড়াই বেড়ে ওঠার সুযোগ পাওয়ার অধিকার রাখে। প্রতিটি শিশুর স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ থাকা জরুরি। সমাজের বিত্তবান ও সচেতন মানুষসহ বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। শুধু বিশেষ দিবসে নয়, বছরের প্রতিটি দিনই শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।’
বিশ্ব শিশু দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের এ আয়োজন শিশুদের অধিকার ও কল্যাণে সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত। বিশেষ করে চরফ্যাশনের নদীপাড়ের শিশুদের নিয়ে এমন উদ্যোগ তাদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে।
নদীভাঙনে বদলে যেতে পারে মানুষের বসতভিটা, বদলে যেতে পারে জীবনের বাস্তবতা; কিন্তু শিশুদের স্বপ্ন যেন কখনো হারিয়ে না যায়। তাদের শৈশব যেন প্রতিকূলতার কাছে হার না মানে। চরফ্যাশনের নদীপাড়ের শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের আনন্দ পাঠশালা তাই কেবল একটি দিবসকেন্দ্রিক আয়োজন নয়, বরং শিশুদের পাশে থাকার, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এবং সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখানোর এক মানবিক প্রয়াস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চিত্রনায়িকা শবনম বুবলী এবার অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত হয়েছেন। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন্সের প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে।
চলচ্চিত্রটি উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে নির্বাচিত হয়েছে। নতুন এই অর্জনের খবর বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। পাশাপাশি, তাঁরা নিজেদের প্রথম কাজের পোস্টারও প্রকাশ করেছেন।
একটি পোস্টে বুবলী জানান, "প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আমাদের এই যাত্রার শুরুতেই এমন স্বীকৃতি পাওয়া আনন্দের পাশাপাশি অনুপ্রেরণারও।" তিনি আরও বলেন, সামনে আরও ভালো ও মানসম্মত কাজ দর্শকদের উপহার দিতে চান তাঁরা।
এ জন্য তিনি সবার ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। বুবলীর প্রত্যাশা, দর্শকদের পাশে পাওয়া গেলে ভবিষ্যতে আরও নতুন ও ভালো কাজ নিয়ে হাজির হতে পারবেন।
অভিনেত্রী হিসেবে দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করে আসছেন বুবলী। এবার প্রযোজনায় যুক্ত হওয়ার মাধ্যমে বিনোদনজগতে নিজের কাজের পরিধি আরও বৃদ্ধি পেলেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহের মহেশপুরে মাহাবুব তরফদার (৮০) নামে এক ব্যক্তির মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। দুই ছেলের নামে জমি লিখে দেওয়ার অভিযোগ তুলে, মৃত মাহবুব তরফদারের অপর এক ছেলে ও তিন মেয়ে মরদেহ দাফনে বাধা দেন। ফলে প্রায় ১৩ ঘণ্টা ধরে দাফন ছাড়া পড়ে রয়েছে ওই মরদেহ।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এই ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুব তরফদার মারা যান। তার তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার অভিযোগ রয়েছে যে, তারা বাবাকে দিয়ে জোরপূর্বক নিজেদের নামে জমি রেজিস্ট্রি করে নিয়েছেন। ভাই-বোনদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলছে।
শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে মাহবুব তরফদারের মেজো ছেলে বাকপ্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন বাড়িতে আসেন। তারা বাবার মরদেহ দাফনে বাধা দেন।
মাহবুব তরফদারের তিন মেয়ে অভিযোগ করে জানান, প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা তাদের বাবার মরদেহ দাফন করতে দেবেন না। তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।
পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর ধরে রফিকুল তরফদার ও তার তিন বোনকে বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এ ঘটনায় তারা আদালতে মামলাও দায়ের করেছিলেন।
তবে বাবার জমি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেন বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার। তারা জানান, তারা কোনো জোরজবরদস্তি করেননি। বরং বাবা নিজ ইচ্ছায় দুই ছেলের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।
মহেশপুর থানার ওসি ইমরান আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মা ও ছেলের সম্পর্কের গল্পনির্ভর নির্মিত ব্যবসাসফল সিনেমা প্রয়াত নায়ক মান্নার ‘আম্মাজান’ আজও দর্শকদের মনে দাগ কেটে রয়েছে। এখনো সেই ‘আম্মাজান’ গানটি সিনেমাপ্রেমী দর্শকদের মুখে মুখে শোনা যায়। ১৯৯৯ সালে কাজী হায়াৎ পরিচালিত ও মান্না অভিনীত ‘আম্মাজান’ সিনেমার গান আজও কোটি সিনেমাপ্রেমী দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে। সম্প্রতি জানা গেছে, কিংবদন্তি অভিনেত্রী শাবানা সেই সিনেমা প্রস্তাব পাওয়ার পরও ফিরিয়ে দিয়েছিলেন পরিচালককে। তিনি সিনেমাটিতে কাজ করতে অপারগতা প্রকাশ করেছিলেন। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন শাবানা? সে বিষয়টি জানালেন নির্মাতা।
কিছুদিন আগে, কেন শাবানা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলেছেন সিনেমার বরেণ্য পরিচালক কাজী হায়াৎ। যদিও সিনেমায় ‘আম্মাজান’ চরিত্রে শাবানা অভিনয় না করলেও আরেক বর্ষীয়ান অভিনেত্রী শবনম অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। ‘আম্মাজান’ মুক্তির পর বক্স অফিসে এটি সুপার হিট হয়। তবে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা।
‘আম্মাজান’ সিনেমার পরিচালক কাজী হায়াৎ বলেন, আম্মাজান হওয়ার কথা ছিল শাবানার। যখন তাকে গল্পটি শোনালাম, তিনি কেঁদে ফেললেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন— আমি সিনেমাটি করব। আগামীকাল এসে শিডিউল নিয়ে যাইয়েন। কিন্তু পরদিন যখন পরিচালক শিডিউল নিতে শাবানার কাছে গেলেন, ঠিক তখনই অভিনেত্রী অপারগতা প্রকাশ করলেন। কাজী হায়াৎ শাবানাকে প্রশ্ন করেন— কেন তিনি এ সিনেমায় অভিনয় করবেন না?
এমন প্রশ্নের উত্তরে শাবানা জানান— মূলত তিনি যে সকল নায়কের বিপরীতে অভিনয় করেন, তারা সবাই সিনেমাটি করতে নিষেধ করেছিলেন। কারণ তারা বলেছিলেন— শাবানা যদি মান্নার মা হয়ে যান, তাহলে তো আর তাদের নায়িকা থাকবেন না। এই কারণেই সিনেমাটি থেকে সরে দাঁড়ান এ বর্ষীয়ান অভিনেত্রী।
কাজী হায়াৎ বলেন, শাবানা ম্যাডাম অনেক কষ্ট পেয়ে দুঃখের সঙ্গে বলেছিলেন— হায়াৎ ভাই, আপনার সিনেমাটি না করতে পারার কারণে আমি অত্যন্ত দুঃখিত। আমি জানি, এটি অনেক ভালো একটি সিনেমা হবে, অনেক নাম করবে। তারপরও সিনেমাটি করতে পারছি না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ