০৬:৫৪ পি.এম
মাদারীপুরের শিবচরে এক ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁকে মারধর ও লাঞ্ছিত করে পকেট থেকে ১৭ হাজার টাকা এবং দোকানের ক্যাশবাক্স ভেঙে আরও ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ডিসি রোড এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ব্যবসায়ী মো. আলী আজগর (৩৫)। তিনি ওই এলাকার ‘ইসলামিয়া অগ্রণী ফুড’ নামের একটি দোকানের মালিক।
সংবাদ সম্মেলনে আলী আজগর জানান, গত ৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে মনির সিকদার (৪০), মাজহারুল ইসলাম (৩০) ও আ. রহমানসহ ৫-৬ জন তাঁর দোকানে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে তাঁরা দোকানে প্রবেশ করে তাঁকে মারধর ও লাঞ্ছিত করেন। এ সময় তাঁর পকেট থেকে ১৭ হাজার টাকা এবং দোকানের ক্যাশবাক্স ভেঙে আরও ৩০ হাজার টাকা নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি। সব মিলিয়ে ৪৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি তাঁর।
আরও পড়ুন: হবিগঞ্জ সীমান্তে একাধিক মামলার আসামি সুবল চন্দ্র দাশ আটক
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। যাওয়ার সময় আইনগত আশ্রয় নিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ওই ব্যবসায়ী। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
তবে অভিযুক্ত আ. রহমান মুঠোফোনে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ব্যবসায়ী আলী আজগর ফেসবুকে মামুনুল হককে নিয়ে সমালোচনা করে পোস্ট দেওয়ায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, এ ঘটনায় তাঁরা লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ব্যবসায়ী আলী আজগর।
আরও পড়ুন: হাটহাজারীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আপন দুই ভাই নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন