০৭:২২ পি.এম
মাদারীপুরের শিবচরে উৎরাইল-শিবচর সড়কের আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতুর পাড়ে নতুন ভাঙন শুরু হয়েছে। এর ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
সূত্র অনুযায়ী, ২০২৫ সালের জুন-জুলাই সময়ে সেতুর পাড়ের প্রায় ২০০ মিটার জায়গা ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। চলতি বর্ষাতেও একই স্থানে নতুন করে ভাঙনের ঘটনা প্রকাশ পেয়েছে।
স্থানীয় সজিব হোসেন মন্তব্য করেছেন, ‘সেতুর পাড়ে নদে প্রচণ্ড ঘূর্ণিস্রোত রয়েছে। এই ঘূর্ণিস্রোতের কারণেই ভাঙনের সৃষ্টি হয়েছে। গতবার সেতুর কাছে ২০০ মিটার থেকে বেশি জায়গা ভেঙে গিয়েছিল। সেতুর নিচে ও পাশে এভাবে ভাঙন চলতে থাকলে সেতুটির জন্য বড় ঝুঁকি তৈরি হবে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।’
আরও পড়ুন: পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রাঙ্গাবালীতে ছাত্রদল-যুবদলের আনন্দ মিছিল
২০২৩ সালের ৪ নভেম্বর ৫৫০ মিটার দৈর্ঘ্য এবং ৯.৮০ মিটার প্রস্থের ‘লিটন চৌধুরী’ নামের সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এই সেতুর নির্মাণের ফলে শিবচর সদরের সঙ্গে দত্তপাড়া, শিরুয়াইল, নিলখী ইউনিয়নের সরাসরি যোগাযোগ স্থাপন হয়েছে। এর ফলে এই অঞ্চলের লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে।
শিবচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ৯৭ কোটি ৫০ লাখ টাকা খরচে আড়িয়াল খাঁ নদের ওপর সেতুটি নির্মিত হয়েছে। সেতুটিতে রয়েছে ১১টি স্প্যান এবং ৯টি পিয়ার। পাইলের সংখ্যা ১২৩টি এবং পাইলের দৈর্ঘ্য ৪৮ মিটার। সংযোগ সড়কের দৈর্ঘ্য ১.৫০ কিলোমিটার।
এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, ‘ভাঙনের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। আশা করছি, দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
