১০:৫০ এম
নারায়ণগঞ্জ জেলার বন্দরের রিকশা গ্যারেজ মালিক ও ইসলামী আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
শুক্রবার (২১ আগস্ট) সকালে সাড়ে ৯টার দিকে মদনপুরের এলাকায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালান দেয়। এর ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে।
আরও পড়ুন: চট্টগ্রামে নাশকতার অভিযোগে সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তার
এদিকে, এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে বন্দরের সালেহনগর এলাকায় জাহিদ হাসান বুলবুল (৪৫) নামে রিকশা গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা করা হয়। নিহত বুলবুল সালেহনগর শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে এবং ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।
পরিবারের দাবি, ২০২৪ সালের আন্দোলনের সময়ে সালেহনগর এলাকায় বুলবুলের রিকশা গ্যারেজে লুটপাটের ঘটনায় তিনি বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সিফাতকে প্রধান আসামি করা হয়। অভিযোগ করা হয়, মামলাটি তুলে নিতে বিভিন্নসময় বুলবুলকে হুমকির সম্মুখীন হতে হয়েছে।
তারা জানান, বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় বুলবুলকে পেয়ে সিফাত ও আরও কয়েকজন ফের মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন। এই নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বুলবুলকে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় হামলা ও লুটপাটের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত সিফাতকে পুলিশ গ্রেফতার করেছে।
বন্দর থানার ওসি জামাল হোসেন বলেছেন, “প্রধান অভিযুক্ত সিফাতকে রাতেই গ্রেফতার করা হয়েছে। আন্দোলনকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন