০৭:২৯ পি.এম
ক্রিকেটের মাঠে বহু বছর ব্যাট হাতে নেতৃত্ব দেওয়ার পর, এবার কোচিংয়ে দলের পথপ্রদর্শক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন কেইন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি দল ডারবান সুপার জায়ান্টস ২০২৭ মৌসুমের জন্য সাবেক নিউজিল্যান্ড অধিনায়ককে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, উইলিয়ামসন আসছেন ল্যান্স ক্লুজনারের স্থানে, যিনি দলের প্রথম আসর থেকেই দায়িত্ব পালন করে আসছেন। ২০২৫ ও ২০২৬ মৌসুমে ডারবানের হয়ে খেলেছেন উইলিয়ামসন, যেখানে ১৫ ম্যাচে ৩৪৩ রান সংগ্রহ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, কোচিংয়ে মনোযোগ দিয়েছেন এই কিউই তারকা। এর আগে তিনি আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টসের কৌশলগত উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।
উইলিয়ামসন ডারবানে ক্রিকেট পরিচালক টম মুডির সঙ্গে কাজ করবেন। তবে, কোচিং স্টাফের অন্যান্য সদস্যদের নাম এখনও চূড়ান্ত হয়নি। ফ্র্যাঞ্চাইজিটি ২০২৭ মৌসুমের জন্য তাঁকে খেলোয়াড় হিসেবে ধরে রেখেছিল।
আরও পড়ুন: আমিনুল হক: খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকমুক্ত করতে হবে
নিউজিল্যান্ডের হয়ে ১১০ টেস্টে ৫৪.০৬ গড়ে ৯ হাজার ৫১৫ রান সংগ্রহ করেছেন উইলিয়ামসন, যা দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ। ১৭৫ ওয়ানডেতে তাঁর রান ৭ হাজার ২৫৬ এবং ৯৩ টি-টোয়েন্টিতে ২ হাজার ৫৭৫।
ক্লুজনারের অধীনে ডারবান চার মৌসুমের তিনটিতে লিগ পর্ব থেকে বিদায় নিয়েছে। ২০২৪ সালে রানার্সআপ হওয়া তাদের সেরা সাফল্য। গত মৌসুমে ১০ ম্যাচে মাত্র তিন জয় নিয়ে পঞ্চম স্থানে ছিল দলটি। আগামী ১৯ জানুয়ারি প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে ডারবান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন