০৭:৪২ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির মধ্যে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে, এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভিসি প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. আবদুস সালাম, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও অফিসপ্রধানরা।
শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি
আরও পড়ুন: সাবেক আইজিপির আহ্বান, মানব পাচারকারী চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে হবে
১৪ ডিসেম্বর (সোমবার) সকাল ৬টা ২০ মিনিটে ভিসি ভবনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি শুরু হবে। সকাল সাড়ে ৬টায় অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সমবেত হবেন।
সকাল ৬টা ৩৫ মিনিটে ভিসি প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণের কবরস্থান, জগন্নাথ হল প্রাঙ্গণের স্মৃতিসৌধ এবং বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যাত্রা করবেন। এদিন সকাল সোয়া ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ভিসির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়াসহ বিভিন্ন হলের মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় দোয়া এবং প্রার্থনার আয়োজন করা হবে।
মহান বিজয় দিবসের কর্মসূচি
আরও পড়ুন: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে অধ্যাপক শরীফ-আর-রাফি নিয়োগ
১৬ ডিসেম্বর (বুধবার) মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকাল ৬টা ২০ মিনিটে ভিসি ভবনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৬টায় ভিসি ভবনসংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সমবেত হবেন।
সকাল ৬টা ৩৫ মিনিটে ভিসি প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিজয় দিবসের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সন্ধ্যা পৌনে ৬টায় টিএসসি মিলনায়তনে সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের যৌথ ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান পরিবেশিত হবে।
এছাড়া বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়াসহ বিভিন্ন হল ও আবাসিক এলাকার মসজিদে শহিদদের রুহের মাগফেরাত এবং দেশের সমৃদ্ধি ও উন্নতি কামনায় দোয়া করা হবে। অন্যান্য উপাসনালয়ে শহিদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনাসভার আয়োজন করা হবে।
দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, কার্জন হল, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও স্মৃতি চিরন্তনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আলোকসজ্জা করা হবে।
আরও পড়ুন: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ শুরু হচ্ছে আগামীকাল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন