০২:২৬ পি.এম
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : কেমব্রিজ ডিকশনারি কর্তৃপক্ষ ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে ‘হিউম্যান’ নির্বাচন করেছে। এই শব্দটির অর্থ হলো- দেবতা, প্রাণী বা যন্ত্রের বিপরীতে মানুষের মধ্যে বিদ্যমান গুণাবলি, ত্রুটি ও অনুভূতির অধিকারী হওয়া।
কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের বোর্ড সদস্য ফ্রান্সেসকা উডওয়ার্ড জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তার এবং এর ফলে মানবজাতির বিলুপ্তির আশঙ্কার প্রেক্ষাপটে শব্দটি ‘২০২৬ সালের সময়ের চেতনা’ ধারণ করেছে।
বার্তা সংস্থা এএফপি লন্ডন থেকে এই তথ্য প্রকাশ করেছে।
আরও পড়ুন: বিজেপি নেতার কটাক্ষ, রাহুলকে ভারতের ‘মীরজাফর’ বললেন গৌরব ভাটিয়া
ফ্রান্সেসকা উডওয়ার্ড বলেন, গত ১২ মাসে বিশেষ করে এআই মানুষের কর্মসংস্থান দখল করে নিতে পারে—এমন উদ্বেগের কারণে মানুষ ‘মানুষ হওয়ার প্রকৃত অর্থ’ নিয়ে গভীরভাবে ভাবছে।
তিনি আরও বলেন, ‘মানুষ আসলে কী, তা নিজেদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে।’
‘হিউম্যান’ শব্দটি এআই ও অনলাইন জগতের সঙ্গে সম্পর্কিত আরও কয়েকটি শব্দকে পেছনে ফেলে বর্ষসেরা শব্দের স্বীকৃতি পেয়েছে। এতে প্রযুক্তি কীভাবে আমাদের জীবনকে পরিবর্তন করছে, সে বিষয়ে বিশ্বজুড়ে মানুষের ব্যাপক আগ্রহের প্রতিফলন ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
কেমব্রিজ ডিকশনারির শব্দবিশারদরা ‘হিউম্যান-মেইড’ (মানুষের তৈরি) ও ‘হিউম্যান অথর’ (মানব লেখক) এর মতো যৌগিক শব্দে ‘হিউম্যান’ শব্দটির ব্যবহার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন।
আরও পড়ুন: ‘সত্য কথা বলায় বিরোধিতার মুখে পড়ছি’, পাকিস্তানের নতুন প্রদেশ বিতর্কে বিলাওয়াল
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দর্শন ও বিজ্ঞান বিভাগের অধ্যাপক টম ম্যাকক্লেল্যান্ড ‘হিউম্যান’ শব্দটিকে ‘খুবই আকর্ষণীয় একটি নির্বাচন’ হিসেবে অভিহিত করেন। তার মতে, বর্তমান সময়ে মানবতা সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তিত হচ্ছে।
এআই নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক
তিনি বলেন, ‘আমরা মানুষের মন ও কৃত্রিম মনের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করছি। একইভাবে আমাদের মতো জীবিত সত্তা এবং আমাদের তৈরি কৃত্রিম সত্তার মধ্যেও পার্থক্য খুঁজছি। আমাদের আলাদা করে কী—চেতনা, সৃজনশীলতা, নাকি সহমর্মিতা?’
মানুষ হওয়ার অর্থ কী, তা নিয়ে চলমান বিতর্কে বিশ্বনেতাদের পাশাপাশি পোপ চতুর্দশ লিও, বিল গেটস, ধ্রুপদি সাহিত্য ও সংস্কৃতির গবেষক মেরি বিয়ার্ড এবং অভিনেত্রী কেট ব্ল্যানচেটের মতো বিশিষ্ট ব্যক্তিরাও মতামত প্রকাশ করেছেন।
আরও পড়ুন: ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরাইলে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা
বর্ষসেরা শব্দ নির্বাচনের প্রতিযোগিতায় আরও ছিল ‘এজেন্ট’। এর অর্থ, এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা, যা মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই জটিলভাবে কাজ করতে সক্ষম।
এছাড়া প্রতিযোগিতায় ছিল ‘হোলসাম’। শব্দটির অর্থ এমন কিছু, যা শারীরিক ও নৈতিক বা মানসিকভাবে মানুষের জন্য উপকারী এবং জীবনকে উন্নত করতে পারে।
‘ডাসকিং’ শব্দটিও বিবেচনায় ছিল। এটি এক ধরনের অবসরযাপনের পদ্ধতি, যেখানে দিনের আলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাওয়ার দৃশ্য উপভোগ করা হয়।
নেদারল্যান্ডসের একটি ঐতিহ্যবাহী এই চর্চা প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক নতুন করে গড়ে তোলার উপায় হিসেবে আবার জনপ্রিয় হয়ে উঠেছে।
আরও পড়ুন: চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত: সি চিনপিং
২০২৬ সালে ডিকশনারিতে যুক্ত হওয়া অন্যান্য নতুন শব্দের মধ্যে রয়েছে ‘অরা ফার্মিং’। এর অর্থ, এমন কিছু করা, যার মাধ্যমে নিজের ব্যক্তিত্বের এমন দিক তুলে ধরা হয়, যা অন্যদের কাছে প্রশংসনীয় মনে হয়।
আরেকটি শব্দ ‘লুকসম্যাক্সিং’। এর অর্থ, নিজেকে শারীরিকভাবে যতটা সম্ভব আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা।
কেমব্রিজ ডিকশনারির ওয়েবসাইটে কোন শব্দগুলো বেশি খোঁজা হচ্ছে, তা-সহ বিভিন্ন মানদণ্ড বিবেচনা করে বর্ষসেরা শব্দ ও নতুন শব্দ নির্বাচন করা হয়।
আগামী বছর নজরে রাখার মতো শব্দের তালিকায় রয়েছে ‘ফোবো’। এর অর্থ, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজ করে দিতে পারায় নিজের কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় হয়ে পড়ার ভয়।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
আরেকটি শব্দ ‘ওয়েদার হুইপল্যাশ’। এর অর্থ, আবহাওয়ার এক চরম অবস্থা থেকে দ্রুত আরেক চরম অবস্থায় পরিবর্তিত হওয়া।
গত বছর বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছিল ‘প্যারাসোশ্যাল’। ব্যক্তিগতভাবে পরিচিত নন, এমন কোনো বিখ্যাত ব্যক্তি কিংবা কাল্পনিক চরিত্রের সঙ্গে নিজের এক ধরনের সম্পর্ক বা ঘনিষ্ঠতা অনুভব করাকে বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন