ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কাস্পিয়ান সাগরে হামলার ঘটনায় জেলেনস্কিকে দায়ী করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী


কাস্পিয়ান সাগরে হামলার ঘটনায় জেলেনস্কিকে দায়ী করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে প্রাণঘাতী হামলার ঘটনায় সরাসরি দায়ী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গত শনিবার সকালে ঘটে যাওয়া ওই হামলায় এক ইরানি নাবিক নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আরাগচি কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে, কিয়েভ কোনোভাবেই বিনা জবাবে পার পাবে না।

এই হুঁশিয়ারির ঠিক আগেই কাস্পিয়ান সাগরে দূরপাল্লার হামলার বিষয়টি নিশ্চিত করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, মূলত ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সরঞ্জাম পরিবহনকারী নিষিদ্ধ কার্গো জাহাজগুলোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।

তবে তেহরান শুরু থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিজেদের সম্পূর্ণ নিরপেক্ষ দাবি করে আসছে। এ ঘটনার তাঁরা ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক কাজ’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানান। এমনকি, প্রতিবাদস্বরূপ তেহরানে নিযুক্ত ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও তলব করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে।

আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি এই হামলাকে ‘জাতিসংঘের সনেদের সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, ইউরোপকে নিজেদের যুদ্ধে টেনে আনার জন্য ‘ইসরায়েলের নির্দেশেই’ এমন জঘন্য হামলা চালানো হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে টেলিফোনে সরাসরি কথা বলেছেন। ওই ফোনালাপে আরাগচি স্পষ্ট করে জানিয়ে দেন, কিয়েভের পরনির্ভরশীল সরকার যা করেছে, তার কড়া জবাব দেওয়া হবেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক সেনাপ্রধানদের তালিকায় বাবার ছবি দেখে আবেগাপ্লুত হলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১২:৫১ এম


সাবেক সেনাপ্রধানদের তালিকায় বাবার ছবি দেখে আবেগাপ্লুত হলেন প্রধানমন্ত্রী

ঢাকা সেনানিবাসের সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত 'সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক সেনাপ্রধানদের ছবির তালিকা ঘুরে দেখার সময় প্রধানমন্ত্রীর জন্য একটি বিশেষ মুহূর্ত ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি বাবার ছবিটি দেখে থমকে যান।

রোববার, ২৬ জুলাই সকালে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বক্তব্য দেওয়ার আগে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি সাবেক প্রধানদের ছবির গ্যালারি পরিদর্শন করেন। সেখানে জেনারেল এম. এ. জি. ওসমানী, জেনারেল জিয়াউর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদসহ মোট ১২ জন সাবেক সেনাপ্রধানের ছবি প্রদর্শিত ছিল।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও সংগঠিত রূপ তৈরিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এছাড়া, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনীর বীর সদস্য এবং পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী সেনাসদস্যদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি মন্তব্য করেন যে, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠতে হবে। পদোন্নতির ক্ষেত্রে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি এবং সামরিক শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকাকে ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং বেসামরিক প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে সেনাবাহিনী সবসময় প্রশংসনীয় অবদান রেখে আসছে। এরপর তিনি সেনাবাহিনী প্রধানসহ পুরো বাহিনীর সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জানান।

এর আগে, সকালে সেনাসদরে এসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। অনুষ্ঠানে নির্বাচনি পর্ষদের উদ্বোধন করায় সেনাপ্রধান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোজতবা খামেনি, হিজবুল্লাহর প্রশংসা করে তাদের প্রতিরোধকে বিশ্বের অনুপ্রেরণা বললেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১২:৫৪ এম


মোজতবা খামেনি, হিজবুল্লাহর প্রশংসা করে তাদের প্রতিরোধকে বিশ্বের অনুপ্রেরণা বললেন

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবিচল থেকে বুক চিতিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের দৃঢ়তার ভূয়সী প্রশংসা করে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে একটি ‘দুর্ভেদ্য প্রাচীর’ হিসেবে আখ্যায়িত করেছেন। একইসঙ্গে, লেবানিজ এই যোদ্ধাদের রক্ষা করাকে ইসলামী প্রজাতন্ত্রটির ‘কৌশলগত নীতি’ হিসেবেও ঘোষণা দিয়েছেন তিনি।

হিজবুল্লাহর মহাসচিব ও এর যোদ্ধাদের পাঠানো এক আনুগত্যপত্রের জবাবে খামেনি এসব কথা বলেন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, খামেনি বলেছেন, হিজবুল্লাহর এই প্রতিরোধ বিশ্বজুড়ে নিপীড়ন ও ‘বৈশ্বিক দাম্ভিকতা’র বিরুদ্ধে সংগ্রামরত স্বাধীন জাতিগুলোর জন্য এক অনুপ্রেরণামূলক বার্তায় পরিণত হয়েছে।

চিঠিতে খামেনি লেখেন, লেবাননের হিজবুল্লাহ এখন জায়নবাদী ইসরায়েল ও তাদের সমর্থকদের আগ্রাসনের বিরুদ্ধে জিহাদি গোষ্ঠীগুলোর অগ্রদূত হিসেবে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। সর্বোচ্চ এই নেতা ‘নিপীড়িত অথচ শক্তিশালী’ এই যোদ্ধাদের সুরক্ষাকে ইরানের কৌশলগত নীতি হিসেবে নির্ধারণ করেছেন। সেই সাথে, যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ অবসানের যেকোনো চুক্তির প্রথম শর্ত হিসেবে লেবাননের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা এবং ইসরায়েলি ‘আগ্রাসন’ সম্পূর্ণ ও নিঃশর্তভাবে প্রত্যাহারের কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি।

পাশাপাশি, সংঘাতের এই কঠিন সময়ে হিজবুল্লাহর পাশে দৃঢ়ভাবে সমর্থন জোগানোর জন্য লেবাননের সাধারণ জনগণ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ভূমিকারও দারুণ প্রশংসা করেছেন ইরানের এই সর্বোচ্চ নেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টালমাটাল ইংল্যান্ড, পাকিস্তান সিরিজে অন্তর্বর্তী কোচ ট্রেসকোথিকের দায়িত্ব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০১:০১ এম


টালমাটাল ইংল্যান্ড, পাকিস্তান সিরিজে অন্তর্বর্তী কোচ ট্রেসকোথিকের দায়িত্ব

অ্যাশেজে ব্যর্থতার পর, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হার এবং এ সব মিলিয়ে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট বর্তমানে টালমাটাল অবস্থায় রয়েছে। এই অবস্থার মধ্যেই অভিজ্ঞ অলরাউন্ডার বেন স্টোকসের আচমকা অবসর এবং চার বছর দায়িত্ব পালনের পর টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককলামকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তবে আগামী ১৯ আগস্ট থেকে যে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে, সেখানে জো রুটই ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, সহকারী কোচ মার্ক ট্রেসকোথিক অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

ম্যাককলামের উত্তরসূরি খোঁজার প্রক্রিয়ায় কিছু জটিলতা তৈরি হয়েছে। ইংল্যান্ডের প্রথম পছন্দ হিসেবে আলোচনায় থাকা অ্যান্ডি ফ্লাওয়ার নিজেকে এই দৌড় থেকে সরিয়ে নিয়েছেন। তিনি আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের সঙ্গে তার কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতোমধ্যেই কয়েকজন সম্ভাব্য কোচের সঙ্গে আলোচনা করেছে। কিন্তু তারা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছে না। কারণ, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের পর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পূর্বে স্থায়ী কোচ নিয়োগের জন্য তাদের হাতে যথেষ্ট সময় রয়েছে।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, পাকিস্তান সিরিজের আগে নতুন কোচ নিয়োগের সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। তবে সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান ও দীর্ঘদিনের সহকারী কোচ মার্ক ট্রেসকোথিকের পাকিস্তান সিরিজে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করা প্রায় নিশ্চিত।

দক্ষিণ আফ্রিকা সফরের আগে ট্রেসকোথিককে দায়িত্ব দেওয়ার মাধ্যমে ইসিবি অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে পারে। এ ছাড়া, কোচ পদের জন্য গ্ল্যামারগানের কোচ রিচার্ড ডসনের নামও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

যদি ইসিবি কোনো ইংলিশ কোচ নিয়োগ না দেয়, তাহলে টেস্ট দলের প্রধান কোচ হিসেবে তাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের তারিখ জানাল উয়েফা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০১:১২ এম


চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের তারিখ জানাল উয়েফা

ক্লাব পর্যায়ের সবচেয়ে রোমাঞ্চকর প্রতিযোগিতা হিসেবে পরিচিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এখন দরজায় কড়া নাড়ছে। ২০২৬-২৭ মৌসুমের জন্য লিগ পর্বের ড্রয়ের তারিখও এখন চূড়ান্ত হয়েছে।

ইউরোপের শীর্ষ ফুটবল সংস্থা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, আগামী ২৭ আগস্ট ইউরোপের সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতার ৩৬ দলের জন্য পথ নির্ধারণের কাজ সম্পন্ন হবে।

এখনো একাধিক দলের চ্যাম্পিয়ন্স লিগের ভাগ্য এখনও ঝুলে আছে। চ্যাম্পিয়ন্স লিগের প্রতিযোগীতার বাছাইপর্বের নকআউট শিগগিরই অনুষ্ঠিত হবে। দুই লেগের বাছাইপর্বে উতরে যেতে পারলে দলগুলো নিশ্চিত করবে তাদের টিকিট। প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১৮-১৯ আগস্ট তারিখে, এবং ফিরতি লেগটি হবে ২৫-২৬ আগস্ট।

বাছাইপর্ব শেষ হতেই পরের দিন প্রত্যেক প্রতিযোগী দলকে নিয়ে ড্র অনুষ্ঠিত হবে। একক-লিগের ফরম্যাটটি শুরু হয়েছিল ২০২৪-২৫ মৌসুমে। ৩৬ দলের প্রত্যেকটি দল প্রথম পর্বে ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে মোট আটটি ম্যাচ খেলবে, যার মধ্যে চারটি হবে হোম এবং চারটি অ্যাওয়ে। শীর্ষ আট দল সরাসরি নকআউটে প্রবেশ করবে। নবম থেকে ২৪তম স্থান অধিকারী দলগুলো দুই লেগের প্লে অফ খেলে শেষ ষোলোতে প্রবেশ করবে।

গত দুটি আসরের চ্যাম্পিয়ন হিসাবে প্যারিস সেন্ট জার্মেই পরিচিত। দুইবারের জন্য এই প্রতিযোগিতাটি নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%