০২:৫৭ এম
লেবাননের পূর্বাঞ্চলে সিরীয় শরণার্থীদের একটি শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ৭৫টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। রোববার তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই তথ্য প্রকাশ করেছে।
আনাদোলুর সংবাদদাতার তথ্য অনুযায়ী, বেকা উপত্যকার জাহলে জেলার বার ইলিয়াস শহরে অবস্থিত শিবিরটিতে প্রায় ৪৮৬ জন শরণার্থী বসবাস করতেন।
অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। আনাদোলুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগুনে শিবিরের ৫৯টি তাবু পুড়ে গেছে, তবে এতে কেউ আহত হয়নি।
আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পের রুশ নেতা পুতিনের প্রশংসা
অন্যদিকে, লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের বরাতে জানিয়েছে, আগুনে ৩০টি তাবু এবং একটি গাড়ি পুড়ে গেছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, সাদা সড়কের পাশে অবস্থিত শিবিরটিতে কয়েকটি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ধোঁয়ায় আক্রান্ত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে বার ইলিয়াসের আল-নাসরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
২০১১ সালে প্রতিবেশী সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছে। দেশটিতে শরণার্থীদের জীবনযাত্রার সংকটের মধ্যে নতুন করে এই অগ্নিকাণ্ড পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে।
লেবাননের কর্তৃপক্ষের জানুয়ারির হিসাব অনুযায়ী, দেশটিতে প্রায় ১৫ লাখ সিরীয় শরণার্থী বসবাস করছেন। তাদের মধ্যে প্রায় ৮ লাখ ৮০ হাজার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরে নিবন্ধিত।
আরও পড়ুন: সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার করার নির্দেশ
এদিকে, সিরীয় শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবাসন সহজ করার উদ্যোগ গ্রহণ করেছে লেবানন সরকার। ২০২৫ সালের জুনে স্বেচ্ছায় প্রত্যাবাসন কর্মসূচি চালু করা হয়েছে।
ইউএনএইচসিআরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ লেবানন থেকে পাঁচ লাখের বেশি সিরীয় শরণার্থী দেশে ফিরে আসবেন বা ফিরে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে প্রায় ২ লাখ ৪০ হাজার ৩০০ জনের প্রত্যাবর্তন স্বেচ্ছামূলক হিসেবে নিশ্চিত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন