ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘মানুষ হত্যা করে পুরোনো রাজনীতিতে ফিরতে চায় আওয়ামী লীগ’


‘মানুষ হত্যা করে পুরোনো রাজনীতিতে ফিরতে চায় আওয়ামী লীগ’

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সতর্ক করে বলেছেন, "আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি সেটা আইনগতভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে।"

তিনি এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এবি পার্টি সুনামগঞ্জ জেলা আহ্বায়ক সৈয়দ তালহা আলমের সভাপতিত্বে এবং আরিফ বিল্লাহ আনসারের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: রাজধানীতে আজ জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

মঞ্জু আরও বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের মূল নেতৃত্বে ছিল তরুণ ও যুবকরা। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ৯০-এর গণআন্দোলনসহ সবক্ষেত্রেই যুব নেতৃত্বের ত্যাগী ভূমিকা ছিল বিজয়ের মূল চাবিকাঠি।"

তিনি উল্লেখ করেন, "দুর্ভাগ্যের বিষয় হলো, তরুণ-যুবকরা রাজপথে যতটা সফল, ক্ষমতার চেয়ারে তাদের সাফল্য সে তুলনায় কম। যুব নেতৃত্ব যেদিন রাজপথ ও ক্ষমতার চেয়ারে সমানভাবে সাফল্য দেখাতে পারবে, সেদিনই রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব হবে।"

মঞ্জু আওয়ামী লীগের সন্ত্রাসবাদ ও নৈরাজ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, "তরুণদের অনৈক্য এবং সরকারি দলের প্রহসনমূলক কর্মকাণ্ডের কারণে পরাজিত ফ্যাসিবাদ আবার স্বরূপে আবির্ভূত হওয়ার সাহস পাচ্ছে।"

তিনি বলেন, "গাড়ি-বাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে যারা বলে আমরা আবার রাজনীতিতে ফিরব, তাদের বোঝা উচিত, জনগণকে নির্যাতন-নিপীড়নে অতিষ্ঠ করার কারণেই তাদের শোচনীয় পতন হয়েছিল।"

আরও পড়ুন: আজ যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

সরকারের নির্লিপ্ততার সমালোচনা করে মঞ্জু বলেন, "আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি সেটা আইনগতভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে।"

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "দেশে যদি গৃহযুদ্ধ বাঁধে, তাহলে তার দায় সরকার ও আওয়ামী লীগকে যৌথভাবে বহন করতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান বলেন, "বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তরুণেরা বারবার পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে এবং গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জীবন দিয়েছে।"

তিনি আরও বলেন, "কিন্তু রাজনৈতিক দলগুলো তরুণদের মেধা, সাহস, উদ্যম ও আবেগকে ইতিবাচক রাষ্ট্র গঠনে কাজে লাগানোর পরিবর্তে দলীয় স্বার্থে ব্যবহার করেছে।"

আরও পড়ুন: মালয়েশিয়ার কথা বলে ৮ দিন সাগরে ভাসিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা

নোমান অভিযোগ করেন, "দখলদারত্ব, চাঁদাবাজি, সংঘর্ষ, সন্ত্রাস ও সহিংসতার রাজনীতিতে তরুণদের জড়িয়ে তাদের সম্ভাবনাকে ধ্বংস করা হয়েছে। অথচ তরুণদের কাজ হওয়ার কথা ছিলো নতুন চিন্তা, উদ্ভাবন, নেতৃত্ব, কর্মসংস্থান সৃষ্টি এবং রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখা।"

প্রধান বক্তার বক্তব্যে এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন বলেন, "তরুণ সমাজকে যোগ্য ও দায়িত্বশীল করে গড়তে পারলে সমাজ এগিয়ে যাবে।"

তিনি বলেন, "মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ-টেন্ডারবাজমুক্ত সমাজ গড়তে এবি যুব পার্টিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবকদের দেশের সম্পদে পরিণত করতে হবে।

আরও পড়ুন: পঞ্চগড়ে ইজতেমা বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের মহাসড়ক অবরোধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টির কারণে ভারতকে বঞ্চিত করে শিরোপা জিতলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ এম


বৃষ্টির কারণে ভারতকে বঞ্চিত করে শিরোপা জিতলো পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেটের মঞ্চে ভারত এবং পাকিস্তানের মুখোমুখি হওয়া মানে পুরনো প্রতিদ্বন্দ্বিতায় নতুন একটি রং যুক্ত হওয়া। এই ম্যাচে তৈরি হয় এক ভিন্ন আবহ, যেখানে আবেগ এবং মর্যাদার প্রশ্ন জড়িয়ে থাকে। এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডের ফাইনালেও ছিল তেমনই একটি লড়াইয়ের প্রতীক্ষা। কিন্তু গতকাল শুক্রবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রকৃতি সেই চিরচেনা উত্তাপ ছড়ানোর সুযোগ দেয়নি, শেষ পর্যন্ত রাজত্ব করেছে বৃষ্টি। এক বলও মাঠে না গড়ানোর কারণে ভারতকে শিরোপাবঞ্চিত করে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা পাকিস্তান শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে।

এদিন মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের সঙ্গে ট্রফি জয়ের আনন্দ ভাগাভাগি করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার। তিনি ফাইনালের উত্তাপ গায়ে না মেখে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা জানান। একইসাথে এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। আনভীর ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রশংসা করেন। তিনি বলেন, “টুর্নামেন্টে অংশ নেওয়া সব খেলোয়াড়কে তাঁদের সাহসিকতার জন্য স্যালুট জানাচ্ছি, বিশেষ করে চ্যাম্পিয়ন পাকিস্তানকে। এমন দুর্দান্ত আয়োজন করে খেলোয়াড়দের পাশে থাকার জন্য আয়োজকসহ পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আরো বেশি এ ধরনের আয়োজন করে তাঁরা খেলোয়াড়দের অনুপ্রাণিত করবেন।”

গ্রুপ পর্বে তিনটি ম্যাচের সবকটিতে জয়ী হয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছিল পাকিস্তান। অন্যদিকে, ওই পাকিস্তানের কাছে হেরে দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে ওঠে ভারত। গতকাল বৃষ্টির কারণে ফাইনাল মাঠে না গড়ানোর ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পাকিস্তানের হাতে উঠেছে সোনালি ট্রফি। ভারতীয় দল রানার্স আপ ট্রফি নিতে মঞ্চে ওঠেনি, কারণ তারা শিরোপা না জিতার বিষয়ে আপত্তি জানিয়েছে। তবে শিরোপা না জিতলেও ভারতের জন্য এই আসর মোটেও ব্যর্থতার গল্প নয়। কারণ তিন ক্যাটাগরিতে আসরের সেরা হওয়া তিনজনই ভারতীয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটির চেয়ারম্যান এস এম আবদুল্লাহ আল ফুয়াদ। সম্মানিত অতিথি ছিলেন রংপুর রাইডার্সের পরিচালক শেজাদ আকবর সোবহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের সভাপতি ও পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ সুলতান শাহ, যুব ও ক্রীড়া মন্ত্রীর এপিএস ইব্রাহীম খলীল। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের সাধারণ সম্পাদক রজনীশ হেনরি, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) পরিচালক মইন ইকবাল, বিবিসিসির সহসভাপতি নারায়ণ চন্দ্র দাস, পরিচালক (গেম) ব্যারিস্টার মাহিন এম রহমান, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সদস্য ও সংগঠক বশিরুল ইসলাম খান রানা, ‘নতুন ঠিকানা’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুন এবং ‘সুবর্ণধারা বিল্ডার্স লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক এস এম শফিকুল ইসলাম।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ প্রস্তুত থাকলেও বৃষ্টি সেই রোমাঞ্চ কেড়ে নেয়। তবে পাকিস্তানের তাঁবুতে শিরোপা জয়ের আনন্দে একটুও ভাটা পড়েনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে পড়লেন হাসান মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২২ এম


দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে পড়লেন হাসান মাহমুদ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ দলের পেস বোলিংয়ে সম্প্রতি হাসান মাহমুদ অন্যতম নির্ভরযোগ্য নাম হিসেবে আবির্ভূত হয়েছেন। প্রতিপক্ষের পরিচয় যাই হোক, দেশের মাটিতে কিংবা বিদেশে, এই ডানহাতি পেসার নিয়মিত সাফল্য অর্জন করছেন। জোহানেসবার্গ টেস্টে প্রথম ইনিংসে তিনি চার উইকেট নিয়ে দলের সেরা পারফরমার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

তবে, বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্টে হাসানকে পাচ্ছে না। ডান কনুইয়ের চোটের কারণে তিনি চলমান দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে পড়েছেন। রবিবার তিনি দেশে ফিরবেন।

সিরিজের দ্বিতীয় টেস্ট এবং পরবর্তী সাদা বলের সিরিজে হাসানকে দেখা যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হাসান পরবর্তী সিরিজগুলোর জন্য প্রস্তুতির লক্ষ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। জোহানেসবার্গ টেস্টে তিনি তেমন স্বস্তিতে ছিলেন না। কট অ্যান্ড বোল্ডের সুযোগ মিস করার পর কপালে আঘাত পেলেও, তিনি খেলা চালিয়ে যান। পরে টেনিস এলবোর পুরনো ব্যথা আবার শুরু হয়। টেস্ট চলাকালীন বেশ কয়েকবার মাঠে ফিজিওর কাছ থেকে চিকিৎসা নেন হাসান এবং একবার মাঠও ছেড়ে যান। বর্তমানে দেশে ফিরে ডাক্তার দেখানোর পর প্রয়োজনে তাঁকে বিদেশেও পাঠানো হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭৫৫ দিন পর টেস্ট সিরিজ জিতে শ্রীলঙ্কাকে হারালো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২২ এম


৭৫৫ দিন পর টেস্ট সিরিজ জিতে শ্রীলঙ্কাকে হারালো পাকিস্তান

পাকিস্তান শেষ কবে টেস্ট সিরিজ জিতেছিল? দিন-তারিখের হিসাব বের করতে হলে ক্যালেন্ডারের পাতা উল্টাতে হবে বেশ কিছুক্ষণ। এক নয়, দুই নয়—৭৫৫ দিন আগে সর্বশেষ লাল বলের সিরিজ জিতেছিল বাবর আজমের নেতৃত্বাধীন দল।

২০২৪ সালের ২৬ অক্টোবর রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডকে ৯ উইকেটে পরাজিত করে তিন ম্যাচের টেস্ট সিরিজ নিজেদের দখলে নিয়েছিল তারা। সেই একই ভেন্যুতে গতকাল শুক্রবার শ্রীলঙ্কাকে আট উইকেটের ব্যবধানে হারিয়ে ফের সিরিজ জয়ের স্বাদ গ্রহণ করল পাকিস্তান।

দুই বছর আগে ইংল্যান্ডকে পরাজিত করার পর পাকিস্তান ছয়টি টেস্ট সিরিজে অংশগ্রহণ করে, যার মধ্যে তিনটি ড্র এবং তিনটিতে পরাজিত হয়েছে। এর মধ্যে সর্বশেষ ইংল্যান্ড সফরে ইংলিশদের মাটিতে প্রথমবার হোয়াইটওয়াশের সম্মুখীন হয়েছিল তারা। এবার শ্রীলঙ্কার বিপক্ষে রানবন্যার প্রথম টেস্ট ড্র হয়েছিল। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৯৮ রানে গুটিয়ে গেলে সাড়ে ৭০০ দিন পর লাল বলের সিরিজ জেতার স্বপ্ন দেখতে শুরু করে পাকিস্তান।

পাকিস্তানি ব্যাটারদের অসাধারণ নৈপুণ্যে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৩২৫ রান তোলে বাবরের দল। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা কিছুটা ঘুরে দাঁড়ালেও পাকিস্তানের জন্য জয়ের লক্ষ্য ছিল মাত্র ৯০ রান। চতুর্থ দিনের সকালের সেশনে মাত্র দুই উইকেট হারিয়ে সেই লক্ষ্য অর্জন করে স্বাগতিকরা। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস। ক্রিকইনফো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সম্ভাবনা, নতুন ওষুধে টিউমার কমছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ এম


অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সম্ভাবনা, নতুন ওষুধে টিউমার কমছে

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যেখানে পরীক্ষামূলক ওষুধের মাধ্যমে টিউমার উধাও হয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় গত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় অগ্রগতির সম্ভাবনা। নতুন একটি ওষুধের পরীক্ষায় দেখা গেছে, দৈনিক সেবনে কিছু রোগীর টিউমার ছোট হয়ে এসেছে এবং কিছু ক্ষেত্রে স্ক্যানে ক্যানসারের অস্তিত্বও শনাক্ত করা যায়নি।

‘ড্যারাক্সনরাসিব’ নামের এই ওষুধটি কেমোথেরাপির সঙ্গে প্রয়োগ করে প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল দেখিয়েছে। অগ্ন্যাশয়ের ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে, এমন ৬১ জন রোগী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে প্রায় ১২ শতাংশের ক্ষেত্রে সিটি স্ক্যানে ক্যানসারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

প্রায় ৯০ শতাংশ রোগীর টিউমারের বৃদ্ধি থেমে গেছে, অন্যদিকে ৬০ শতাংশের কিছু বেশি রোগীর টিউমার ছোট হয়েছে অথবা সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। তবে চিকিৎসকেরা সতর্ক করেছেন যে, এই ওষুধ কতদিন ক্যানসারের অগ্রগতি রোধ করতে সক্ষম হবে, তা এখনো নিশ্চিত নয়। এটিকে ক্যানসারের নিরাময় হিসেবেও দেখা উচিত নয়।

কয়েক দশকের মধ্যে বড় অগ্রগতি

ক্যানসার রিসার্চ ইউকে এই গবেষণার ফলাফলকে অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় ‘কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেছে।

সংস্থাটির চিকিৎসক স্যাম গডফ্রে বিবিসিকে জানান, গবেষণার ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি বলেন, নতুন ওষুধটি এমন একটি সমস্যার সমাধানের পথ দেখিয়েছে, যা এতদিন ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব ছিল। তিনি আরও বলেন, অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় দীর্ঘদিন ধরে যে অগ্রগতির অপেক্ষা ছিল, অবশেষে তা দেখা যাচ্ছে।

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসা অত্যন্ত কঠিন। যুক্তরাজ্যে সাধারণ ক্যানসারগুলোর মধ্যে এ রোগে আক্রান্তদের বেঁচে থাকার হার সবচেয়ে কম। কেমোথেরাপিতে টিউমারের আকার কিছুটা কমলেও প্রায়ই আবার ক্যানসারের বিস্তার শুরু হয়। রোগের অগ্রসর পর্যায়ে আক্রান্ত অধিকাংশ রোগী বছরের বদলে কয়েক মাস বেঁচে থাকেন।

নতুন চিকিৎসাটি ক্যানসার পুরোপুরি নির্মূল করতে না পারলেও রোগীদের আয়ু বাড়াতে সহায়তা করতে পারে, এমন আশা করছেন চিকিৎসকেরা।

গবেষণায় রোগীদের গড়ে দেড় বছর পর্যবেক্ষণ করা হয়েছে। এ সময়ে কারও শরীরে ক্যানসার ফিরে আসেনি। তবে রোগটি কতদিন নিয়ন্ত্রণে রাখা সম্ভব, তা জানতে আরও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন।

কীভাবে কাজ করে ওষুধটি?

ড্যারাক্সনরাসিব একটি লক্ষ্যভিত্তিক ক্যানসারবিরোধী ওষুধ। এটি আরএএস নামের নির্দিষ্ট জিনগত পরিবর্তনকে লক্ষ্য করে কাজ করে। অগ্ন্যাশয়ের অধিকাংশ ক্যানসারে এই পরিবর্তন পাওয়া যায়, যা টিউমারের বৃদ্ধি ও বিস্তারে ভূমিকা রাখে।

ওষুধটি এসব পরিবর্তনের কার্যক্রম বন্ধ করে ক্যানসার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ফুসফুস ও ডিম্বাশয়ের ক্যানসারসহ আরও কয়েক ধরনের ক্যানসারে একই ধরনের জিনগত পরিবর্তন দেখা যায়। ফলে ভবিষ্যতে এসব ক্যানসারের চিকিৎসাতেও ওষুধটি কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের চিকিৎসক উংকি পার্ক বলেন, এখন পর্যন্ত পাওয়া ফলাফল অত্যন্ত উৎসাহব্যঞ্জক। টিউমারের ওপর ওষুধটির প্রভাব বাড়ার পাশাপাশি রোগ নিয়ন্ত্রণে রাখার সময়ও প্রায় দ্বিগুণ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে এর ফলে রোগীদের বেঁচে থাকার সময় বাড়তে পারে।

সম্মেলনের সভাপতি অধ্যাপক এলেনা গারালদা বলেন, নতুন এই সম্মিলিত চিকিৎসা রোগীদের সামগ্রিক বেঁচে থাকার সময় বাড়ানোর পাশাপাশি টিউমারের পুনরায় বৃদ্ধি শুরু হওয়ার আগের সময়ও দীর্ঘায়িত করতে পারে।

তবে চিকিৎসকেরা সতর্ক করেছেন, স্ক্যানে ক্যানসারের অস্তিত্ব দেখা না গেলেও রোগী পুরোপুরি ক্যানসারমুক্ত হয়েছেন, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এ জন্য দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ ও আরও গবেষণা জরুরি।

সূত্র:বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%