ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পঞ্চগড়ে ইজতেমা বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের মহাসড়ক অবরোধ


পঞ্চগড়ে ইজতেমা বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের মহাসড়ক অবরোধ

পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জুবায়েরপন্থি হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ঈমান-আকিদা রক্ষা কমিটি। তারা তাবলিগ জামাতের সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবি জানায়। গতকাল শুক্রবার, প্রায় দুই ঘণ্টা ধরে চলা অবরোধের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। তবে তারা রাত ১০টার মধ্যে ইজতেমা বন্ধ না হলে আবারও মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন। রাত সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইজতেমা মাঠে বয়ান চলছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় চিনিকল মাঠে গত বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়। সাদ অনুসারীদের আয়োজনে ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ঈমান-আকিদা রক্ষা কমিটি ৯ নভেম্বর সংবাদ সম্মেলন করে। তারা প্রশাসনের কাছে ইজতেমা আয়োজন বন্ধের দাবি জানায়। জেলা প্রশাসন বৃহস্পতিবার ও শুক্রবার চিনিকল মাঠে ইজতেমার অনুমতি দেয় এবং শুক্রবার জুমার নামাজের পর ইজতেমার কার্যক্রম বন্ধের কথা বলা হয়। কিন্তু বিকেল পর্যন্ত ইজতেমা কার্যক্রম চলমান থাকায় বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা জেলা শহরের চৌরঙ্গী মোড়ের পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এ সময় আন্দোলনকারীরা ইজতেমা মাঠের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের পুলিশ বাধা দেয়।

অবরোধের ফলে পঞ্চগড় শহরের গুরুত্বপূর্ণ চৌরঙ্গী মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাস, ট্রাক, পণ্যবাহী যানবাহনসহ বিভিন্ন পরিবহন আটকে পড়ে সড়কের দুই পাশে। এতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। জরুরি কাজে বের হওয়া মানুষ চরম ভোগান্তিতে পড়েন। পরে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ও সদর থানার ওসি মোকলেছুর রহমান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। দুই ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।

আরও পড়ুন: রাজধানীতে আজ জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিকেলে ইজতেমার মঞ্চে বক্তব্য দিয়ে আসরের নামাজের পর মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ করার আহ্বান জানান। প্রতিমন্ত্রীর এই আহ্বান অমান্য করে ইজতেমার কার্যক্রম চালু রাখা হয়। ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার হওয়ায় ইজতেমাস্থলে দুপুরের পর থেকে জুমার নামাজে মুসল্লিদের ঢল নামে। সেখানে একসঙ্গে নামাজ আদায় করেন কয়েক হাজার মুসল্লি।

জেলা শহরের তেলিপাড়া এলাকার মুসল্লি রহিমুল ইসলাম জানান, "আমাদের তিন দিন ইজতেমা হওয়ার কথা ছিল। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে এসেছি। মোনাজাত হয়েছে। তবে এখনও আখেরি মোনাজাত হয়নি। মাইকে আমাদের মাঠ ছেড়ে না যাওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়েছে। আমরা সেই নির্দেশনা মেনে এখানেই রয়েছি।"

পঞ্চগড় সাদ অনুসারী জেলা তাবলিগ জামাতের দায়িত্বশীল আব্দুল হক জানান, শুক্রবার জুমার দিন হওয়ায় দুপুরে ইজতেমাস্থলে জুমার নামাজের জামাত হয়। শনিবার (আজ) সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে। "আমাদের মোনাজাত হয়েছে। কিন্তু নিরাপত্তার স্বার্থে মাঠ ছেড়ে কাউকে যেতে নিষেধ করা হয়েছে।"

আরও পড়ুন: মালয়েশিয়ায় পাচারকালে লাবণী পয়েন্টে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ার কথা বলে ৮ দিন সাগরে ভাসিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৩ এম


মালয়েশিয়ার কথা বলে ৮ দিন সাগরে ভাসিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়া নেওয়ার কথা বলে মাছ ধরার ট্রলারে তোলা ৭২ জন নারী, পুরুষ ও শিশুকে মানবপাচারকারী চক্র আট দিন ধরে সাগরে ভাসিয়ে রাখে। পরবর্তীতে ট্রলারের মাঝিমাল্লা ও পাচারকারীদের মধ্যে বিরোধ দেখা দিলে যাত্রীদের কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে নামিয়ে দিয়ে তারা পালিয়ে যান।

শুক্রবার রাতে পুলিশ ২৮ জনকে উদ্ধার করেছে, যাদের মধ্যে একজন শিশু, দুজন নারী এবং ২৫ জন পুরুষ রয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, ট্রলারে থাকা অন্য যাত্রীরা বিভিন্ন দিকে চলে গেছেন।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে, তাদের মালয়েশিয়া নেওয়ার কথা বলে ট্রলারে তোলা হয়েছিল। কিন্তু মাঝপথে পাচারকারীদের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধ শুরু হয়। এক পর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টে তীরে ভিড়িয়ে দিয়ে তারা পালিয়ে যান।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় করে যাত্রীদের সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তোলা হয়। এরপর থেকে ৭২ জন ওই ট্রলারে অবস্থান করছিলেন, যাদের মধ্যে নারী ও শিশুও ছিলেন।

উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানিয়েছেন, ১২ নভেম্বর ছোট নৌকায় করে তাদের সাগরে থাকা বড় ট্রলারে নেওয়া হয়। এরপর কয়েকদিন সাগরে ভাসমান অবস্থায় থাকতে হয়। এ সময় ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও কথা-কাটাকাটি শুরু হয়।

ইলিয়াস বলেন, একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টের কাছে এনে তীরে ভেড়ানো হয়। পরে পাচারকারী চক্রের সদস্যরা দ্রুত নেমে পালিয়ে যান। তিনি অভিযোগ করেন যে, ওই সময় ট্রলারে থাকা দুজনকে আটকে রেখে বেঁধে রাখা হয়েছিল।

তার ভাষ্য অনুযায়ী, ট্রলারে মোট ৭২ জন ছিলেন। পুলিশ ২৮ জনকে উদ্ধার করেছে, বাকিরা ট্রলার থেকে নেমে বিভিন্ন দিকে চলে যান।

মানবপাচারে আব্দুল আমিনের সংশ্লিষ্টতার অভিযোগ

এদিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আব্দুল আমিনের (৪১) বিরুদ্ধে মানবপাচার, অপহরণ ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রের দাবি, তিনি এলাকায় প্রভাব বিস্তার করে পাহাড়কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। অভিযোগ রয়েছে, মালয়েশিয়াগামী যাত্রীদের প্রথমে জিম্মি করে রাখা হয়। পরে রাতের আঁধারে মাছ ধরার ছোট নৌকায় করে সাগরের মাঝপথে বড় ট্রলারে তুলে দেওয়া হয়। এ প্রক্রিয়ায় আব্দুল আমিনের সংশ্লিষ্টতার অভিযোগ স্থানীয়রা করেছেন।

স্থানীয়দের দাবি, পুলিশ হত্যা ও তিন বন্ধু হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি তিনি। তার বিরুদ্ধে অপহরণ, মাদক কারবার ও মানবপাচারের অভিযোগও রয়েছে।

এ ছাড়া টেকনাফ সদর ইউনিয়নের সাইফুল ইসলাম, শামসুল আলম ওরফে কালা বাম্বু, হেলাল, ইসমাইল ও মো. আব্দুল্লাহসহ আরো ২০ থেকে ৩০ জনের একটি মানবপাচারকারী সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ ঘটনায় সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রার নামে মানবপাচার এবং নারী ও শিশুসহ যাত্রীদের জীবনঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ট্রলারে থাকা বাকি যাত্রীদের অবস্থান নিশ্চিত করা এবং পাচার চক্রের মূল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব টেলিভিশন দিবসে মানুষের জীবনে আজও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ টেলিভিশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৩ এম


বিশ্ব টেলিভিশন দিবসে মানুষের জীবনে আজও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ টেলিভিশন

একসময় টেলিভিশন ছিল দূর পৃথিবীর খবর জানার সবচেয়ে বড় জানালা। ঘরের এক কোণে থাকা একটি ছোট্ট পর্দায় চোখ রেখেই মানুষ জানতে পারত দেশ-বিদেশের খবর, দেখতে পেত নানা ঘটনা, উপভোগ করত গান, নাটক, সিনেমা ও খেলাধুলা। পৃথিবীর এক প্রান্তে ঘটে যাওয়া ঘটনা মুহূর্তেই পৌঁছে যেত অন্য প্রান্তের মানুষের ঘরে। ছবি ও শব্দের এই বিস্ময়কর মাধ্যম মানুষের জীবনযাপন, চিন্তা-ভাবনা ও বিনোদনের জগত্ বদলে দিয়েছিল। আজ ২১ নভেম্বর, বিশ্ব টেলিভিশন দিবস পালিত হচ্ছে সেই টেলিভিশনের অবদান স্মরণে।

সংবাদ, নাটক, সংগীত, চলচ্চিত্র, খেলাধুলা, টক শোসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে টেলিভিশন হয়ে উঠেছে মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ১৯২৬ সালের ২১ নভেম্বর স্কটিশ বিজ্ঞানী জন লোগি বেয়ার্ড তাঁর উদ্ভাবিত টেলিভিশন যন্ত্রের কার্যকর প্রদর্শন করেন। যোগাযোগ ও গণমাধ্যমের ইতিহাসে এটি ছিল একটি যুগান্তকারী ঘটনা। তাঁর এই উদ্ভাবন এবং বিশ্বজুড়ে টেলিভিশনের ভূমিকার স্বীকৃতিস্বরূপ ১৯৯৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।

টেলিভিশন শব্দটির উৎপত্তি গ্রিক ও লাতিন শব্দের সম্মিলনে। গ্রিক শব্দ ‘টেলি’ অর্থ দূরত্ব, আর লাতিন শব্দ ‘ভিশন’ অর্থ দেখা। অর্থাৎ দূরের দৃশ্য দেখা। ছবি ও শব্দের সমন্বয়ে টেলিভিশন মানুষের সামনে খুলে দিয়েছিল নতুন এক জগৎ। সংবাদপত্র ও বেতারের পর এই মাধ্যমই প্রথম দৃশ্যসহ বিশ্বের নানা ঘটনাকে মানুষের ঘরে পৌঁছে দেয়। ফলে তথ্য ও বিনোদনের জগতে সূচিত হয় নতুন এক অধ্যায়।

বেয়ার্ডের প্রাথমিক উদ্ভাবনের পর বিভিন্ন বিজ্ঞানী ও প্রকৌশলীর হাত ধরে ক্রমে টেলিভিশন প্রযুক্তি বিকশিত হতে থাকে। রুশ বংশোদ্ভূত প্রকৌশলী আইজাক শোয়েনবার্গের নেতৃত্বে ১৯৩৬ সালে বিবিসি নিয়মিত টেলিভিশন সম্প্রচার শুরু করে। চল্লিশের দশকে টেলিভিশনের বাণিজ্যিক প্রসার ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রযুক্তির উন্নয়ন আরো গতি পায়। গত শতাব্দীর পঞ্চাশের দশকে টেলিভিশন বিশ্বজুড়ে শক্তিশালী গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পেতে শুরু করে।

বাংলাদেশের টেলিভিশন সম্প্রচারের ইতিহাস ছয় দশকের বেশি পুরনো। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর তত্কালীন পূর্ব পাকিস্তানে ঢাকা টেলিভিশন কেন্দ্রের মাধ্যমে শুরু হয় সাদা-কালো সম্প্রচার। ১৯৮০ সালে শুরু হয় রঙিন সম্প্রচার। এরপর সময়ের সঙ্গে বিস্তৃত হয়েছে দেশের টেলিভিশন জগৎ।

বাংলাদেশে বেসরকারি টেলিভিশনের যাত্রা শুরু হয় ১৯৯৭ সালে। পরে একের পর এক আসে বেসরকারি টেলিভিশন চ্যানেল। বিনোদনের পাশাপাশি জনসচেতনতা তৈরি, শিক্ষা বিস্তার, দুর্যোগের সময় জরুরি তথ্য সরবরাহ এবং জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ তুলে ধরতেও টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। রাজনৈতিক ও সামাজিক নানা ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, আন্তর্জাতিক সংকট কিংবা বড় কোনো ক্রীড়া আয়োজন—সবকিছুই সরাসরি দেখার সুযোগ তৈরি করেছে এই মাধ্যম। জনমত গঠন ও মানুষের মধ্যে যোগাযোগের ক্ষেত্রেও টেলিভিশনের অবদান উল্লেখযোগ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামাসের আহ্বান, ইসরাইলের হামলা বন্ধে মধ্যস্থতাকারীদের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৪ এম


হামাসের আহ্বান, ইসরাইলের হামলা বন্ধে মধ্যস্থতাকারীদের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

হামাস ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বৃদ্ধি পাচ্ছে এমন বিমান হামলা বন্ধে মধ্যস্থতাকারীদের কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। গোষ্ঠীটি দাবি করেছে যে, ইসরাইলের এই হামলাগুলি যুদ্ধবিরতি চুক্তির একটি নতুন লঙ্ঘন এবং গণহত্যার মাত্রা বৃদ্ধি করার একটি অংশ।

একটি বিবৃতিতে হামাস জানায়, হত্যাকাণ্ড অব্যাহত রাখা এবং ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে ফিলিস্তিনি ভূখণ্ডের আরও এলাকা দখল করা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হয়। এসব কার্যক্রম বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি।

গোষ্ঠীটি গত বছরের যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী এবং ‘বোর্ড অব পিসের’ প্রতি ইসরাইলকে চুক্তি লঙ্ঘন বন্ধে চাপ প্রয়োগের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

অন্যদিকে, গাজার মধ্যাঞ্চলে হামাসের সামরিক শাখার সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। তারা এক বিবৃতিতে জানায়, হামলার লক্ষ্যবস্তু ব্যক্তিদের মধ্যে হামাসের বিশেষ কমান্ডো ইউনিট ‘নুখবা’র কিছু সদস্যও ছিলেন। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা ইসরাইলি সেনা ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা করতে বৈঠক করছিলেন।

এছাড়া, স্থানীয় হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলের একাধিক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গাদের দেশে ফেরা এখনও অনিশ্চিত, কক্সবাজারে উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৫ এম


রোহিঙ্গাদের দেশে ফেরা এখনও অনিশ্চিত, কক্সবাজারে উদযাপন

কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোতে গত বৃহস্পতিবার হাজার হাজার রোহিঙ্গা জাতিসংঘের সর্বোচ্চ আদালতের একটি ঐতিহাসিক রায় উদযাপন করেছেন। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালের সামরিক অভিযানে মিয়ানমার রোহিঙ্গাদের ওপর জেনোসাইড বা জাতিগত নিধন চালিয়েছে।

তবে এই রায় বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার ঘরে ফেরার পথকে এখনই সুগম করছে না। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে চলমান গৃহযুদ্ধ তাদের প্রত্যাবাসনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক সহায়তা কমে আসায় বিপুলসংখ্যক রোহিঙ্গার ভার বহন করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই রায় প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আনতে পারে, যা এ সংকটের একমাত্র টেকসই সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।

গতকাল শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়টার্সকে বলেন, ‘এটি কালই বা খুব দ্রুত হবে না। তবে এক থেকে দেড় বছরের মধ্যে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আমরা অন্যান্য সংস্থার সঙ্গে মিলে বহুপক্ষীয় চাপ সৃষ্টি করব।’ রায়ের পর এটিই প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া প্রথম সম্ভাব্য সময়সীমা।

বিশ্লেষকদের মতে, শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার বছরের পর বছর ধরে চলা চেষ্টা ব্যর্থ হয়েছে। গণহত্যা, যৌন সহিংসতা ও অগ্নিসংযোগের দায়ে অভিযুক্ত মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত সরকার এখনই প্রত্যাবাসনে আগ্রহী হবে না। মিয়ানমারের স্বাধীন বিশ্লেষক সাই কি জিন সো মন্তব্য করেন, ‘রায়ে নিরাপদ প্রত্যাবাসনের নির্দেশ থাকলেও বাস্তবে তা ঘটার সম্ভাবনা এখনও কম।’

এদিকে গতকাল মিয়ানমার সরকার দাবি করেছে, আইসিজের এই সিদ্ধান্ত সর্বসম্মত নয় এবং তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছে।

রাখাইনে চলমান সংঘাত

২০১৭ সালে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। এর ছয় বছর পর ২০২৩ সালের শেষ দিকে রাখাইনে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে নতুন করে লড়াই শুরু হয়। এতে আরও মানুষ বাংলাদেশে পালিয়ে আসায় শরণার্থীর সংখ্যা বেড়েছে। বর্তমানে রাখাইনের প্রায় পুরো নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে। যেসব এলাকায় রোহিঙ্গাদের ফেরার কথা, সেগুলো এখন তাদের দখলে। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের অভিযোগ থাকা আরাকান আর্মি আইসিজের রায় নিয়ে কোনো মন্তব্য করেনি।

গত আগস্টে মিয়ানমার জানিয়েছিল, বাংলাদেশে থাকা তিন লাখ আট হাজার ৭৯৭ জনকে তারা রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করেছে। তবে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেই কেবল প্রত্যাবাসন শুরু হবে। ২০১৭ সালের আগে মিয়ানমারে ১১ লাখ রোহিঙ্গা থাকলেও এখন রাখাইনে টিকে আছেন মাত্র ছয় লাখের মতো মানুষ। তাদের মধ্যে এক লাখ ৪০ হাজারই বাস্তুচ্যুত শিবিরে বন্দি জীবন কাটাচ্ছেন।

মিয়ানমার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে দেখে এবং তাদের নাগরিকত্ব অস্বীকার করে। রোহিঙ্গা সংকট পর্যবেক্ষণকারী সংস্থা আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়া বলেন, ‘নাগরিকত্ব, অধিকার ও প্রকৃত নিরাপত্তা ছাড়া রোহিঙ্গাদের ফেরা সম্ভব নয়।’

বাংলাদেশের সামনে যত সুযোগ

সাড়ে ১৭ কোটি মানুষের অর্থনৈতিক চাপে থাকা বাংলাদেশ রোহিঙ্গাদের দেশে কাজের অনুমতি দেয় না এবং দ্রুত তাদের প্রত্যাবাসন চায়। তবে অনুকূল পরিবেশ তৈরি হলেই কেবল তাদের ফেরত পাঠানো হবে বলে ঢাকা বারবার জানিয়েছে।

এই রায় কূটনৈতিকভাবে ঢাকার অবস্থানকে শক্তিশালী করলেও নতুন কিছু জটিলতা তৈরি করেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সি বলেন, ‘আদালত যে রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে, ঢাকাকে এখন সেই রাষ্ট্রের সঙ্গেই প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ বাড়াতে হবে।’

গত সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছে বাংলাদেশ। প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, এই অবস্থানকে কাজে লাগিয়ে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার সঙ্গে মিলে প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে ঢাকা বহুপক্ষীয় প্রচেষ্টা জোরদার করবে।

এদিকে, বাংলাদেশে রোহিঙ্গাদের ভরণপোষণের তহবিল নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জন্য প্রয়োজনীয় ৭১ কোটি ডলারের মানবিক সহায়তার মাত্র ৬৯ শতাংশ পাওয়া গেছে। অন্যদিকে, মালয়েশিয়াও স্থানীয়দের সঙ্গে উত্তেজনার জেরে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাইছে। গতকাল দেশটি জানিয়েছে, দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় তারা ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করবে।

কক্সবাজারের ঘিঞ্জি শিবিরে বসবাসরত ২৪ বছর বয়সী রোহিঙ্গা যুবক মোহাম্মদ জুবায়েরের কাছে আইসিজের এই রায় নতুন প্রেরণা হিসেবে কাজ করছে। তিনি বলেন, ‘এই মুহূর্তটি আমাকে নতুন শক্তি দিচ্ছে। আমাদের ওপর যা ঘটেছে বিশ্ব শুধু তার স্বীকৃতি দিক, এটা আমার একমাত্র স্বপ্ন নয়। আমার বড় স্বপ্ন হলো, যেদিন আমরা নিজেদের পৈতৃক ভিটায় স্বাধীনভাবে হাঁটতে পারব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%