০৯:৫৫ পি.এম
ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইস্পাতশিল্প শহর বেথলেহেমে বর্তমানে শ্রমিকেরা অবসরপ্রাপ্ত অবস্থায় বিশাল মরিচাধরা চুল্লির পাশে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন।
পেনসিলভানিয়ার এই শহরের বিশাল ইস্পাত কারখানাটি ১৯৯০-এর দশকে বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি শিল্পাঞ্চলের একটি অংশ পুনর্গঠনের পর সেখানে অনুষ্ঠিত অক্টোবরফেস্টে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বাভারীয় পোশাকে সজ্জিত মানুষ, বড় বড় বিয়ারের মগ এবং আমেরিকান ফুটবল দেখানোর বিশাল পর্দায় উৎসবমুখর হয়ে ওঠে এলাকা।
উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরাও ছিলেন। নানা হতাশার মধ্যেও তারা এখনও তার রিপাবলিকান পার্টির প্রতি সমর্থন বজায় রেখেছেন।
আরও পড়ুন: পুতিন ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন
নেভ হ্যাম নামের একজন ব্যক্তি বাণিজ্যিক ভবনের ছাদ নির্মাণের কাজে নিয়োজিত আছেন। ৬২ বছর বয়সী এই ব্যক্তি স্মরণ করেন, ১৯৮০-এর দশকে যখন ইস্পাত কারখানাটি চালু ছিল, তখন তিনি এর ‘ঠিক পেছনেই’ বসবাস করতেন।
তিনি এএফপিকে বলেন, ‘সময়টা ভালো ছিল, কিন্তু এখানে সবকিছু গণ্ডগোল করে ফেলা হয়েছে। তারা সবকিছু দিয়ে দিয়েছে।’
তবে ট্রাম্পের সংরক্ষণবাদী বাণিজ্যনীতির কারণে যুক্তরাষ্ট্রে শিল্প আবারও ‘ফিরে আসছে’ বলে বিশ্বাস করেন হ্যাম।
তিনি বলেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলেই পরিস্থিতি আরও ভালো হবে।’ ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের কথা উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন।
আরও পড়ুন: হুতিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত
বেথলেহেম যুক্তরাষ্ট্রের ভারী শিল্পের শক্তিশালী ঘাঁটি লেহাই ভ্যালির কেন্দ্রে অবস্থিত। বর্তমানে এই অঞ্চলে শ্রমিকেরা সরবরাহ ও পণ্য পরিবহন, খাদ্য উৎপাদন, বিশেষ করে পোষা প্রাণীর খাবার তৈরি, এবং ক্রমবর্ধমান ওষুধশিল্পে কাজের সুযোগ পাচ্ছেন। শিগগিরই এখানে ওজন কমানোর ওষুধ তৈরির একটি কারখানা চালু হওয়ার কথা রয়েছে।
৪০ বছর বয়সী বেথ পিনিয়েলা মনে করেন, তার পরিবারের অবস্থা মোটামুটি ভালো।
তিনি প্যাকেজিং ও ব্যবসায়িক সরঞ্জাম সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের গুদাম পরিষ্কারের কাজ করেন। এএফপিকে তিনি জানান, ‘আমি মোটামুটি ভালো আয় করি।’
ট্রাম্পকে ভোট দেওয়া পিনিয়েলা তার বিষয়ে বলেন, ‘কিছু বিষয়ে আমার মনে হয়, ফলাফল কখনো ভালো, কখনো খারাপ।’
আরও পড়ুন: উত্তরপ্রদেশে পুলিশের অভিযানে গ্যাংস্টার নাসিম দুররানি নিহত
কাছেই থাকা তার স্বামী ব্রায়ান জানান, তিনি ‘কিছুটা হতাশ’।
তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, জিনিসপত্রের দাম কমবে।’
‘আটকে আছি’
তারা যে নির্বাচনী এলাকায় বসবাস করেন, সেখানে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: রাশিয়া ইউক্রেনকে ন্যাটোর মতো নিরাপত্তার নিশ্চয়তা দিতে রাজি হতে পারে: কুশনার
২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান দলের বর্তমান প্রতিনিধি রায়ান ম্যাকেঞ্জি অল্প ব্যবধানে জয়ী হয়েছিলেন। এবার তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী সাবেক অগ্নিনির্বাপণকর্মী ও রাজনীতিতে নতুন মুখ বব ব্রুকস। তিনি নিজেকে শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরছেন।
তবে হেনরি মার্টিনের মতো কিছু ভোটার এবার পুরোপুরি ভোট এড়িয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি তারা হতাশ।
৩২ বছর বয়সী গুদাম ব্যবস্থাপক মার্টিন বলেন, ‘তারা বিলাসী জীবন কাটাচ্ছে। আমার মতো সাধারণ মানুষের অবস্থা একেবারেই ভালো নয়।’
বাড়িভাড়া ও বাড়ির দামের মধ্যে পড়ে নিজেকে ‘আটকে থাকা’ অবস্থায় অনুভব করেন তিনি। তার ভাষায়, বাড়িভাড়া ‘অসহনীয়’ এবং বাড়ি কেনার দাম ‘কল্পনারও বাইরে’।
আরও পড়ুন: মার্কিন জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালক শন ক্যার্নক্রস পদ ছাড়ছেন
কাছের অ্যালেনটাউন শহরে একটি বিজ্ঞাপনফলকে চালকদের ব্রুকসকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ফলকটির ঠিক নিচে একটি টায়ারের দোকানে কাজ করেন রামোনা চেরি। তিনি জানান, শহরটির বৃহৎ লাতিনো জনগোষ্ঠী ট্রাম্পের কঠোর অভিবাসননীতি ও মূল্যস্ফীতির কারণে চাপে পড়েছে।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লাতিনো ভোটারদের সমর্থন বৃদ্ধি ট্রাম্পকে আবার হোয়াইট হাউসে ফিরতে সহায়তা করেছিল।
তবে চেরি বলেন, ‘আগের চেয়ে দারিদ্র্য বেড়েছে।’
আরও পড়ুন: সৌদি আরবের রিয়াদে হুতিদের হামলা, আর্থিক কেন্দ্র ও বিমানবন্দরে ক্ষতি
‘এবার যথেষ্ট হয়েছে’
স্থানীয় ইউনাইটেড অটো ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইক শাপ জানান, ‘আমি চাইতাম, উৎপাদনশিল্পে বড় ধরনের উত্থান ঘটুক। কিন্তু বাস্তবে তেমন কিছু দেখছি না।’
অ্যালেনটাউনে নিজের কার্যালয়ে এই শ্রমিকনেতা স্মরণ করেন, একসময় এ অঞ্চলজুড়ে অসংখ্য উৎপাদন কারখানা ছিল।
তিনি আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রের ট্রাক নির্মাতা প্রতিষ্ঠান ম্যাক দেশটিতে উৎপাদন কমিয়ে আরও বেশি কর্মসংস্থান মেক্সিকোয় সরিয়ে নিতে পারে।
প্রায় ২০ মিনিটের গাড়িপথ দূরত্বে অবস্থিত অঞ্চলটির সর্বশেষ চালু ম্যাক কারখানায় প্রায় ২ হাজার ৮০০ কর্মী কাজ করেন।
২০২৫ সালের এপ্রিলে প্রতিষ্ঠানটি ওই কারখানায় সর্বোচ্চ ৩৫০ জন কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করেছিল। ট্রাম্পের শুল্কনীতিও এর অন্যতম কারণ ছিল। শেষ পর্যন্ত প্রায় ১৭০ জন কর্মীকে ছাঁটাই করা হয়। পরে ব্যবসায়িক পরিস্থিতির উন্নতি হলে তাঁদের আবার কাজে ফিরিয়ে নেওয়া হয়। জুনে ট্রাম্প নিজেও কারখানাটি পরিদর্শন করে তাঁর নীতির সাফল্যের কথা তুলে ধরেন।
ভারী ট্রাকের চূড়ান্ত নির্মাণ ও ফিনিশিংয়ের কাজ করেন ৫২ বছর বয়সী শন স্মিথ। তিনি জানান, ‘ওই বিষয়টির সঙ্গে জড়িত হওয়ার কোনো আগ্রহ আমার ছিল না।’
শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি স্মিথ ডেমোক্র্যাট প্রার্থী ব্রুকসকে সমর্থন করেন। তবে তিনি বলেন, কারখানায় শ্রমিকেরা ‘রাজনীতি নিয়ে কথা বলেন না’, কারণ এতে ‘শুধু তর্ক-বিতর্ক শুরু হয়’।
তবে স্মিথ মনে করেন, পরিবর্তনের আকাঙ্ক্ষা বাড়ছে।
তিনি বলেন, ‘দূরত্বটা যথেষ্ট বেড়েছে। যথেষ্টসংখ্যক স্বতন্ত্র ও রিপাবলিকান ভোটার আছেন, যাঁরা বলবেন, এবার যথেষ্ট হয়েছে, তারা কিছুটা পরিবর্তন চান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন