১১:১১ পি.এম
কবি, লোকগবেষক ও শিক্ষাবিদ সৈয়দ জাহিদ হাসান তার জন্মদিন উপলক্ষে এলাকাবাসীর জন্য একটি নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, যা একটি ব্যতিক্রমী উপহার হিসেবে বিবেচিত হচ্ছে।
বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ‘আনন্দধাম বিদ্যা-ভুবন’ নামক এই শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে পাঠদান কার্যক্রম শুরু হবে। ১ ডিসেম্বর থেকে প্লে, নার্সারি ও প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামে অবস্থিত লালন আনন্দধামে কবির জন্মদিন উদযাপন ও বিদ্যালয়টির উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বরগুনায় স্বামী জীবিত থাকা সত্ত্বেও বিধবা ভাতার তালিকায় নাম, সমাজসেবা কর্মকর্তাকে আইনি নোটিশ
অনুষ্ঠানে কবিকে ফুলেল শুভেচ্ছা জানাতে তার অসংখ্য ভক্ত, শুভানুধ্যায়ী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত হন। তাদের উপস্থিতিতে কবি জন্মদিনের কেক কাটেন। পরে তিনি এলাকাবাসীর জন্য নতুন বিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষেও কেক কাটা হয়।
কবি সৈয়দ জাহিদ হাসান বলেন, "আনন্দধাম বিদ্যা-ভুবন হবে ভয়হীন, আনন্দময় ও সৃজনশীল শিক্ষার একটি ব্যতিক্রমী বিদ্যাপীঠ। শিক্ষা একটি রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতির মূল চাবিকাঠি। আগামী প্রজন্মকে ধর্মীয়, মানবিক ও দেশোপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়েই এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হচ্ছে।" তিনি জানান, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু হবে এবং ১ ডিসেম্বর থেকে প্লে, নার্সারি ও প্রথম শ্রেণিতে ভর্তি শুরু হবে। প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে এবং ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিনামূল্যে বই, খাতা ও ডায়েরি দেওয়া হবে।
তিনি আরও বলেন, "শিশুর মেধা ও মনন বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শৈশব। তাই মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে খেলাধুলা, গল্প, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল পাঠদানের মাধ্যমে শিশুদের শেখার প্রতি আগ্রহী করে তোলা হবে।" এছাড়াও বাংলা ও ইংরেজি ভাষার শুদ্ধ চর্চা, প্রাথমিক গণিত, নৈতিক শিক্ষা, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
প্রতিষ্ঠানটির পরিকল্পনায় প্রশস্ত খেলার মাঠ, শিশুদের বিনোদন পার্ক, ক্যান্টিন এবং নিরাপদ ও মনোরম শিক্ষার পরিবেশ থাকবে। আনন্দময় পাঠদানের পাশাপাশি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, স্বাধীন চিন্তা ও আত্মবিশ্বাস তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হবে।
আরও পড়ুন: প্রাণিসম্পদ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকারের উদ্যোগ: প্রতিমন্ত্রী টুকু
কবির এমন ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয় বাসিন্দারা আনন্দিত ও উচ্ছ্বসিত। তারা জন্মদিনে এলাকাবাসীকে বিদ্যালয় উপহার দেওয়ার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন।
স্থানীয়দের মতে, প্রত্যন্ত এলাকার শিশুদের মানসম্মত ও আনন্দময় শিক্ষার সুযোগ তৈরিতে ‘আনন্দধাম বিদ্যা-ভুবন’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বিনামূল্যে বই, খাতা ও ডায়েরি দেওয়ার উদ্যোগটি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বাড়তি প্রাপ্তি। স্থানীয়দের প্রত্যাশা, বিদ্যালয়টি চালু হলে এলাকার শিশুদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং নতুন প্রজন্মের মেধা ও মনন বিকাশে প্রতিষ্ঠানটি ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আনন্দধাম বিদ্যা-ভুবনের প্রতিষ্ঠাতা কবি সৈয়দ জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল হাসনাত দুদু মিয়া। বিশেষ অতিথি ছিলেন কাজী ওয়লী উল্ল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন খান, কবি জাহাঙ্গীর খান, কমরেড অরুণ শীল এবং ভিকারুননিসা নূন কলেজের সহকারী অধ্যাপক সীমা সারমিন। এ ছাড়া কবির ভক্ত, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণা, সতর্ক থাকতে বলছে তথ্য অধিদফতর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন