ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শিক্ষার্থীরা জানুয়ারির আগেই পাবে পাঠ্যবই: মাহদী আমিন


শিক্ষার্থীরা জানুয়ারির আগেই পাবে পাঠ্যবই: মাহদী আমিন

২০২৭ সালের জানুয়ারিতে ক্লাস শুরু হওয়ার আগে সারাদেশের সকল শিক্ষার্থীর কাছে পাঠ্যবই পৌঁছে দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তবে তিনি উল্লেখ করেছেন যে, সময় স্বল্পতার কারণে এবারের শিক্ষাক্রমে প্রত্যাশিত মাত্রায় সংস্কার করা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র জানান, ২০২৮ শিক্ষাবর্ষকে সামনে রেখে এখন থেকেই পূর্ণাঙ্গ ও বিস্তৃত প্রস্তুতি নেওয়া হবে।

রোববার (২৯ নভেম্বর) বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উদ্যোগে ‘সুধীজন সংলাপ: কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক উন্মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

আলোচনায় জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষা পদকপ্রাপ্ত শিক্ষক, পত্রিকার সম্পাদক, টেলিভিশনের হেড অব নিউজ, প্রধান বার্তা সম্পাদক ও বার্তা সম্পাদক, সিনিয়র সাংবাদিক, বিভিন্ন উন্নয়ন সহযোগী ও জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, অভিভাবক এবং আইসিটি বিশেষজ্ঞরা উপস্থিত থেকে শিক্ষাক্রম নিয়ে তাদের মতামত দেন।

আরও পড়ুন: অধিকার রক্ষায় কমিশন থাকবে নিরপেক্ষ: প্রধান তথ্য কমিশনার

মাহদী আমিন জানান, আগামী বছরের শিক্ষাক্রম নিয়ে কাজ করতে এনসিটিবিতে বিভিন্ন পর্যায়ের শতাধিক শিক্ষাবিদ একসাথে বসেছেন। নির্বাচনী ইশতেহার প্রণয়নের সময় গঠিত শিক্ষা দলের বরেণ্য সদস্যরাও নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

পাঠ্যবই মুদ্রণের সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, জানুয়ারিতে বই দিতে হলে সাধারণত জুলাই মাসের মধ্যেই কাজ শেষ করতে হয়। কিন্তু গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর নতুন দল সাজিয়ে দেশব্যাপী আলোচনা ও মতামত নেওয়ার জন্য তিন থেকে চার মাস সময় যথেষ্ট ছিল না। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও সব পক্ষের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা করা যায়নি এবং প্রথম বছরে শিক্ষাক্রমে প্রয়োজনীয় সংস্কার পুরোপুরি করা সম্ভব হচ্ছে না।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা উল্লেখ করেন, বিগত সময়ে পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতি, মিথ্যা তথ্য ও নানা ভুলভ্রান্তি ছিল। এনসিটিবির অধীনে গঠিত দলগুলো পুরো বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন এনেছে, তবে এটি একটি চলমান প্রক্রিয়া।

উন্মুক্ত আলোচনা আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে মাহদী আমিন বলেন, আজকের সভায় বলার চেয়ে শোনার ওপরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক এবং গণমাধ্যমে লেখালেখির মাধ্যমে তথ্য ও নীতিগত পরামর্শ দেওয়া বিশিষ্টজনদের মতামত ও অভিজ্ঞতা গ্রহণ করাই মূল লক্ষ্য। এসব প্রস্তাব প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে, যাতে ঘাটতিগুলো চিহ্নিত করে ২০২৮ শিক্ষাবর্ষের জন্য একটি সমন্বিত ও বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে এগোনো যায় এবং শিক্ষাবিদদের আরও গভীরভাবে এই প্রক্রিয়ায় যুক্ত করা সম্ভব হয়।

আরও পড়ুন: কাল ইসির সংলাপে অংশ নেবে না বিএনপি, নতুন সময়ের দাবি

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চলমান নীতিমালাগুলো দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর চিন্তার প্রতিফলন বলে জানান মাহদী আমিন।

তিনি বলেন, শিক্ষাসংশ্লিষ্ট এসব নীতিমালা নিয়ে বহু বছর ধরে কাজ করে আসছেন প্রধানমন্ত্রী। একটি শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ দলের ভাবনাগুলো অংশীজন ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে পরিমার্জন ও সংস্কার করে নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাঠপর্যায়ে এসব নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে বিশিষ্ট শিক্ষাবিদ ও অভিজ্ঞ ব্যক্তিদের মতামত যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মাহদী আমিন জানান, সাম্প্রতিক সময়ে আলোচিত ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী গত কয়েক বছর ধরেই কথা বলে আসছেন। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, মিড ডে মিল এবং স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনাও বহু বছরের ধারাবাহিক ভাবনার অংশ। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণিতে কারিগরি শিক্ষা ও ‘লার্নিং উইথ হ্যাপিনেস’- এই বিষয়গুলো যুক্ত হওয়ার উদ্যোগকেও ভবিষ্যতের রাষ্ট্র বিনির্মাণের মূলনীতি হিসেবে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রী শিক্ষাকে কেবল বড় ডিগ্রি বা সার্টিফিকেট অর্জনের মাধ্যম হিসেবে দেখেন না উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, শিক্ষার প্রধান লক্ষ্য দুটি- প্রথমত, সঠিক নীতি ও আদর্শসম্পন্ন মানবিক মানুষ গড়ে তোলা এবং দ্বিতীয়ত, শিক্ষার্থীদের ভবিষ্যতের কর্মবাজারের উপযোগী নাগরিক বা সফল উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করা। পুরো শিক্ষাব্যবস্থার মাধ্যমে সরকার একই সঙ্গে ভালো মানুষ ও কাজের মানুষ তৈরি করতে চায়।

আরও পড়ুন: নোয়াখালীর হাতিয়ায় ৩ কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক

সরকারের সাম্প্রতিক উদ্যোগগুলোর কথা তুলে ধরে তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছেন বা আশানুরূপ ফল পাননি, তাদের জন্য এক মাসের মধ্যেই পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষাব্যবস্থায় কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা, তৃতীয় ভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়া এবং সহশিক্ষা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সংসদীয় গণতন্ত্র সম্পর্কে বাস্তব ধারণা দিতে বিপুল সংখ্যক শিক্ষার্থীকে নিয়মিত জাতীয় সংসদের কার্যক্রম দেখার সুযোগও করে দেওয়া হচ্ছে। এভাবে একটি সমন্বিত বা ৩৬০ ডিগ্রি দৃষ্টিভঙ্গির মাধ্যমে যোগ্য ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার কাজ চলছে।

আলোচনায় শিক্ষাবিদদের তুলে ধরা সব প্রস্তাব ও মতামত নোট আকারে লিপিবদ্ধ করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলেও জানান মাহদী আমিন।

উন্মুক্ত আলোচনায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা প্রমুখ।

আরও পড়ুন: গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি মশিউর রহমান গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধিকার রক্ষায় কমিশন থাকবে নিরপেক্ষ: প্রধান তথ্য কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


অধিকার রক্ষায় কমিশন থাকবে নিরপেক্ষ: প্রধান তথ্য কমিশনার

প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. নাহরিন ইসলাম খান আশা প্রকাশ করেছেন যে, তথ্য কমিশন শিক্ষার্থী ও শিক্ষকদের অধিকার রক্ষা এবং রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবে। তিনি উল্লেখ করেন, “গণ তান্ত্রিক সরকারের অধীনে তথ্য কমিশন পুরোপুরি নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তবে এই কমিশনকে নিরপেক্ষ রাখার চূড়ান্ত দায়িত্ব এ দেশের সচেতন জনগণ ও তরুণ প্রজন্মের।”

রবিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে আয়োজিত ‘তথ্য মেলা ও আলোচনা সভা’য় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়।

প্রধান তথ্য কমিশনার আরও বলেন, তথ্য কমিশন শিক্ষার্থী এবং শিক্ষক—সবার অধিকার রক্ষার্থে কাজ করে। যদি কোনো শিক্ষার্থী নিয়মতান্ত্রিকভাবে নিজের পরীক্ষার খাতা দেখতে চেয়ে বঞ্চিত হয়, তবে কমিশন সেই অধিকার নিশ্চিত করার পথ তৈরি করে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বাজেট, মাস্টারপ্ল্যানের অগ্রগতি কিংবা ক্যাম্পাসে গাছ কাটা হয়েছে কি না—এসব বিষয় জানতে শিক্ষার্থীদের আর রাজপথে নেমে আরিচা রোড অবরোধ করতে হবে না। নির্ধারিত ফরম পূরণ করে আবেদনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জানার আইনি অধিকার দেশের প্রতিটি নাগরিকের রয়েছে।

কমিশনের প্রচার ও কার্যক্রম তুলে ধরে তিনি আরো বলেন, তথ্য কমিশন সম্পর্কে সাধারণ মানুষের স্পষ্ট ধারণা না থাকায় কমিশনকে সবার কাছে পরিচিত করাই তার দায়িত্বের প্রথম কাজ। সেই লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে এই তথ্য মেলার আয়োজন শুরু হয়েছে।

ড. নাহরিন ইসলাম খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এই দেশটি তোমাদের। প্রতি মুহূর্তে ও প্রতি সেকেন্ডে এই রাষ্ট্রে সাধারণ মানুষের টাকা খরচ হয়। সেই অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা জানার শতভাগ অধিকার তোমাদের রয়েছে। তিনি শিক্ষার্থীদের মেলার স্টলগুলো ঘুরে লিফলেট সংগ্রহ এবং তথ্য পাওয়ার আইনি উপায়গুলো জানার আহ্বান জানান।

বিগত প্রায় দুই বছর কমিশন অকার্যকর থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যোগদানের প্রথম দিন থেকেই কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ রাখার অঙ্গীকার করেছেন। কমিশন যেন প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে, তা নিশ্চিত করতে ছাত্র-জনতাকেই সদা সজাগ ও সচেতন প্রহরী হতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মুহম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমানা পুনর্বিন্যাসে স্ট্যালিনকে বোঝাতে ব্যর্থ সোনিয়া ও রাহুল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


সীমানা পুনর্বিন্যাসে স্ট্যালিনকে বোঝাতে ব্যর্থ সোনিয়া ও রাহুল

সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী চেন্নাইতে গিয়েছিলেন দিল্লি থেকে। সেখানে ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন আলওয়ারপেটে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। প্রতিনিধিদলে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে এবং মমতা বন্দোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। বৈঠকটি প্রায় ৮০ মিনিট স্থায়ী হয়েছিল। তবে তারা কেন্দ্রের প্রস্তাবিত সীমানা পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) বিলের প্রতি ডিএমকের সমর্থন পরিবর্তন করতে সক্ষম হননি।

সূত্রের তথ্য অনুযায়ী, ডিএমকে বারবার ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের কাছে জানতে চেয়েছে বিকল্প কী এবং সামনে কী করা উচিত। তবে সূত্রগুলো জানাচ্ছে, তাদের জবাব ছিল কেবল বিলটিকে পরাজিত করার প্রয়োজনীয়তার মধ্যে সীমাবদ্ধ। পরবর্তী পদক্ষেপের জন্য কোনো স্পষ্ট কৌশল ছিল না। ‘ইন্ডিয়া’ জোটের সিনিয়র নেতারাও স্বীকার করেছেন যে বিলটি হারানোর পর তাদের কাছে কোনো সুস্পষ্ট কৌশল নেই। জানা গেছে, একজন জ্যেষ্ঠ এমপি সম্পর্ক ছিন্ন হওয়ার ধরন নিয়ে প্রশ্ন তোলেন এবং কিভাবে এই বিভাজন তৈরি হলো সে বিষয়ে সরাসরি নেতাদের মুখোমুখি হন। তবে সূত্রগুলো বলছে, এর কোনো জবাব দেওয়া হয়নি।

বৈঠকের পর এমকে স্ট্যালিন মন্তব্য করেন, ‘আমি আমাদের অবস্থান ও দাবিগুলো ব্যাখ্যা করেছি। তারা শুনেছেন এবং আমরা আমাদের চিন্তাভাবনা বিনিময় করেছি। আমাদের উদ্বেগ হলো, আমরা যদি এই সুযোগ হাতছাড়া করি, তবে স্বয়ংক্রিয়ভাবে সীমানা পুনর্বিন্যাস কার্যকর হয়ে গেলে তামিলনাড়ুর স্বার্থ রক্ষার ন্যূনতম নিশ্চয়তাও থাকবে না।’

ইন্ডিয়া প্রতিনিধিরা স্ট্যালিনকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই আইন সংসদীয় প্রতিনিধিত্ব এবং উত্তর ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মধ্যে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।

বৈঠক শেষে রাহুল গান্ধী বলেন, ‘থিরু স্ট্যালিন জির সাথে আমাদের খুব ভালো ও সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে। আমরা তাকে আমাদের দৃষ্টিভঙ্গি বুঝিয়ে বলেছি যে সীমানা পুনর্বিন্যাসসহ ৮৫০ আসনের একটি সংসদ এবং ওই ৮৫০টি আসন পুরোপুরি নিজেদের মতো করে সাজানোর ও ভারতের নির্বাচনী এলাকাগুলোর চরিত্র বদলে দেওয়ার সুযোগ বিজেপিকে দেওয়া কেবল ভারতের জন্যই ক্ষতিকর নয়, এটি দক্ষিণ ভারত এবং বিশেষ করে তামিলনাড়ুর জন্যও ক্ষতিকর।’ তিনি আরও বলেন, ‘আমরা তাকে উল্লেখ করেছি যে এখানকার মূল বিষয় হলো লোকসভার আসন ৮৫০-এ সম্প্রসারণ এবং সেই সম্প্রসারণের সুযোগকে কাজে লাগিয়ে ভারতের নির্বাচনী এলাকার চরিত্র পুরোপুরি বদলে দেওয়ার বিজেপির আকাঙ্ক্ষা। তারা আসাম ও জম্মু-কাশ্মীরে এই ধারণা ইতিমধ্যেই পরীক্ষা করেছে এবং পুরো ভারতে এটি বাস্তবায়ন করতে চায়। সে কারণেই আমরা ভাই স্ট্যালিনকে অনুরোধ করেছি তামিলনাড়ুকে রক্ষা করতে এবং বিজেপির এই নকশা যেন বাস্তবায়িত হতে না পারে তা নিশ্চিত করতে। আমি যা বলছি তা মনে রাখুন, বিজেপি একবার ৮৫০ আসন দিয়ে ভারতের নির্বাচনী এলাকাগুলো নতুন করে সাজালে ভারতে গণতন্ত্র শেষ হয়ে যাবে, এবং তামিল সংস্কৃতি ও তামিল ভাষার ওপর সর্বাত্মক আক্রমণ শুরু হবে।’

বৈঠকের পর ডিএমকে-র আইটি শাখা এক্স-এ পোস্ট করে, ‘ন্যায্য সীমানা পুনর্বিন্যাসের অবস্থানে ডিএমকে ঠিক ততটাই অটল রয়েছে।’

বৈঠকে ডিএমকে-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির যুব শাখার সম্পাদক উদয়নিধি স্ট্যালিন, জ্যেষ্ঠ নেতা কানিমোঝি, দয়ানিধি মারান এবং বেশ কয়েকজন সংসদ সদস্য।

গত এপ্রিলেও স্ট্যালিন এই বিলের বিপক্ষে ছিলেন। তবে তামিলনাড়ুর বিধানসভার গত নির্বাচনের পর হিসাব-নিকাশ পাল্টে যায়। বিধানসভায় ডিএমকে নতুন দল টিভিকের কাছে হেরে যায়। কংগ্রেস তখন ডিএমকেকে ছেড়ে টিভিকের সঙ্গে সরকারে যোগ দেয়। কংগ্রেসের সঙ্গে ডিএমকের এই দূরত্বের সুযোগে কাছে চলে আসে বিজেপি। আদায় করে নেয় ডিলিমিটেশন বিলের সমর্থন।

আগামীকাল সোমবার শুরু হতে যাওয়া পার্লামেন্টের বিশেষ অধিবেশনে সরকার ডিলিমিটেশন বিলটি উত্থাপন করবে। প্রস্তাবিত বিলে লোকসভার আসন ৫৪৩ থেকে ৫০ শতাংশ বাড়িয়ে ৮৫০টি করার প্রস্তাব করা হয়েছে। সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%