ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

বাভুমা টেস্ট অধিনায়কত্বে রেকর্ড সমৃদ্ধ করতে যাচ্ছেন


বাভুমা টেস্ট অধিনায়কত্বে রেকর্ড সমৃদ্ধ করতে যাচ্ছেন

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ : রোববার ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিতে নামলেই টেম্বা বাভুমার জন্য টেস্ট ক্রিকেটের একটি বিস্ময়কর রেকর্ড আরও সমৃদ্ধ হতে যাচ্ছে।

অধিনায়ক হিসেবে বাভুমা প্রথম ১৫ টেস্টে ১৩টি জয় অর্জন করেছেন। ইতিহাসে অধিনায়কত্বের সমপর্যায়ে খেলার ক্ষেত্রে তাঁর চেয়ে বেশি সফল আর কেউ নেই।

অস্ট্রেলিয়ার লিন্ডসে হ্যাসেট ছাড়া বাভুমার এই রেকর্ডের সমান কৃতিত্ব দেখাতে সক্ষম হয়েছে আর কেউ। প্রথম ১৫ ম্যাচে দুজনের জয় ১৩টি, ড্র একটি এবং হার একটি।

আরও পড়ুন: অশ্রুসিক্ত চোখে যুক্তরাষ্ট্রকে বিদায় পচেত্তিনোর, ম্যানইউর দায়িত্ব নেওয়াকে বললেন ‘ফেরানো কঠিন’

তবে অধিনায়ক হিসেবে হ্যাসেটের ১৬তম ম্যাচে এসে ছন্দপতন ঘটে। ১৯৫২-৫৩ মৌসুমে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার কাছে তাঁর দল হেরেছিল। অধিনায়ক হিসেবে শেষ নয় ম্যাচে তিনি মাত্র একটি জয় পেয়েছিলেন।

বর্তমানে দক্ষিণ আফ্রিকা টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন। বাভুমার নেতৃত্বে তাদের জয়গুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি এবং ভারতের বিপক্ষে তিনটি জয়, যার মধ্যে দুটি জয় গত বছর ভারতের মাটিতে।

বাংলাদেশের বিপক্ষে আগের ১৬ টেস্টের ১৪টিতেই জয়ী হয়েছে দক্ষিণ আফ্রিকা। বাকি দুটি ম্যাচ ২০১৫ সালে বাংলাদেশে বৃষ্টির কারণে ড্র হয়েছিল।

তবে গত আগস্টে ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ চমক দেখিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাভুমা বলেছেন, “এখন আমাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, সবাই আমাদের বিপক্ষে ঝাঁপিয়ে পড়তে চায়।”

আরও পড়ুন: ভিনিসিউসের জোড়া গোলের পরও ব্রাজিলের জাপানের কাছে হার

সফরের সূচি বাংলাদেশের কঠিন চ্যালেঞ্জকে আরও কঠিন করে তুলেছে। গত সোমবার সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ড্র হওয়া টেস্ট শেষ করেছে বাংলাদেশ। বুধবার জোহানেসবার্গে পৌঁছানোর পর বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হতে তাদের হাতে সময় ছিল মাত্র চার দিন।

দক্ষিণ আফ্রিকার মাটিতে আগের আট টেস্টের সবকটিতেই বাংলাদেশ হেরেছে। এর মধ্যে পাঁচটিতে ইনিংস ব্যবধানে হারতে হয়েছে। বাকি তিন হারের মধ্যে সবচেয়ে কম ব্যবধান ছিল ২০২১-২২ মৌসুমে ডারবানে ২২০ রান।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারেন তাওহিদ হৃদয়। সেপ্টেম্বরে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে উচ্চ স্কোরের ড্র হওয়া ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অপরাজিত ৩৫০ রান করেছিলেন তিনি। এরপর গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অপরাজিত ২৪২ ও ৮২ রান করেন এই ব্যাটার।

আরও পড়ুন: মিসরের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়লেন সালাহ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা থেকে চুরি হওয়া ২১ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও ৫ লাখ টাকা ভোলায় উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


ঢাকা থেকে চুরি হওয়া ২১ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও ৫ লাখ টাকা ভোলায় উদ্ধার

ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে চুরি হওয়া ২১ লাখ টাকা মূল্যের প্রায় ৯ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৫ লাখ টাকাসহ মো. আব্দুল আলী (৩৯) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই শিক্ষিকার গাড়িচালক হিসেবে কাজ করতেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন।

এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে আব্দুল আলীকে গ্রেফতার করা হয়। তার বাড়ি মুন্সীগঞ্জের টুঙ্গিবাড়ি এলাকায় অবস্থিত।

ভোলার পুলিশ সুপার জানান, সদর রোডে নুর জুয়েলার্সে এক ব্যক্তি স্বর্ণালঙ্কার বিক্রির চেষ্টা করছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। তার সঙ্গে থাকা কালো রঙের একটি হাতব্যাগ তল্লাশি করে স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায়, পুলিশ স্বর্ণালঙ্কার জব্দ করে এবং তাকে গ্রেফতার করে ডিবি।

পুলিশ সুপার আরও উল্লেখ করেন, আসামিকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে, মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার শিক্ষিকা তাছলিমের বাসা থেকে তিনি উক্ত স্বর্ণালঙ্কার ও টাকা চুরি করে বিক্রির উদ্দেশ্যে ভোলায় নিয়ে আসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে কাজ করছেন: প্রেসসচিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


প্রধানমন্ত্রী সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে কাজ করছেন: প্রেসসচিব

প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিচ্ছন্ন রাজনীতির পাশাপাশি সামাজিক মূল্যবোধ পুনরুদ্ধারে কাজ করছেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই তথ্য প্রকাশ করেন।

সালেহ শিবলী উল্লেখ করেন, রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে ২০টি অঞ্চলে যে কার্যক্রম শুরু করেছেন, সেটির অগ্রগতি সম্পর্কে তিনি জানতে চেয়েছিলেন। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন রাজনীতি পরিচালনার পাশাপাশি আমাদের পারিবারিক সামাজিক মূল্যবোধগুলো ফিরিয়ে আনতে কাজ করছেন। একইসঙ্গে তিনি পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়েও গুরুত্বারোপ করেছেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক প্রশাসন ওয়াহাদু চৌধুরী এবং উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু অর্থায়নে শিশুদের অগ্রাধিকার, পৃথক তহবিলের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


জলবায়ু অর্থায়নে শিশুদের অগ্রাধিকার, পৃথক তহবিলের দাবি

বাংলাদেশের প্রায় ছয় কোটি শিশু জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে রয়েছে। অথচ বৈশ্বিক জলবায়ু তহবিলের মাত্র ২ দশমিক ৪ শতাংশ ব্যয় হচ্ছে শিশু-সংবেদনশীল কার্যক্রমে। বাংলাদেশ জলবায়ু অর্থায়ন পেলেও, সেই অর্থের সুফল শিশু ও প্রান্তিক জনগণের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না। এই প্রেক্ষাপটে, জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু তহবিলে শিশুদের জন্য সুনির্দিষ্ট অর্থায়ন এবং প্রবেশপথ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নীতিনির্ধারক, জলবায়ু অর্থায়ন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেছেন, জলবায়ু অর্থায়নের পরিকল্পনা, বাস্তবায়ন এবং মূল্যায়নের প্রতিটি পর্যায়ে শিশুদের প্রয়োজন এবং সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি, পানি, স্বাস্থ্য, আগাম সতর্কবার্তা এবং শিক্ষা খাতে কার্যকর কমিউনিটি-ভিত্তিক উদ্যোগগুলোতে অর্থায়ন বাড়ানোর প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে সেভ দ্য চিলড্রেনের কমিউনিটি-নেতৃত্বাধীন মডেলগুলোকে বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

শনিবার, তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নে ‘জলবায়ু কার্যক্রমের কেন্দ্রে শিশু: শিশুদের জন্য জলবায়ু অর্থায়ন উন্মুক্ত করা’ শীর্ষক এক সেশনে এসব বক্তব্য তুলে ধরা হয়। সেশনটি আয়োজন করে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ।

সেশনে উপস্থাপিত ইউনিসেফের ২০২৬ সালের শিশুদের জলবায়ু ঝুঁকিবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ৫ কোটি ৯০ লাখ শিশুর মধ্যে সবাই অন্তত একটি জলবায়ু ঝুঁকির মুখোমুখি রয়েছে। এর মধ্যে প্রায় ৫ কোটি ৩০ লাখ শিশু তিন বা তার বেশি ধরনের ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে, বিশ্বব্যাপী প্রধান জলবায়ু তহবিলের মাত্র ২ দশমিক ৪ শতাংশ শিশু-সংবেদনশীল কার্যক্রমে ব্যয় করা হয়। ২০২৩ সালের একটি বিশ্লেষণ অনুযায়ী, প্রকৃত বরাদ্দের হিসাব এর চেয়েও কম হতে পারে।

এদিকে, বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০২৩-২০৫০) বাস্তবায়নে প্রায় ২৩০ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩৫ সালের মধ্যে জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) ৩.০ বাস্তবায়নে আরও প্রায় ১১৬ বিলিয়ন ডলার প্রয়োজন। তবে, জলবায়ু অর্থায়নের প্রচলিত কাঠামোতে পানি, স্বাস্থ্য, শিক্ষা এবং আগাম সতর্কবার্তার মতো খাতগুলো আলাদাভাবে বিবেচনা করা হয়। এর ফলে, শিশুদের সামগ্রিক সুরক্ষার জন্য প্রয়োজনীয় সমন্বিত উদ্যোগ অর্থায়নের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।

বক্তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে শুধুমাত্র একটি খাতে বিনিয়োগ যথেষ্ট নয়। নিরাপদ বিদ্যালয়, স্বাস্থ্যসেবা, সুপেয় পানি এবং কার্যকর আগাম সতর্কবার্তা ব্যবস্থার সমন্বয় অপরিহার্য। অথচ, অর্থায়নের বিদ্যমান কাঠামোয় শিশুদের এসব সমন্বিত প্রয়োজন যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না।

সেশনে শিশুদের জন্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে তিনটি অগ্রাধিকার তুলে ধরা হয়। প্রথমত, জলবায়ু অর্থায়নের পরিকল্পনা, পর্যবেক্ষণ এবং প্রতিবেদন তৈরির প্রতিটি পর্যায়ে শিশুদের দৃশ্যমান করতে হবে।

দ্বিতীয়ত, পানি, স্বাস্থ্য, আগাম সতর্কবার্তা এবং শিক্ষা খাতে পরীক্ষিত কমিউনিটি-নেতৃত্বাধীন কার্যক্রমে অর্থায়ন বাড়াতে হবে।

তৃতীয়ত, জাতীয় এবং বৈশ্বিক জলবায়ু তহবিলে শিক্ষা খাতের জন্য সুস্পষ্ট অর্থায়নের সুযোগ তৈরি করতে হবে।

এ সময় সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের চারটি কমিউনিটি-নেতৃত্বাধীন উদ্যোগের উদাহরণ তুলে ধরা হয়। এর মধ্যে সাতক্ষীরা রেজিলিয়েন্ট ওয়াটার সিস্টেমস উল্লেখযোগ্য। ২০২৪ সালের মে মাসে ঘূর্ণিঝড় রেমালের সময় এই উদ্যোগের মাধ্যমে প্রায় ২০ হাজার মানুষের জন্য নিরাপদ পানির সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হয়েছিল।

এছাড়া, মাতৃস্বাস্থ্যসেবায় ‘মমতার তরী’, আগাম সতর্কবার্তা ব্যবস্থায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অনুমোদন পাওয়া ‘মেট ক্লাব’ এবং শিক্ষা খাতে ‘ক্লাইমেট স্মার্ট এডুকেশন সিস্টেমস ইনিশিয়েটিভ’-এর কার্যক্রম তুলে ধরা হয়। বিশেষ করে শিক্ষা খাতের জলবায়ু অর্থায়ন বিষয়ক একটি বিশ্লেষণে জাতীয় বাজেটের কোন কোন খাত এবং বৈশ্বিক তহবিল থেকে শিক্ষার জন্য অর্থায়ন পাওয়া সম্ভব, তা চিহ্নিত করা হয়েছে।

সেশনে ইআরডির অতিরিক্ত সচিব ও জাতিসংঘ উইংয়ের প্রধান এ কে এম সোহেল বলেন, বাংলাদেশ জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার পাচ্ছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অর্থও আসছে। তবে দুঃখজনক বিষয় হলো, জাতীয় পর্যায়ে তো বটেই, আন্তর্জাতিক পর্যায়েও জলবায়ু অর্থায়নের সামগ্রিক কাঠামোয় শিশু ও প্রান্তিক জনগণ যথাযথভাবে অন্তর্ভুক্ত হচ্ছে না।

তিনি বলেন, এ কারণেই সেভ দ্য চিলড্রেনের উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ। এসব কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা রয়েছে এবং এগুলো বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করা সম্ভব। জলবায়ু অর্থায়নের সুফল শিশু ও ঝুঁকিপূর্ণ জনগণের কাছে পৌঁছে দিতে এ ধরনের কার্যকর উদ্যোগকে অর্থায়নের আওতায় আনা প্রয়োজন।

কপ-৩১-এর শিশু, যুব, শিক্ষা ও দক্ষতা বিষয়ক থিম্যাটিক দিবসের অংশ হিসেবে আয়োজিত এ সঞ্চালনা করেন সংস্থাটির ক্লাইমেট স্মার্ট এডুকেশন সিস্টেমস ইনিশিয়েটিভের (সিএসইএসআই) ম্যানেজার শোহাইল বিন সাইফুল্লাহ।

সেশনে বক্তব্য দেন সংরক্ষিত সংসদ সদস্য মনসুরা আক্তার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জাতিসংঘ উইংয়ের অতিরিক্ত সচিব ও উইং প্রধান এ কে এম সোহেল, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের (বিসিসিটি) ব্যবস্থাপনা পরিচালক রওনকুল ইসলাম, সাউথ সুদান চিলড্রেনস কাউন্সিলের প্রতিনিধি আমোকো, সেভ দ্য চিলড্রেন ইউকের সিনিয়র ক্লাইমেট অ্যাডভাইজার শ্রুতি আগরওয়াল এবং সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে বহিরাগত দুই মিশুক চালকের হাতাহাতি, ছিনতাইয়ের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


বাকৃবিতে বহিরাগত দুই মিশুক চালকের হাতাহাতি, ছিনতাইয়ের অভিযোগ
 
দুই বহিরাগত মিশুক চালকের হাতাহাতি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে সমাধান
 
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মিশুকের কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে দুই চালকের মধ্যে বাগ্বিতণ্ডা, উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় এক চালক অপর চালকের মিশুক ছিনতাইয়ের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।
 
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কে.আর. মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল থেকে উভয় চালককে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পে নিয়ে যান।
 
ঘটনায় জড়িত দুই চালক হলেন মো. জুয়েল মিয়া ও মো. জামাল মিয়া। জুয়েল মিশুক চালক। অন্যদিকে, জামাল বিশ্ববিদ্যালয় এলাকার ২২ নম্বর ওয়ার্ডের বাকৃবি শেষ মোড় এলাকার বাসিন্দা।
 
জানা যায়, কেওয়াটখালী রেলগেট এলাকা থেকে জামাল, জুয়েলের মিশুকটি অনুসরণ করতে থাকেন। মিশুকটি চুরি করা হতে পারে এ সন্দেহ থেকেই তিনি জুয়েলের কাছে গাড়ির কাগজপত্র দেখতে চান। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কে.আর. বাজার এলাকায় জুয়েলের পথ আটকে কাগজপত্র দেখাতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা পরে উত্তেজনা ও হাতাহাতিতে রূপ নেয়।
 
তবে জুয়েল মিয়া বলেন, জামাল কেওয়াটখালী থেকে তাঁকে অনুসরণ করে এসে পরিকল্পিতভাবে তাঁর মিশুকের পথ আটকে দেন। একপর্যায়ে তাঁকে আটক করে মারধরের চেষ্টা করেন। এ সময় জামাল তাঁর মিশুকটি ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন বলেও দাবি করেন জুয়েল।
 
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে। যাচাই-বাছাইয়ে জুয়েলের মিশুকটি তাঁর নিজের এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সঠিক রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
 
অন্যদিকে, জামাল যে অটোরিকশাটি চালান, সেটি তাঁর নিজের নয়; তিনি ভাড়ায় গাড়িটি চালান বলে জানা যায়। পরে অটোরিকশাটির প্রকৃত মালিককে ডেকে আনা হয়। তাঁর জিম্মায় জামালকে ছেড়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার শর্তে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। একই সঙ্গে গাড়িটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা বলেন, “অটোরিকশাটির প্রকৃত মালিক কে, তা নিশ্চিত করে ভাড়ায় চালিত গাড়িটির চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গাড়ির মালিকের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%