০১:১৭ এম
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার দেশের ৪০ লাখ কৃষককে কৃষক কার্ড প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ১০ ধরনের সুবিধা লাভ করবেন। কৃষিকে লাভজনক করে তোলা, উৎপাদন ব্যয় হ্রাস করা এবং কৃষকের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধানমন্ত্রী কৃষকদের জন্য সরকারের এই পরিকল্পনাগুলোর কথা তুলে ধরেন।
জনসভায় কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "কৃষক বাঁচলে দেশ বাঁচবে"—এই বিশ্বাস থেকেই কৃষিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকদের সহায়তা বৃদ্ধি করার পাশাপাশি সেচ সুবিধা নিশ্চিত করতে খাল খনন ও নদী সংস্কার কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে।
আরও পড়ুন: আলুতে কপাল পুড়ল কৃষকের, বস্তার দাম ৬৮০ টাকা
প্রধানমন্ত্রী জানান, সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এবং কৃষির পানির সংকট দূর করতে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তিনি দাবি করেন, গত আট মাসে প্রায় ৮০০ কিলোমিটার খাল খননের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষকের সেচের পানির সংকট কমে যাবে। বিশেষ করে রাজশাহীসহ উত্তরাঞ্চলের যেসব এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে, সেখানে পানির সংকট মোকাবিলার পাশাপাশি ভূগর্ভস্থ পানির পুনর্ভরণেও এটি সহায়ক হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েই প্রথম এই খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল এবং বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় কৃষকের সেচ সুবিধা বৃদ্ধি ও গ্রামীণ জনপদের পানির কষ্ট কমাতে সরকার আবারও নদী ও খাল খননের কাজ শুরু করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০ থেকে ১০০-তে উন্নীত করা হবে। এতে সাধারণ চিকিৎসার জন্য গ্রামের মানুষকে আর দূরের জেলা শহর কিংবা মহানগরীতে যেতে হবে না।
তিনি জানান, উপজেলা হাসপাতালগুলোতে শিশু ও নারীদের জন্য আলাদা শয্যার ব্যবস্থা করা হবে। পাশাপাশি কিডনি রোগীদের ডায়ালিসিস সুবিধা সম্প্রসারণের পরিকল্পনাও সরকারের রয়েছে। এর ফলে উপজেলা পর্যায়ে প্রাথমিক ও সাধারণ চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে, তবে গুরুতর রোগীদের প্রয়োজনে বড় হাসপাতালে যেতে হতে পারে।
আরও পড়ুন: খাদ্য ঘাটতির দেশে ব্রি’র বাড়তি উৎপাদন উদ্যোগ
রাজশাহীর চিকিৎসাব্যবস্থার উন্নয়নের প্রসঙ্গে তারেক রহমান উল্লেখ করেন, স্থানীয় নেতারা এখানকার মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০-তে উন্নীত করার দাবি জানিয়েছেন এবং এ বিষয়ে তিনি ইতিবাচক সাড়া দেন।
সমাবেশ শেষে সন্ধ্যায় রাজশাহী ধর্মসভায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সড়কপথে হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে গিয়ে সামরিক বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন