ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে সাবেক দুই মেয়রসহ তিন আ.লীগ নেতা গ্রেপ্তার


রাজধানীতে সাবেক দুই মেয়রসহ তিন আ.লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পুলিশ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, এই তিন নেতা পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা কমিটিতে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে দুজন সাবেক পৌরসভার মেয়র এবং একজন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার হিসাব হবে ৩ নভেম্বর

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া তিনজন হলেন আবুল কালাম আজাদ (৬১), মোখলেসুর রহমান (৬৪) ও শহিদুল ইসলাম (৬৩)। আবুল কালাম আজাদ ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র। মোখলেসুর রহমান একই উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান। শহিদুল ইসলাম আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

অতিরিক্ত উপ-কমিশনার মো. জুয়েল রানা জানান, গ্রেপ্তার তিনজন ঢাকায় দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ফ্ল্যাটটিতে অবস্থান করছিলেন। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীর্ষ সন্ত্রাসী ইমনের লোক পরিচয়ে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-লুটপাট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৩ এম


শীর্ষ সন্ত্রাসী ইমনের লোক পরিচয়ে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-লুটপাট

রাজধানীর হাজারীবাগে অবস্থিত এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি গুদামে মুখোশধারী দুর্বৃত্তদের একটি দল হামলা ও ভাঙচুর চালিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বারইখালী এলাকায় সিকদার মেডিকেল কলেজের পাশে এই ঘটনা ঘটে।

হামলাকারীরা গুদামের আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে। হামলার সময় তারা সিসিটিভি ক্যামেরা এবং ল্যাপটপ নিয়ে যায়। আকস্মিক এই হামলায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন আমার দেশকে জানান, ক্যাপ্টেন ইমনের (শীর্ষ সন্ত্রাসী ইমন) লোক পরিচয়ে এজেআর কুরিয়ার সার্ভিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা একদল দুর্বৃত্ত হঠাৎ গুদামে প্রবেশ করে তাণ্ডব শুরু করে। তারা কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে এবং একপর্যায়ে সিসিটিভি ক্যামেরা ও ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়। হামলার সময় কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলার আগে আশপাশের এলাকার কয়েকটি সিসিটিভি ক্যামেরা বন্ধ বা অকার্যকর করে দেওয়া হয়েছিল বলে জানা গেছে। হামলাকারীদের শনাক্ত করা কঠিন করতে পরিকল্পিতভাবে এমনটি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

খবর পেয়ে হাজারীবাগ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের উদ্যোগও নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হামলার পর বারইখালী ও সিকদার মেডিকেল কলেজসংলগ্ন এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে হামলার কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং লুট হওয়া মালামালের পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাদ্যমন্ত্রী ৩১ শ্রমিককে দুর্গাপূজার শুভেচ্ছা উপহার দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৪ এম


খাদ্যমন্ত্রী ৩১ শ্রমিককে দুর্গাপূজার শুভেচ্ছা উপহার দিলেন

দীর্ঘ কর্মজীবনের মধ্যে এই প্রথমবার দুর্গাপূজার উপহার গ্রহণ করলেন মানিকগঞ্জের ঘিওর খাদ্যগুদামের শ্রমিক সর্দার জিতেন। স্ট্রোকের ফলে দৃষ্টিশক্তি হারালেও, তিনি তার দায়িত্ব থেকে সরে যাননি। বর্তমানে তিনি একদল তরুণ শ্রমিককে নেতৃত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। পূজার উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন, তিন যুগেরও বেশি সময় ধরে খাদ্য বিভাগের সঙ্গে যুক্ত থাকা এই শ্রমিক।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা তার বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিকদের হাতে পূজার শুভেচ্ছা খাম তুলে দেন। মানিকগঞ্জের খাদ্য বিভাগের ৩১ জন সনাতন ধর্মাবলম্বী শ্রমিকের জন্য এই উপহারের ব্যবস্থা করা হয়। খাদ্যমন্ত্রী জিতেন সর্দার ও বলরাম সর্দারের হাতে শ্রমিকদের উপহার তুলে দেন।

জিতেন সর্দারের কর্মজীবনের একটি বড় অংশ খাদ্য বিভাগের কাজে কাটিয়েছে। স্ট্রোকের পর দৃষ্টিশক্তি হারালেও, তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। খাদ্যগুদামের কার্যক্রম সচল রাখতে দীর্ঘদিন ধরে শ্রমিকদের অবদানের স্বীকৃতি হিসেবে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুস সাকিব, সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাল হোসেন এবং ঘিওর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুস সাকিব যুগান্তরকে বলেন, "যাদের শ্রমে-ঘামে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হয়, সেই শ্রমিকদের কথা বিশেষভাবে বিবেচনা করেছেন খাদ্যমন্ত্রী।" তিনি আরও জানান, খাদ্যগুদামে কর্মরত শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান প্রিন্স হ্যারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৪ এম


রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান প্রিন্স হ্যারি

প্রিন্স হ্যারি ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে আবারও মিলেমিশে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি মনে করছেন, বিশ্বজুড়ে চলমান সংকটের মধ্যে পারিবারিক বিরোধ মিটিয়ে পুনর্মিলন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অতীতের বিরোধের ক্ষত থাকলেও, সেগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত জিকিউ ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন প্রিন্স হ্যারি। সাক্ষাৎকারটি গত সেপ্টেম্বরে নিউইয়র্কে ধারণ করা হয়েছিল।

হ্যারি বলেন, "কিছু মানুষ চায় না বিষয়টি মিটে যাক। কিন্তু আমি চাই, সবকিছু ঠিক হয়ে যাক। বিশ্বে যা কিছু ঘটছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুনর্মিলন।"

তিনি স্বীকার করেন যে, অতীতের বিরোধের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। তবে তিনি মানুষের দৃষ্টিভঙ্গি ও মানসিকতা পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন।

হ্যারির ভাষায়, "ক্ষতচিহ্ন চিরকাল থেকে যায়। কিন্তু ঘটে যাওয়া ঘটনাগুলোকে আপনি কীভাবে দেখছেন, সেগুলো সম্পর্কে আপনার মানসিকতা কেমন এবং কীভাবে অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছেন, তা গুরুত্বপূর্ণ। আমি সবাইকে সেটিই করার আহ্বান জানাব।"

তিনি আরও বলেন, "পারিবারিক সমস্যাগুলো যখন প্রতিদিনের জীবনকে প্রভাবিত করতে থাকে, তখন সেগুলো কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়ে। বিশ্বে এমনিতেই অনেক অস্থিরতা ও নাটকীয়তা রয়েছে। এর মধ্যে পারিবারিক বিরোধ ধরে রাখার কোনো প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি।"

২০১৬ সালে পরিচয়ের পর ২০১৮ সালে মার্কিন অভিনেত্রী মেগান মার্কলকে বিয়ে করেন হ্যারি। ২০২০ সালে রাজপরিবারের জ্যেষ্ঠ কর্মরত সদস্যের দায়িত্ব ছেড়ে স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন জীবন শুরু করেন তারা।

গত আগস্টে ছয় বছর পর সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটকে নিয়ে যুক্তরাজ্যে ফিরেছিলেন হ্যারি ও মেগান। বর্তমানে আর্চির বয়স সাত বছর এবং লিলিবেটের পাঁচ বছর।

রাজপরিবারের সঙ্গে তাদের সম্পর্কের অবনতির পেছনে নানা ঘটনা রয়েছে। ২০২১ সালে মেগান অভিযোগ করেছিলেন, রাজপরিবারের সদস্যরা তাদের ছেলে আর্চির গায়ের রং কতটা গাঢ় হতে পারে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এ ঘটনা বাকিংহাম প্যালেসের সঙ্গে তাদের সম্পর্কে অপূরণীয় ক্ষতি করে বলে মনে করা হয়।

দীর্ঘদিনের এই টানাপোড়েনের মধ্যেও এবার পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইচ্ছা প্রকাশ করলেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ বাড়ানোর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৫ এম


দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ বাড়ানোর উদ্যোগ

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ ও দক্ষতা উন্নয়নে দেশটির দুটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। সিউলে ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন অব কোরিয়া (এনইএসএ) এবং কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়ার (সিএকে) প্রতিনিধিদের সঙ্গে পৃথক এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

এনইএসএর সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়ার এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি মৌসুমি কর্মসংস্থান, কারিগরি দক্ষতা উন্নয়ন, কোরীয় ভাষা শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণে যৌথ সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও প্রশিক্ষিত কর্মী তৈরিতে বাংলাদেশ প্রস্তুত। এ সময় এনইএসএর প্রতিনিধিরা কোরীয় ভাষা শিক্ষা, পেশাভিত্তিক প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশি কর্মীদের অবদান ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

বৈঠকে কর্মীদের বিদেশযাত্রার আগে ব্যবহারিক কোরীয় ভাষা ও কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়, যাতে তারা দেশটির কর্মপরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারেন।

অন্যদিকে, সিএকের সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়ার নির্মাণশিল্পে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন। আন্তর্জাতিক নির্মাণ খাতে বাংলাদেশি কর্মীদের অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী কারিগরি প্রশিক্ষণ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা জানান।

সিএকে ও দেশটির শীর্ষস্থানীয় নির্মাণপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা কর্মক্ষেত্রে নিরাপত্তা, কার্যকর যোগাযোগ এবং কারিগরি দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। তারা ব্যবহারিক কোরীয় ভাষায় দক্ষ ও নির্মাণকাজে প্রশিক্ষিত বাংলাদেশি কর্মীদের এ খাতে যুক্ত করার সম্ভাবনাও উল্লেখ করেন।

বৈঠক দুটিতে কর্মীদের বিদেশযাত্রার আগে প্রয়োজনীয় প্রস্তুতি, নতুন কর্মসংস্থানের ক্ষেত্র অনুসন্ধান এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট দপ্তর ও সিউলে বাংলাদেশ দূতাবাসের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার নির্দেশনা দেন।

এসব উদ্যোগের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%