শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:২৫ পি.এম
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের নিয়ম না মানার অভিযোগে ইরান আরও ১১টি জাহাজকে কালো তালিকাভুক্ত করেছে। সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নতুন করে এসব জাহাজ যুক্ত হওয়ার ফলে কালো তালিকায় থাকা জাহাজের সংখ্যা বেড়ে ৫৬টিতে পৌঁছেছে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষের ওয়েবসাইটে গত ২৪ ঘণ্টায় নতুন জাহাজগুলোর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় বড় আকারের অপরিশোধিত তেলবাহী জাহাজ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং পরিশোধিত জ্বালানি বহনকারী জাহাজ রয়েছে।
এর আগে ২৪ আগস্ট ইরান ৪৫টি ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করেছিল। এসব জাহাজকে জরিমানা, জব্দ বা আটকের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
ইরানের কর্তৃপক্ষ জানায়, তালিকাভুক্ত কোনো জাহাজের সঙ্গে পণ্য স্থানান্তর বা জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মতো কার্যক্রমে যুক্ত হলে সংশ্লিষ্ট জাহাজকেও কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করতে হবে।
এর আগে কালো তালিকাভুক্ত কিছু জাহাজ সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি লজিস্টিকস অ্যান্ড শিপিং, এর সহযোগী প্রতিষ্ঠান ন্যাভিগেট ট্যাংকারস এবং সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি বাহরির মালিকানাধীন ছিল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রথম দফার কালো তালিকা প্রকাশের পর অন্তত তিনটি ভারতীয় তেল শোধনাগার ও একটি বৈশ্বিক জ্বালানি কোম্পানি নিরাপত্তাজনিত কারণে এসব জাহাজ ব্যবহার বন্ধের পরিকল্পনা করে।
যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও এলএনজি পরিবহনের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে যেত। তবে যুদ্ধ শুরুর পর এ পথে জাহাজ চলাচল অনেকটাই কমে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের খোঁকড়া গ্রামের সন্তান জামিল হোসেন মুরসালিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে এক পরিচিত নাম। প্রায় ১৭ বছর ধরে দলীয় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি নানা প্রতিকূলতা অতিক্রম করে রাজনীতির মাঠে নিজের অবস্থান তৈরি করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং ধীরে ধীরে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন শুরু করেন। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া-এর অনুসারী হিসেবে পরিচিত নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস-এর হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন।
দলের কঠিন সময়েও সক্রিয় থাকার কারণে মুরসালিনের নাম ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আলোচিত। অভিযোগ রয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতেও থাকতে হয়েছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় কার্যক্রম থেকে সরে দাঁড়াননি।
দলীয় সূত্রে জানা যায়, তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে যুগ্ম সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন উল্লেখযোগ্য। বর্তমানে তিনি কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
একই সঙ্গে তিনি পাবনা-০৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সহকারী ব্যক্তিগত (এপিএস) হিসেবেও দায়িত্ব পালন করছেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, মুরসালিন একজন শান্ত স্বভাবের মানুষ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত। তার কাছে সহযোগিতা চাইতে গিয়ে কেউ খালি হাতে ফিরে যায় না বলেও তারা জানান।
দাপুনিয়ার খোঁকড়া গ্রামের মতো একটি প্রান্তিক এলাকা থেকে উঠে এসে সরাসরি কেন্দ্রীয় রাজনীতিতে সম্পৃক্ত হওয়া অনেকের কাছেই একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বয়সের দিক থেকে তিনি কম নন। তবে, এখনও স্টাম্প উপড়ে ফেলানোর প্রতি তার আগ্রহ অব্যাহত রয়েছে পিটার সিডলের।নভেম্বর মাসে ৪২ বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু অস্ট্রেলিয়ান পেসার খেলা বন্ধ না করে ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করে যাচ্ছেন।এখন খেলতে খেলতেই সিডল নতুন পরিচয়ে আবির্ভূত হয়েছেন। আসলে, খেলোয়াড় হিসেবে তার নতুন পরিচয় হওয়ার কথা ছিল অনেক আগেই। নিউ সাউথ ওয়েলসের বোলিং কোচের পদে নিয়োগ পেয়েছেন এই অজি পেসার।এক মৌসুমের জন্য নিউ সাউথ ওয়েলস সিডলের সঙ্গে চুক্তি করেছে। তার সঙ্গে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিনার ইয়োহান বোথা। প্রধান কোচ ব্র্যাড হাডিনের অধীনে দুজনেই কাজ করবেন।নতুন দায়িত্ব পেয়ে সিডল অত্যন্ত আনন্দিত।নিউ সাউথ ওয়েলসের সঙ্গে কাজ করার জন্য তিনি উন্মুখ। অজি পেসার বলেছেন, ‘নিউ সাউথ ওয়েলস ব্লুজ দলে যোগ দিতে পারাটা দারুণ, রোমাঞ্চকর। গুরুত্বপূর্ণ এই গ্রীষ্মের আগে প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে গড়া দলটির সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। কাজ করার তর সইছে না আমার।’২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগে অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন সিডল।দীর্ঘ সংস্করণে ২২১ উইকেট নেওয়া এই পেসার ২০ ওয়ানডের বিপরীতে ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে, তার ঘরোয়া ক্যারিয়ার অত্যন্ত দীর্ঘ। প্রথম শ্রেণির ২৩১ ম্যাচে তিনি ৭৯২টি উইকেট নিয়েছেন। বর্তমানে তিনি শুধুমাত্র টি-টোয়েন্টি খেলছেন। বিগ ব্যাশের পরবর্তী আসরে মেলবোর্ন স্টারসের হয়ে তাকে খেলতে দেখা যাবে। এছাড়া, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও তার অংশগ্রহণ রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চীন থেকে নির্ভরতা কমানোর উদ্দেশ্যে এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব ড্রোন শিল্পকে উৎসাহিত করার জন্য ট্রাম্প প্রশাসন বিদেশি তৈরি ড্রোন এবং যন্ত্রাংশে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, ২৫ কেজির বেশি ওজনের অথবা থার্মাল ইমেজিং প্রযুক্তি ব্যবহারকারী ড্রোনে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হবে। এই ধরনের ড্রোনের মধ্যে অনেকগুলো চীনে উৎপাদিত হয়। দাবানল পর্যবেক্ষণ, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং আইনশৃঙ্খলা রক্ষায় এগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তুলনামূলকভাবে ছোট ও কম প্রযুক্তিনির্ভর ড্রোনের ক্ষেত্রে শুল্ক ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের কিছু মিত্রদেশের জন্য শুল্কের ক্ষেত্রে কিছু ছাড় রাখা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড এবং তাইওয়ান থেকে আসা ড্রোন ও যন্ত্রাংশে ১৫ শতাংশ এবং যুক্তরাজ্যের পণ্যে ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সরকার দাবি করেছে যে, ড্রোন প্রযুক্তিতে চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে দেশটি স্থানীয়ভাবে ড্রোন উৎপাদন বাড়ানোর জন্য নতুন উদ্যোগ গ্রহণের কথাও জানিয়েছে।
বিশ্বের ড্রোন বাজারে চীনের শেনজেনভিত্তিক কোম্পানি ডিজেআইয়ের একটি বড় আধিপত্য রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কোম্পানিটি বিশ্বব্যাপী বাণিজ্যিক ড্রোনের দুই-তৃতীয়াংশের বেশি তৈরি করে।
তবে নতুন শুল্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ড্রোন ব্যবহারকারীরা সমালোচনা করেছেন। তাদের আশঙ্কা, দেশে প্রয়োজনীয় বিকল্প তৈরি না হলে শুল্ক বৃদ্ধি পাওয়ার ফলে পুলিশ, দমকল বাহিনী, নির্মাণ এবং অন্যান্য ব্যবসায় ড্রোনের খরচ বৃদ্ধি পাবে।
চীনও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অবাধ প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করবে এবং বিশ্বজুড়ে ড্রোনের সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে।
এদিকে, যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন বিদেশি তৈরি কিছু ড্রোনের নতুন মডেল বিক্রিতে আরও বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে। এর ফলে মার্কিন ড্রোন ব্যবহারকারী ব্যবসা এবং জননিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রাম, ৪ সেপ্টেম্বর, ২০২৬ : রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর কোদালকাটি ব্যাপারী পাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন ঘটেছে।
গত সাত দিনে ১৫টি পরিবারের বসতবাড়ি এবং প্রায় ১০ একর ফসলি জমি নদীর তলদেশে চলে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকায় ব্রহ্মপুত্রের অব্যাহত ভাঙন প্রায় ৫০০ মিটার জুড়ে চলছে। নদীর প্রভাবে ইতোমধ্যে আব্দুল মোতালেব, আবদুল্লাহ, মিলন মিয়া, এরশাদুল ইসলাম, সাইফুল ইসলাম, জাহিদুল হক এবং আবু সাঈদসহ ১৫ জনের বসতভিটা সম্পূর্ণরূপে ধসে পড়েছে। বসতবাড়ি হারানো এই পরিবারগুলো বর্তমানে চরম আশ্রয়ন সংকটে রয়েছে।
ভাঙন পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে কোদালকাটি ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ আহমেদ জানান, বসতবাড়ি হারানো পরিবারগুলো প্রতিদিন তার বাড়িতে আশ্রয়ের জন্য ভিড় করছে। তাদের দ্রুত পুনর্বাসনের বিষয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি সতর্ক করে বলেন, যদি অবিলম্বে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে উত্তর কোদালকাটি মণ্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাপারী পাড়া হাফিজিয়া মাদ্রাসা এবং আনছার ডিলার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার শতাধিক বসতবাড়ি এবং শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বাসসকে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে প্রতিরক্ষামূলক কাজ করার জন্য প্রয়োজনীয় অর্থের চাহিদা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া মাত্রই দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ