০৬:১১ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা প্রতিবাদে আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাসের এক চোখের দৃষ্টিশক্তি হারানোর কারণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনটি জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত হয়। সোমবার (২৯ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়কর আইনজীবী সমিতির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও আইনজীবীরা অংশগ্রহণ করেন। জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মানসুরুল হক মনার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি তাজুল ইসলাম, জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিপন কুমার সূত্রধর এবং নদী ও প্রকৃতি সুরক্ষা কমিটি ‘তরী’-এর আহ্বায়ক মো. শামীম আহমেদসহ অন্যান্য বর্ষীয়ান বক্তারা।
আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
বক্তারা তাদের বক্তব্যে জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলপথে দীর্ঘদিন ধরে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। যাত্রীরা এতে আহত হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে স্থায়ীভাবে অঙ্গহানির শিকার হচ্ছেন। ফলে নিরাপদ ট্রেনযাত্রা নিয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
তারা আরো জানান, গত ২২ জুন ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হন আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাস। পরে তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলেও তার একটি চোখের দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব হয়নি।
মানববন্ধন থেকে বক্তারা চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি আহত আইনজীবী শ্যামল চন্দ্র দাসের চিকিৎসা ও পুনর্বাসনে রেলওয়ে পুলিশ এবং সরকারের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: ফেনীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন ১০০-এরও বেশি নারী-পুরুষ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন