ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গ্যারান্টি ক্লজের অভাবে তিস্তার পানি পায়নি বাংলাদেশ: রিজভী


গ্যারান্টি ক্লজের অভাবে তিস্তার পানি পায়নি বাংলাদেশ: রিজভী

বাংলাদেশ-ভারত পানি চুক্তিতে গ্যারান্টি ক্লজের অভাবের কারণে ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ প্রত্যাশিত পানি পায়নি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী সরকারের নতজানু নীতির ফলে প্রতিবেশী দেশটি পানির প্রশ্নে বাংলাদেশকে আরও বেশি প্রভাবিত করার সুযোগ পেয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে পদ্মা ও তিস্তা ব্যারেজের ভূমিকা এবং নদ-নদী রক্ষা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

রিজভী বলেন, "পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় পদ্মা ও তিস্তার পানিপ্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে।" তিনি আরও জানান, ফারাক্কার প্রভাবে রাজশাহীতে গত ২০ থেকে ২৫ বছরে বৃষ্টিপাত ৩০ শতাংশ কমেছে। তিনি প্রশ্ন তোলেন, "এখন পদ্মা ব্যারেজের মাধ্যমে সংকট সমাধান হলে সমস্যা কোথায়?" তিনি দাবি করেন, "পদ্মা ও তিস্তা ব্যারেজ দিয়ে যদি পানি প্রবাহ স্বাভাবিক রাখা যায় তবে সুন্দর সুজলা-সুফলা দেশ গড়তে পারব।" তিনি জীব ও বৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখতে পারার কথাও উল্লেখ করেন।

আরও পড়ুন: "অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স

পানি নিয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে সমন্বিত আলোচনার আহ্বান জানান বিএনপির এই নেতা।

রিজভী বলেন, "দেশপ্রেমকে ধারণ করে পানি চুক্তি নিয়ে কাজ করতে হবে।" তিনি জানান, "আমাদের ন্যায্য পাওনার জন্য কথা বলতে হবে।" তিনি আরও বলেন, "যতটুকু পানি পাওয়ার কথা সেটা কখনো পাইনি। এটা নিয়ে সেভাবে আমরা কথা বলতেও দেখিনি।" তিনি জানান, "পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমাদের সামগ্রিকভাবে আলোচনা করা দরকার।" তিনি উল্লেখ করেন, "ভারত নিজেও পানিসংকটের মুখোমুখি হচ্ছে, অথচ অন্য দেশের পানি কেড়ে নিতে দ্বিধা করছে না।"

এর আগে, সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর গণসংলাপে বিদ্যুৎ খাত নিয়ে কথা বলেন রিজভী। তিনি অভিযোগ করেন, "কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ তৈরি করেছিল বিগত আওয়ামী লীগ সরকার।" বর্তমান সরকারের আমলে জবাবদিহিতা থাকায় সেই সুযোগ নেই বলেও জানান তিনি।

এসময় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন রিজভী। তিনি বলেন, "জাপানসহ উন্নয়ন সহযোগীদের নিয়ে সৌরবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগানো গেলে বিদ্যুৎ সংকট মোকাবিলা সহজ হবে।"

আরও পড়ুন: আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

গ্রাহকের আমানত আত্মসাৎ, জাল স্বাক্ষরে চেক নগদায়ন, ঋণের অর্থ উত্তোলনসহ বিভিন্ন অনিয়মের ১৯টি অভিযোগের মধ্যে ১৭টি তদন্তে প্রমাণিত হয়েছে। এই অভিযোগগুলোর মধ্যে মোট ২৩ লাখ ৯২ হাজার ২৩৪ টাকার আর্থিক অনিয়মের তথ্য পাওয়া গেলেও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হয়েছে মাত্র দুই বছরের বেতনবৃদ্ধি স্থগিত করার শাস্তিমূলক ব্যবস্থা। অভিযোগের শিকার অনেক গ্রাহক এখনও তাঁদের টাকা ফেরত পাননি। এর মধ্যে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে গ্রাহকের আমানত আত্মসাতের অভিযোগ উঠেছে।

ঘটনাটি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার। অভিযুক্ত সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদার বর্তমানে ব্যাংকটির কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ে কর্মরত রয়েছেন।

সরওয়ার আলম তালুকদারের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের বারৈয়া গ্রামে। তাঁর বিরুদ্ধে আগের অভিযোগের তদন্ত, শাস্তির মাত্রা এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে ব্যাংকের গ্রাহক ও সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে নতুন অভিযোগগুলোর তদন্ত ও নিষ্পত্তি নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ব্যাংক সূত্রে জানা যায়, সরওয়ার আলম তালুকদার ২০১৯ সালের ১৬ নভেম্বর থেকে ২০২১ সালের ৯ জুন পর্যন্ত চৌদ্দগ্রাম শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় গ্রাহকের আমানত আত্মসাৎ, ঋণের জামানত হিসেবে রাখা চেকে স্বাক্ষর জালিয়াতি, গ্রাহকের নামে ঋণ বিতরণ দেখিয়ে অর্থ উত্তোলন এবং স্ত্রী ও স্বজনদের নামে ঋণনীতিমালা লঙ্ঘন করে ঋণ দেওয়ার মতো বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে।

২০২১ সালের জুনে ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় তিন সদস্যের একটি কমিটি গঠন করে অভিযোগগুলোর তদন্তের জন্য। তদন্ত শেষে সরওয়ার আলম তালুকদারসহ শাখার আরও দুই কর্মকর্তা আবদুল জলিল ও আবুল কালামের বিরুদ্ধে ২৩ লাখ ৯২ হাজার ২৩৪ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ার তথ্য উঠে আসে।

এ-সংক্রান্ত তথ্য ২০২৩ সালের ১৪ আগস্ট ব্যাংকের কেন্দ্রীয় সহকারী ব্যবস্থাপক মো. আবদুর রহিম শিকদারের স্বাক্ষরিত একটি চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে বলা হয়, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা-কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০০৫-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী দায়িত্বে অবহেলা, অসদাচরণ, আত্মসাৎ, তহবিল তসরুপ ও প্রতারণামূলক অপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছিল।

তবে ক্ষমাপ্রার্থনা, লিখিত জবাব, চাকরির মেয়াদ ও বয়স বিবেচনায় তাঁকে সংশোধনের সুযোগ দেওয়ার কথা উল্লেখ করে লঘুদণ্ড দেওয়া হয়। এর অংশ হিসেবে ২০২৪ সালের ১ জুলাই ও ২০২৫ সালের ১ জুলাই প্রাপ্য দুই বছরের বেতনবৃদ্ধি স্থগিত করা হয়।

সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ৩ মার্চের অভিযোগনামায় গ্রাহকের আমানত আত্মসাৎ, জাল স্বাক্ষরে চেক নগদায়ন, গ্রাহকের নামে ঋণ বিতরণ দেখিয়ে অর্থ উত্তোলন, এসডিপিএসের টাকা আত্মসাৎ এবং ঋণনীতিমালা লঙ্ঘন করে ঋণ দেওয়ার মতো ১৯টি অভিযোগ আনা হয়। এর মধ্যে ১৭টি অভিযোগ তদন্তে প্রমাণিত হয়।

অভিযোগনামা অনুযায়ী, অধীনস্থ এক কর্মকর্তার কাছ থেকে জোরপূর্বক চেক নিয়ে প্রাপকের স্বাক্ষর জাল করে ১ লাখ ২০ হাজার ৯৬৬ টাকা উত্তোলনের অভিযোগ ছিল। এ ছাড়া আমানতকারীদের সঙ্গে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৯ লাখ ৮ হাজার ৩০০ টাকা আত্মসাতের অভিযোগও আনা হয়।

গ্রাহকের নামে ঋণ বিতরণ দেখিয়ে ভুয়া স্বাক্ষরের মাধ্যমে ২ লাখ টাকা আত্মসাৎ, এসডিপিএস হিসাবের রসিদ পরিবর্তন করে ২৫ হাজার টাকা আত্মসাৎ এবং এসডিপিএসের স্থিতির বিপরীতে ঋণ পরিশোধের ২ লাখ ৩২ হাজার ৩৬০ টাকা আত্মসাতের অভিযোগও ছিল।

এ ছাড়া সরওয়ার আলম তালুকদারের স্ত্রী রুনা লায়লার নামে ঋণ সার্কুলার লঙ্ঘন করে ৬৩ হাজার ৬৩০ টাকা অতিরিক্ত ঋণ প্রদান, প্রধান কার্যালয় থেকে নামঞ্জুর করা এক উদ্যোক্তাকে নিয়ম ভেঙে ১ লাখ টাকা ঋণ দেওয়া এবং নগদ টাকা জমা ছাড়াই জমা-উত্তোলন দেখিয়ে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

এসডিপিএসের মাসিক কিস্তি আদায় করে ৪ হাজার টাকা এবং হিসাবধারীদের কাছ থেকে মাসিক জমার ৭৯ হাজার টাকা ব্যাংকে জমা না দেওয়ার অভিযোগও তদন্তের আওতায় ছিল।

এসব অভিযোগের পাশাপাশি অন্যান্য অনিয়ম মিলিয়ে মোট ২৩ লাখ ৯২ হাজার ২৩৪ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

পুরোনো অভিযোগের রেশ কাটতে না কাটতেই চলতি বছরের ২৫ আগস্ট সরওয়ার আলম তালুকদারের বিরুদ্ধে নতুন করে গ্রাহকের আমানত আত্মসাতের অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, গ্রাহক পারভীন আক্তারের ৫ হাজার ১৫৬ টাকা, পারভীন বেগমের ৩৮ হাজার ৪০৯ টাকা এবং আবুল খায়েরের ৩২ হাজার ৫১৭ টাকা আত্মসাৎ করা হয়েছে।

ভুক্তভোগী সোহেল আহমেদের অভিযোগ, ২০২১ সালে ব্যাংক থেকে ঋণ নেওয়ার সময় জামানত হিসেবে দেওয়া চেক ব্যবহার করে তাঁর স্বাক্ষর জাল করে অতিরিক্ত ২ লাখ টাকা উত্তোলন করা হয়। বিষয়টি জানার পর তিনি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন।

সোহেলের দাবি, তদন্তে অভিযোগ প্রমাণিত হলেও অতিরিক্ত ঋণের দায় এখনো তাঁকেই বহন করতে হচ্ছে। অভিযোগ করার পর প্রাণনাশের হুমকি পাওয়ার কথাও জানান তিনি। এ ঘটনায় সে সময় থানায় সাধারণ ডায়েরি করেছিলেন বলেও দাবি করেন।

রহিমা বেগম নামে আরেক গ্রাহক অভিযোগ করেন, তিনি ও তাঁর স্বামী আবদুর রহমান পৃথক হিসাবে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু তাঁদের স্বাক্ষর জাল করে অতিরিক্ত ৪ লাখ ৩০ হাজার টাকা ঋণ তুলে আত্মসাৎ করা হয়েছে বলে তাঁর দাবি।

রহিমা বেগম জানান, ২০২১ সালে অভিযোগ করলেও তদন্তের ফল সম্পর্কে তাঁরা জানতে পারেননি। ২০২৪ সালের জুনে তাঁর স্বামীর মৃত্যুর পরও অতিরিক্ত ঋণের দায় তাঁদের পরিশোধ করতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

প্রবাসী শফিউল আজম বলেন, ২০২১ সালে এসডিপিএসের আমানত তুলতে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর হিসাব থেকে ২৬ হাজার ৫৩৬ টাকা উত্তোলন করা হয়েছে। অথচ তিনি ওই টাকা পাননি। এ ঘটনায় তৎকালীন ব্যবস্থাপকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেও আমানত ফেরত পাননি বলে দাবি করেন তিনি।

আবুল খায়ের জানান, ২০২০ সালে এসডিপিএসের বিপরীতে নেওয়া ঋণের ৩০ হাজার টাকা পরিশোধ করলেও চলতি বছরের আগস্টে তিনি জানতে পারেন, তাঁর নামে ওই ঋণ এখনো বকেয়া রয়েছে। বিষয়টি জানার পর তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, ব্যাংকের কাছে অভিযোগ জানিয়েও তাঁরা প্রত্যাশিত প্রতিকার পাননি। কারও হিসাবে আত্মসাতের অভিযোগ, কারও নামে অতিরিক্ত ঋণের দায়—সব মিলিয়ে তাঁরা আর্থিক ও মানসিক দুর্ভোগে রয়েছেন।

ব্যাংকের নথিতে আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ার তথ্য থাকলেও শাস্তির মাত্রা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট গ্রাহক ও সচেতন মহলের অনেকে।

তাঁদের প্রশ্ন, এতগুলো অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পরও কেন শুধু দুই বছরের বেতনবৃদ্ধি স্থগিতের মতো লঘুদণ্ড দেওয়া হলো? একই সঙ্গে যেসব গ্রাহক তাঁদের আমানত বা ঋণসংক্রান্ত অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের অর্থ ফেরত দেওয়ার কার্যকর উদ্যোগ কোথায়?

তবে বিভাগীয় শাস্তি, অর্থ পুনরুদ্ধার এবং নতুন অভিযোগের তদন্ত পৃথক বিষয়। নতুন অভিযোগগুলোর সত্যতা যাচাই, ক্ষতিগ্রস্তদের দাবি নিষ্পত্তি এবং দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ।

ভুক্তভোগীরা তাঁদের আমানতের টাকা ফেরত, ঋণসংক্রান্ত অনিয়মের দায় থেকে মুক্তি এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত চান। এখন দেখার বিষয়, ব্যাংক কর্তৃপক্ষ তাঁদের দাবির বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং নতুন অভিযোগগুলোর নিষ্পত্তি কত দ্রুত হয়।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চৌদ্দগ্রাম শাখার বর্তমান ব্যবস্থাপক নাছির উদ্দিন বলেন, সরওয়ার আলম তালুকদার দায়িত্বে থাকাকালে তাঁদের এসডিপিএসের টাকা আত্মসাৎ করা হয়েছে—এমন অভিযোগে চারজন গ্রাহক তাঁর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে নতুন অভিযোগগুলোর বিষয়ে তদন্তের অগ্রগতি এবং অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ব্যাংকটির কুমিল্লা অঞ্চলের আবাসিক ব্যবস্থাপক (আরএমও) জামাল উদ্দিন বলেন, সরওয়ার আলম তালুকদারের বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ এখনো তাঁর হাতে পৌঁছায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন বলেন, ‘আমি নতুন এসেছি। খোঁজখবর নিয়ে এ বিষয়ে পরে বক্তব্য দেব।’

অন্যদিকে, সরওয়ার আলম তালুকদার তাঁর বিরুদ্ধে নতুন করে ওঠা অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেছেন। আগের শাস্তির বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে তিনি আপিল করেছেন।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিন স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিন স্থগিত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকা ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত করা হয়েছে। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি ৭ দিনের মধ্যে তাদের দাবি পূরণ না করা হয়, তবে তারা পরবর্তীতে আবার কর্মসূচি ঘোষণা করবেন।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর।

তিনি উল্লেখ করেন, বিকেলে হাসপাতাল প্রশাসন এবং শাহবাগ থানার ওসির সঙ্গে তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে ৭ দিনের মধ্যে দাবি মেনে নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। যদি এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হয়, তবে তারা পুনরায় কর্মসূচি ঘোষণা করবেন।

এর আগে, ঢাকা মেডিকেল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে হাসপাতালটির চত্বরে স্থায়ী পার্কিং ব্যবস্থা চালু করার দাবিতে ধর্মঘট পালন করছিল। বুধবার সন্ধ্যা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর

আন্তর্জাতিক ডেস্ক

দিরাই প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়ন বিএনপির কর্মীসভায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মধ্য থেকে একজনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আলী।

কর্মীসভায় বক্তব্যে মোঃ ফারুক আলী বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জগদল ইউনিয়নে একাধিক দলীয় প্রার্থী রয়েছেন। তবে দীর্ঘ ১৭ বছর ধরে যারা দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, দলের দুঃসময়ে পাশে থেকেছেন এবং নানা ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের মধ্য থেকে একজন যোগ্য ও পরীক্ষিত নেতাকে দলীয় মনোনয়ন দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে—এমন বক্তব্যে বিশ্বাস করে যারা দল ছেড়ে চলে গিয়েছিলেন, তাঁদের বিষয়ে দলীয় নেতৃত্বের বিবেচনা করা প্রয়োজন। অন্যদিকে, যারা দীর্ঘদিন দলের সঙ্গে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করা উচিত।

মোঃ ফারুক আলী আরও বলেন, যারা দলের দুঃসময়ে পাশে ছিলেন না, তাঁরা ভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের নির্বাচনে ১৯ আসন নিয়ে কিংমেকার ফিলিস্তিনি দলগুলো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


ইসরাইলের নির্বাচনে ১৯ আসন নিয়ে কিংমেকার ফিলিস্তিনি দলগুলো

ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে ফিলিস্তিনি-ইসরাইলি তথা আরব দলগুলো ১৯টি আসন অর্জন করেছে, যা তাদের সরকার গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৪টি আসন পেয়েছে। অন্যদিকে, বিরোধী শিবিরের গাদি আইজেনকোট নেতৃত্বাধীন জোট ৪৭টি আসন লাভ করেছে, যারা তাকে ক্ষমতা থেকে সরাতে আগ্রহী।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের পর শুরু হয় ভোট গণনা। আজ বুধবার স্থানীয় সময় সকাল ১১টা (বাংলাদেশ সময় বিকেল ৩টা) পর্যন্ত ৭০ শতাংশ ভোট গণনা করা হয়েছে, যা প্রায় ৪০ লাখ ব্যালট। ভোটের প্রাথমিক হিসাব অনুযায়ী, নেতানিয়াহু ও আইজেনকোট নেতৃত্বাধীন দলগুলোর আসনসংখ্যায় বড় পরিবর্তন না এলেও ফিলিস্তিনি দলগুলোর আসন সংখ্যা বেড়েছে।

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের মোট আসন সংখ্যা ১২০টি। সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসন প্রয়োজন। ফলে কোনো একক জোট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ফিলিস্তিনি দলগুলো সরকার গঠনের সমীকরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নেতানিয়াহুর লিকুদ পার্টি আগের নির্বাচনের তুলনায় সমর্থন হারালেও সর্বোচ্চ ভোট পেয়েছে, দলটি ২৭টি আসন অর্জন করেছে। অন্যদিকে, গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ২০টি আসন পেয়েছে।

তবে নেতানিয়াহুর জন্য উদ্বেগের বিষয় হলো, তার কট্টর ডানপন্থি মিত্র ইতামার বেন-গভিরের ওতজমা ইয়েহুদিত এবং বেজালেল স্মোত্রিচের রিলিজিয়াস জায়নিজম পার্টির সমর্থন কমেছে। উভয় দল যথাক্রমে ৭ ও ৬টি আসন পেয়েছে।

ফিলিস্তিনি-ইসরাইলি দলগুলোর আসন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে একাধিক আরব দলের জোট জয়েন্ট লিস্টের আসন প্রায় দ্বিগুণ হয়েছে, দলটি ১৩টি আসন পেয়েছে। রা’আম ৬টি আসন লাভ করেছে।

দলভিত্তিক আসনসংখ্যা

দল                   আসন

লিকুদ (নেতানিয়াহু)- ২৭

ইয়াশার (আইজেনকোট)- ২০

জয়েন্ট লিস্ট- ১৩

টুগেদার (নাফতালি বেনেট)- ১১

ডেমোক্র্যাটস (ইয়ার গোলান)- ৮

ইসরাইল বেইতেনু- ৮

শাস- ৭

ইউনাইটেড তোরাহ জুডাইজম- ৭

ওতজমা ইয়েহুদিত- ৭

রিলিজিয়াস জায়নিজম- ৬

রা’আম- ৬

ভোট গণনার হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর জোটের ৫৪টি আসন এবং বিরোধী ও ফিলিস্তিনি দলগুলোর সম্মিলিত ৬৬টি আসন রয়েছে। তবে বিরোধী দল ও ফিলিস্তিনি দলগুলো একসঙ্গে কাজ করে জোট সরকার গঠনের পক্ষে যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি সরকারকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিন। তিনি বলেছেন, এ লক্ষ্য অর্জনে তার দল দায়িত্ব নিতে প্রস্তুত।

জাতীয় সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথকে জাবারিন বলেন, ‘এই সরকার প্রতিটি আরব নাগরিকের জীবন দুর্বিষহ করে তুলেছে।’ তিনি মন্তব্য করেন, নিজেদের রাজনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে দলের আদর্শ ও মূল্যবোধ এগিয়ে নেওয়ার সক্ষমতা তাঁদের রয়েছে।

জাবারিন বলেন, ‘নেতানিয়াহু, বেন-গভির ও স্মোত্রিচের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে তাদের বাড়ি পাঠানোর পথ তৈরি করতে আমরা প্রস্তুত।’

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%