ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

৬ মাসে রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে ১৩.১ শতাংশ


৬ মাসে রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে ১৩.১ শতাংশ

দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে স্বস্তি এনে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ। এই সময়ের মধ্যে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ৮৯৪ কোটি মার্কিন ডলার। এটি আগের বছরের একই সময়ের ১ হাজার ৬৭৪ কোটি ডলারের তুলনায় ২২০ কোটি ডলার বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, পর্যালোচিত ছয় মাসের মধ্যে মোট পাঁচ মাসেই প্রবাসী আয় ধারাবাহিকভাবে বেড়েছে। এর মধ্যে গত আগস্ট মাসে সর্বোচ্চ ২২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি বছরের মার্চে ৩৭৫ কোটি ডলার আসার পর এপ্রিলে ৩১৩ কোটি এবং মে মাসে এসেছে ৩৪৩ কোটি ডলার। জুনে প্রবাহ কিছুটা স্থির (২৮১ কোটি ডলার) থাকলেও জুলাইয়ে তা আবার বেড়ে ২৮৬ কোটি ডলারে দাঁড়ায়। এরপর আগস্টে আসে ২৯৬ কোটি ডলার।

এই ছয় মাসে দেশের রেমিট্যান্সের সবচেয়ে বড় উৎস ছিল মধ্যপ্রাচ্য ও পশ্চিমাঞ্চলের কয়েকটি দেশ। এর মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ৩০৮ কোটি ৮ লাখ ডলার এসেছে। এ ছাড়া যুক্তরাজ্য থেকে ২৯৪ কোটি ২ লাখ, সংযুক্ত আরব আমিরাত থেকে ২২৬ কোটি ৭২ লাখ, যুক্তরাষ্ট্র থেকে ১৭১ কোটি ৬৫ লাখ এবং মালয়েশিয়া থেকে ১৪৮ কোটি ৭০ লাখ ডলার দেশে এসেছে। মূলত এই পাঁচ দেশ থেকেই মোট রেমিট্যান্সের প্রায় ৬০ দশমিক ৭ শতাংশ আয় পরিবাহিত হয়েছে।

আরও পড়ুন: ভারতীয় পর্যটকেরা বলছেন, ভারতের চেয়ে বাংলাদেশে পূজার পরিবেশ ভালো: রিজভী

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলের ওপর প্রবাসীদের আস্থা বৃদ্ধি এবং হুন্ডি নিরুৎসাহিত করতে সরকারের নেওয়া পদক্ষেপগুলোর কারণেই এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক ধারা বজায় থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি সামগ্রিক সামষ্টিক অর্থনীতিতে আরও স্থায়িত্ব আসবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবিতে যুক্ত হয়েছে নতুন দুটি অ্যাম্বুলেন্স

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


রাবিতে যুক্ত হয়েছে নতুন দুটি অ্যাম্বুলেন্স

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগিতায়, শিক্ষার্থীদের চিকিৎসাসেবার জন্য দুটি আধুনিক অ্যাম্বুলেন্স সংযুক্ত করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে নতুন অ্যাম্বুলেন্স দুটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন অ্যাম্বুলেন্স দুটিতে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার, ফার্স্ট এইড বক্সসহ আধুনিক সুবিধা রয়েছে। এর পাশাপাশি ২৪ ঘণ্টা জরুরি সেবা, হটলাইন নম্বর, স্ট্রেচার ও হুইলচেয়ারের ব্যবস্থা এবং দ্রুত রোগী পরিবহনের সুবিধাও থাকবে। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রোগী নেওয়ার ব্যবস্থাও থাকবে।

এদিকে, গুরুতর অসুস্থ হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এবং রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সুপারিশক্রমে এসব অ্যাম্বুলেন্সে সড়কপথে ঢাকায় নেওয়ার সুবিধা থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নতুন অ্যাম্বুলেন্স পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা মাহফুজা সিদ্দিকা লিপি। তিনি জানান, "আমাদের মেডিকেল সেন্টারে অ্যাম্বুলেন্স সংকট অনেক দিন ধরেই ছিল। নতুন অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ সেই সংকট কিছুটা দূর হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী, মেডিকেল সেন্টারের অন্যান্য সমস্যাগুলোও প্রশাসন দূর করবে।"

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, "আমরা অনেক আগে থেকেই অ্যাম্বুলেন্সের বিষয়ে কাজ শুরু করেছি। আজ একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে, আরেকটি আসছে। এই দুটি অ্যাম্বুলেন্সই আমাদের শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হবে। একটি আধুনিক অ্যাম্বুলেন্সে যা যা প্রয়োজন, তার সবই এখানে রয়েছে।"

তিনি আরও বলেন, "আমাদের ছেলেমেয়েরা গুরুতর অসুস্থ হলে রামেকের ওপর নির্ভর করতে হয়। ইউজিসির সহযোগিতা পেলে আমরা আমাদের মেডিকেল সেন্টারেই চার-পাঁচটি আইসিইউ বেড স্থাপনের পরিকল্পনা নিয়েছি। সেখানে আইসিইউ বিশেষজ্ঞও থাকবেন। খুব দ্রুতই লোকবল সংকটেরও সমাধান হবে। আমাদের মেডিকেল সেন্টার আরও বড় করা, আধুনিক মেশিন সংযুক্ত করাসহ বিস্তর পরিকল্পনা রয়েছে। সময়ের সঙ্গে আপনারা সবকিছুই পাবেন। আমি কর্মে বিশ্বাসী।"

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আসলাম হোসেন, ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশিদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান, অফিসার সমিতির সহ-সভাপতি রোকনুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড়াইলে ভ্যানচালককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


ড়াইলে ভ্যানচালককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ইসলাম শেখকে (৫২) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে প্রতিপক্ষ টিপু সুলতান ও কামরুল ইসলামের নেতৃত্বে তার লোকজন ওৎপেতে থেকে রঘুনাথপুর কবরস্থান এলাকায় ইসলামকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

ইসলাম শেখ রঘুনাথপুর গ্রামের বজলু শেখের ছেলে। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন। এছাড়া শালনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য ছিলেন।

নিহত ইসলাম শেখের পরিবারের সদস্যরা জানান, ইসলাম লাহুড়িয়া বাজার থেকে বিদ্যুৎবিল পরিশোধ করে ভ্যান চালিয়ে বাড়িতে আসছিলেন। প্রতিপক্ষ টিপু সুলতানের নেতৃত্বে তার লোকজন ওৎপেতে থেকে ইসলামকে হত্যা করে। টিপু আওয়ামী লীগের সমর্থক। তার নামে নাশকতার মামলা রয়েছে।

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আ’লীগ নেতা টিপু সুলতান এবং শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মফিজার পক্ষের ইসলাম শেখকে হত্যা করা হয়েছে।  

এদিকে, ইসলাম নিহতের ঘটনায় বিএনপি, স্বেচ্ছাসেবকদল ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নিহতের পরিবারের খোঁজখবরসহ শোক ও সমবেদনা জানান।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, নিহত ইসলাম শেখের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা জড়িতদের আটকের চেষ্টা চলছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মামলা দায়ের হয়নি। #
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদের ইএসপি ইনস্টিটিউশনের ‘ছাগল কাণ্ডে’ ভুল বোঝাবুঝির অবসান

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


নেছারাবাদের ইএসপি ইনস্টিটিউশনের ‘ছাগল কাণ্ডে’ ভুল বোঝাবুঝির অবসান

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ইএসপি ইনস্টিটিউশন বিদ্যালয়ে ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষে ছাগল ঢুকে পড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ ও ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকেদের হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টির মীমাংসা করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষার্থীদের উপস্থিতিতে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়। পরে পারস্পরিক ভুল বোঝাবুঝির বিষয়টি স্বীকার করে বিদ্যালয়ের স্বাভাবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়ে সবাই একমত হন। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।
 
এর আগে গত সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন কয়েকটি ছাগল শ্রেণিকক্ষে ঢুকে পড়ে। ছাগলগুলো শ্রেণিকক্ষে মলমূত্র ত্যাগ করায় শিক্ষার পরিবেশ নষ্ট হয় বলে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি। পরে শিক্ষার্থীরা ছাগলগুলো শ্রেণিকক্ষ থেকে বের করে বিদ্যালয়ের বাইরে নিয়ে যায়।
 
এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল সুতারকে মোবাইল ফোনে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে গুয়ারেখা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক লিটন শেখের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় মাঠে লিটন শেখের বিচার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
 
প্রধান শিক্ষক নির্মল সুতার অভিযোগ করেন, ছাগলগুলো শ্রেণিকক্ষে ঢোকার পর শিক্ষার্থীরা সেগুলো বাইরে বের করে দেয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য বিএনপির নেতাদের জানানো হয়। তবে ঘটনার রাতে লিটন শেখ তাকে মোবাইল ফোনে গালাগাল করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
 
অন্যদিকে লিটন শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়টি তার বাড়ির পাশে হওয়ায় আকস্মিকভাবে পাঁচটি ছাগল বিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়ে। পরে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ছাগলগুলোকে প্রায় দেড় কিলোমিটার দূরে নিয়ে গিয়ে একটি খোঁয়াড়ে দিয়ে আসে। তিনি সেখান থেকে ছাগলগুলো ফিরিয়ে আনেন।
 
লিটন শেখের দাবি, বিদ্যালয় চলাকালীন দপ্তরির মাধ্যমে ছাগলগুলো বাইরে বের করে দেওয়া সম্ভব ছিল। কিন্তু শিক্ষার্থীদের দিয়ে দূরে নিয়ে যাওয়ায় তাদের পড়াশোনার ক্ষতি হয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলার সময় উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
 
এর আগে গুয়ারেখা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান জানিয়েছিলেন, স্কুলে ছাগল ঢোকাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বিএনপির নাম ভাঙিয়ে কেউ প্রভাব বিস্তার করলে তার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেছিলেন।
 
নেছারাবাদ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম জানিয়েছিলেন, এ ঘটনায় তার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
 
অবশেষে স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের উদ্যোগে আলোচনার মাধ্যমে বিরোধের অবসান হওয়ায় বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। উভয় পক্ষও ভবিষ্যতে বিষয়টি নিয়ে আর কোনো বিরোধে না জড়িয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ও বাল্যবিবাহ রুখতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান বালিয়াকান্দি থানার ওসির

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


মাদক ও বাল্যবিবাহ রুখতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান বালিয়াকান্দি থানার ওসির
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকবিরোধী, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন।
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আ ব দু র রব তালুকদার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও আত্মহত্যার ক্ষতিকর দিক তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
 
এ সময় ওসি মো: আ ব দু র রব তালুকদার বলেন, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি স্মার্টফোনের সঠিক ও নিরাপদ ব্যবহারের বিষয়ে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দেন।
 
তিনি আরও বলেন, বালিয়াকান্দি উপজেলার প্রতিটি এলাকায় মা*দকবিরোধী, বা*ল্যবিবাহ ও ইভটি*জিং প্রতিরোধের বার্তা পৌঁছে দিতে শিক্ষার্থীদের সচেতন দূত হিসেবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে এসব বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
 
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি থানার এএসআই মোঃ মিরান হোসেন, বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম খান এবং বিদ্যালয়ের সভাপতি মমতাজ আক্তার তানিয়া।
 
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।
 
আলোচনা সভাটি আয়োজন করে বালিয়াকান্দি উপজেলা ভিত্তিক ফেসবুক পেজ ‘বালিয়াকান্দি টাইমস’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%