০১:২১ পি.এম
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বুধবার বৈঠকে বসার পরিকল্পনা করেছেন, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় সম্মেলনের এক দিন আগে অনুষ্ঠিত হবে।
সংবাদ সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে।
এই ত্রিপক্ষীয় সম্মেলনটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এবং এটি আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইউক্রেন ও ইউরোপের মতামতকে উপেক্ষা করে এই তিন নেতা ইউক্রেনের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন।
আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের তল্লাশি অভিযান
প্রথমে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছিল, বৈঠকে ইউক্রেন পরিস্থিতি আলোচনায় আসবে না। তবে পরে ট্রাম্প জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা হবে।
চীন জানায়, আলোচনায় ‘বিশ্বশান্তি রক্ষার’ বিষয়টি গুরুত্ব পাবে।
ওয়াশিংটনের তথ্য অনুযায়ী, বৈঠকে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের বিষয়টিও আলোচনায় থাকবে। তবে নিজেদের তুলনামূলক ছোট পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণের উদ্যোগ থাকায় চীন এ আলোচনায় অংশ নিতে খুব একটা আগ্রহী নয় বলে ধারণা করা হচ্ছে।
রুশ কর্মকর্তাদের মতে, সি চিনপিং এবং ভ্লাদিমির পুতিন প্রথমে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে বক্তব্য দেবেন। এরপর তাদের মধ্যে দুটি বৈঠক অনুষ্ঠিত হবে। একটি বৈঠক হবে জ্বালানি ও অর্থনীতি নিয়ে, অন্যটি তুলনামূলক ছোট পরিসরে, যেখানে ইউক্রেন ও উত্তর কোরিয়াসহ বিভিন্ন পররাষ্ট্রনীতিসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে।
আরও পড়ুন: বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
এদিকে বুধবার ট্রাম্প ফিলিপাইনে অবস্থান করছিলেন। এর আগের দিন তিনি কোয়াড জোটের অন্য তিন সদস্যদেশ—অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
ট্রাম্প জানিয়েছেন, শেনজেনে পৌঁছে পুতিনের সঙ্গে একান্ত বৈঠক করার পরিকল্পনা রয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও বৈঠক হতে পারে।
ট্রাম্প আরও বলেন, কিম চীনে তার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। তবে এর কয়েক ঘণ্টা আগে বেইজিং জানিয়েছিল, দুই নেতার সম্ভাব্য বৈঠক সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।
ম্যানিলায় রুবিও বলেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের কোনো সমস্যা থাকলে তা সমাধানের একমাত্র উপায় হলো তাদের সঙ্গে আলোচনায় বসা।’
আরও পড়ুন: দেড় দশকে ক্ষমতার অপব্যবহারে বীমা খাতের ৭৩% দাবি অনিষ্পন্ন: ড. তিতুমীর
১১ সদস্যের আসিয়ান সম্মেলনের ফাঁকে ট্রাম্পের কোয়াড নেতাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর এটিই ছিল কোয়াড জোটের সঙ্গে ট্রাম্পের প্রথম বৈঠক।
চীনের আঞ্চলিক প্রভাব মোকাবিলার লক্ষ্য নিয়ে গঠিত কোয়াড জোট নিজেদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে নীরবে অগ্রগতি অর্জন করেছে।
তবে মঙ্গলবারের বৈঠকের জন্য খুব অল্প সময় বরাদ্দ থাকায় সেখানে আনুষ্ঠানিক সৌজন্য বিনিময়ের বাইরে বড় কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা কম ছিল বলে মনে করছেন বিশ্লেষকেরা।
আরও পড়ুন: শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে ছাত্রদলের অগ্নিসংযোগের চেষ্টা
ম্যানিলার বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানানো হয় সামরিক সম্মাননা ও বাদ্যদলের পরিবেশনার মাধ্যমে।
শহরের অন্য প্রান্তে প্রায় দুই হাজার বিক্ষোভকারী পুলিশের মুখোমুখি হন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল—‘ট্রাম্প এখনই বিদায় হও’ ও ‘প্যাক্স সিলিকা প্রত্যাখ্যান করো’।
শুল্ক, চিপ ও বিরল খনিজ নিয়ে উত্তেজনা
আঞ্চলিক নানা সমস্যা নিয়ে টানা তিন দিন ধরে আসিয়ান নেতাদের আলোচনা চললেও ট্রাম্পের চলমান শুল্ক আরোপের নীতির প্রভাব সম্মেলনজুড়েই ছিল।
আরও পড়ুন: ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর
সোমবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্যনীতি ও সংরক্ষণবাদের সমালোচনা করেন। একই সঙ্গে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে চীনের ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও একই ধরনের অবস্থান তুলে ধরেন।
তারা উভয়েই যুক্তরাষ্ট্রের বাজারের ওপর নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার কথা বলেন।
মঙ্গলবার চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি পরিমাণে বিরল খনিজ উৎপাদন করছি।
আরও পড়ুন: মোহাম্মদপুরে মাদকসহ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার
তারা বলছে, ১০ মাসের মধ্যে আমরা চীনের সমান হয়ে যাব।’
এদিকে ট্রাম্পের ম্যানিলায় পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে উন্নত প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানি ও সরবরাহের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ ঘোষণা করে ওয়াশিংটন।
নতুন নিয়ম অনুযায়ী, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় উন্নত মানের চিপ সরবরাহ করতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিশেষ অনুমতি নিতে হবে।
যুক্তরাষ্ট্রের দাবি, এসব দেশের মাধ্যমে চিপ অন্য দেশে সরিয়ে নেওয়ার ঝুঁকি স্বাভাবিকের চেয়ে বেশি।
এ বিষয়ে সিঙ্গাপুর জানিয়েছে, দেশটিতে অবস্থিত প্রতিষ্ঠানগুলো যাতে নির্ভরযোগ্য উৎস থেকে এসব প্রযুক্তি সংগ্রহ করতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।
‘প্যাক্স সিলিকা’ নিয়ে ফিলিপাইনে বিক্ষোভ
শেনজেন যাওয়ার আগে বুধবার ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের।
সেমিকন্ডাক্টর ও বিরল খনিজের বাজারে চীনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেওয়া ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগটি ফিলিপাইনে গত কয়েক মাস ধরে বিক্ষোভের অন্যতম কারণ হয়ে উঠেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় আদিবাসী পরিবারগুলো তাদের বসতভিটা ও জমি হারানোর ঝুঁকিতে পড়বে।
মঙ্গলবারের বিক্ষোভে অংশ নিয়ে ২১ বছর বয়সী মারিপোসা নামের এক ড্র্যাগ পারফর্মার এএফপিকে বলেন, ‘প্যাক্স সিলিকা বন্ধ ও ফিলিপাইনের মানুষের ভূমি রক্ষার দাবিতে আমরা আজ এখানে সমবেত হয়েছি।’
এ সময় তার পরনে ছিল কালো রঙের লম্বা আলখাল্লা। তাতে লেখা ছিল, ‘প্যাক্স সিলিকা, সরে যাও!’
মঙ্গলবার আসিয়ান সম্মেলন শেষ হওয়ার সময় প্রেসিডেন্ট মার্কোস আঞ্চলিক জোটের অন্যতম বড় অর্জন হিসেবে ‘ডিজিটাল ইকোনমি ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরের বিষয়টি তুলে ধরেন।
এই চুক্তির লক্ষ্য হলো ডিজিটাল বাণিজ্য সহজ করা এবং দেশগুলোর মধ্যে অর্থ লেনদেন আরও নির্বিঘ্ন করা।
তবে ফিলিপাইনের সভাপতিত্বের মেয়াদে দক্ষিণ চীন সাগর নিয়ে আসিয়ান ও চীনের মধ্যে একটি ‘আচরণবিধি’ চূড়ান্ত করতে না পারার বিষয়টিও স্বীকার করেন মার্কোস।
মার্কোস সাংবাদিকদের বলেন, ‘এ কাজের ৮৫ থেকে ৯০ শতাংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন