ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মেঘনা আলমকে অবৈধ সম্পদের অভিযোগে দুদকের জিজ্ঞাসাবাদ


মেঘনা আলমকে অবৈধ সম্পদের অভিযোগে দুদকের জিজ্ঞাসাবাদ

দুর্নীতি দমন কমিশন (দুদক) মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করেছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে মেঘনা আলম দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হন। সেখানে উপ-পরিচালক সুমিত্রা সেনের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিম তাকে জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে, গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের পক্ষ থেকে একটি তলবি চিঠি পাঠানো হয়েছিল।

আরও পড়ুন: নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে এসআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে ড্রোন প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


দিনাজপুরে ড্রোন প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

দিনাজপুর, ১৮ নভেম্বর, ২০২৬ : ফুলবাড়ী বিজিবি-২৯ ব্যাটালিয়নের সদস্যরা আধুনিক প্রযুক্তি ড্রোন ব্যবহার করে সীমান্তে অপরাধ দমনে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

বুধবার সকাল সাড়ে ১০টায়, দিনাজপুর ফুলবাড়ী বিজিবি-২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফুলবাড়ী বিজিবি-২৯ এর অধীনে সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে। বিজিবি দায়িত্বপূর্ণ জেলার সদর, ফুলবাড়ী, বিরামপুর, ও চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হয়েছে।

এ প্রসঙ্গে, সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক গতিবিধি শনাক্তকরণ এবং টহল কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য ড্রোন প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি নির্ভর এই নজরদারি ব্যবস্থার মাধ্যমে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা সম্ভব হচ্ছে।

ফুলবাড়ী বিজিবি-২৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান বলেন, "সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে।"

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় ফুলবাড়ী বিজিবি-২৯ ব্যাটালিয়নের সকল সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপসারিত সিইওকে ফিরিয়ে নেবে না এনভিডিয়া, তৃতীয় প্রান্তিকে আয় দ্বিগুণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


অপসারিত সিইওকে ফিরিয়ে নেবে না এনভিডিয়া, তৃতীয় প্রান্তিকে আয় দ্বিগুণ

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : গুপ্তচরবৃত্তির কেলেঙ্কারিতে পদ হারানো প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে আর ফিরিয়ে নেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া।

গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটি এ ঘোষণা দিয়েছে।

একই সঙ্গে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে তাদের আয় দ্বিগুণেরও বেশি বেড়ে ১১৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীনা গুপ্তচর সন্দেহে অভিযুক্ত এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগে গত সপ্তাহে পদত্যাগ করেন হুয়াং। এরপরও তিনি আবার সিইও পদে ফিরতে চেয়েছিলেন। কিন্তু তার স্থলাভিষিক্ত অন্তর্বর্তীকালীন সিইও কোলেট ক্রেস জানিয়েছেন, তাকে ছাড়াই প্রতিষ্ঠানটি এখন স্বাভাবিক নিয়মে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে জোনস আয়সংক্রান্ত এক বৈঠকে বলেন, ‘এনভিডিয়ার পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। জেনসেনকে আবার সিইও পদে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা তাদের নেই।’

এনভিডিয়ার এই সংকটের মধ্যেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বাজারে প্রবৃদ্ধি অব্যাহত থাকবে কি না, বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির ভালো আর্থিক ফলাফলে সেই ইঙ্গিত খুঁজছেন।

একই সঙ্গে এ ঘটনায় চীনা প্রতিষ্ঠানগুলোর কাজে লাগানো হয়েছে বলে অভিযোগ ওঠা একটি রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁকও সামনে এসেছে।

তিনি পূর্বাভাস দিয়েছেন, আগামী অর্থবছরে প্রতিষ্ঠানের আয় প্রবৃদ্ধি ৭৫ শতাংশে পৌঁছাতে পারে। চলতি অর্থবছরে এ হার ছিল ৭০ শতাংশ।

মঙ্গলবার হুয়াংয়ের আবার পদ ফিরে পাওয়ার চেষ্টা ছিল প্রতিষ্ঠানটির সাম্প্রতিক সংকটের সর্বশেষ ঘটনা। এআই প্রযুক্তির ব্যাপক প্রসারকে কেন্দ্র করে এনভিডিয়া বিশ্ববাজারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

এই প্রযুক্তির উত্থান শেয়ারবাজারকে রেকর্ড উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ভূমিকা রেখেছে।

তবে সাম্প্রতিক এই অস্থিরতায় এনভিডিয়ার শেয়ারের দাম ব্যাপকভাবে কমেছে। কেলেঙ্কারির খবর প্রকাশের পর প্রতিষ্ঠানটির বাজারমূল্য থেকে ৭০০ বিলিয়ন ডলার কমে গেছে।

জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের বিষয়ে আগামী ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে হুয়াংয়ের।

এআই প্রযুক্তির একজন প্রভাবশালী প্রচারক হিসেবে পরিচিত হুয়াংয়ের পদত্যাগের পরপরই ইলন মাস্কসহ আরও অনেকে তাকে ফিরিয়ে আনার আহ্বান জানান।

এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুয়াংয়ের ফিরে আসায় তার আপত্তি নেই বলে মন্তব্য করেন।

মঙ্গলবার আর্থিক ফলাফল প্রকাশের কয়েক ঘণ্টা আগে হুয়াং বলেন, ‘আমি দায়িত্ব ছাড়ার পর এনভিডিয়ার কর্মী, বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকদের কাছ থেকে সিইও হিসেবে আমাকে ফিরিয়ে আনার জন্য অসংখ্য আহ্বান পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘পরিচালনা পর্ষদ যদি মনে করে, আমার ফিরে আসা শেয়ারহোল্ডার, কর্মী, প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে সবচেয়ে ভালো হবে, তাহলে এসব আহ্বানে সাড়া দিয়ে সিইও পদে ফিরতে আমি সম্মানিত বোধ করব।’

এদিকে গুপ্তচরবৃত্তির অভিযোগ আরও জোরালো হওয়ার মধ্যে সোমবার এআই চিপ রপ্তানিতে নতুন বিধিনিষেধ ঘোষণা করে ওয়াশিংটন। এর তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং।

যুক্তরাষ্ট্রের নতুন রপ্তানি নিষেধাজ্ঞা এবং এনভিডিয়াকে ঘিরে চলমান বিতর্ক চীনের শেনজেনে এ সপ্তাহে শুরু হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বৈঠকেও প্রভাব ফেলতে পারে।

নতুন মার্কিন নিয়ম অনুযায়ী, বিশ্বের যেকোনো দেশের ডেটা সেন্টার থেকে উন্নত প্রযুক্তির চিপ ব্যবহার করে বিপুল পরিমাণ কম্পিউটিং সক্ষমতা চীন, ম্যাকাও কিংবা যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য কোনো দেশে অবস্থিত প্রতিষ্ঠানে সরবরাহ করতে হলে মার্কিন সরকারের অনুমতি নিতে হবে।

এ ছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ব্রাজিলে উন্নত প্রযুক্তির চিপ পাঠানোর ক্ষেত্রেও বিশেষ অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের দাবি, এসব দেশের মাধ্যমে চিপ অন্য দেশে সরিয়ে নেওয়ার ঝুঁকি স্বাভাবিকের চেয়ে বেশি।

দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের ডেটা সেন্টারে যুক্তরাষ্ট্রের তৈরি এমন কিছু চিপ ব্যবহার করা হচ্ছিল, যেগুলো সরাসরি চীনে রপ্তানির অনুমতি নেই। চীনা প্রতিষ্ঠানগুলো এসব ডেটা সেন্টার থেকে এআই প্রযুক্তি ব্যবহারের কম্পিউটিং সক্ষমতা ভাড়া নিয়ে রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে যাচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এই সুযোগ বন্ধ করতেই নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের ঘটনা প্রকাশ্যে আসার পর এ ধরনের লেনদেন নিয়ে নতুন করে ব্যাপক অনুসন্ধান শুরু হয়েছে।

হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠা অ্যালিস হুয়াং ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াংয়ের আত্মীয় নন। তিনি সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী। মার্কিন কর্তৃপক্ষের ফৌজদারি তদন্তের আওতায় রয়েছে প্রতিষ্ঠানটি।

অভিযোগ রয়েছে, রপ্তানি নিয়ন্ত্রণ এড়িয়ে চীনা প্রতিষ্ঠানগুলোকে এনভিডিয়ার উন্নত এআই চিপ সংগ্রহে সহায়তা করেছে মেগাস্পিড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপত্তা উদ্বেগে যুক্তরাষ্ট্রের মহাসড়ক থেকে ওয়েমো চালকবিহীন গাড়ি সরিয়ে নিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


নিরাপত্তা উদ্বেগে যুক্তরাষ্ট্রের মহাসড়ক থেকে ওয়েমো চালকবিহীন গাড়ি সরিয়ে নিচ্ছে

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সাময়িকভাবে মহাসড়কে চালকবিহীন গাড়ির চলাচল নিষিদ্ধ করার পর ওয়েমো যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহাসড়ক থেকে তাদের স্বয়ংক্রিয় গাড়ি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানায়, আপাতত মহাসড়কে তাদের চালকবিহীন গাড়ির কার্যক্রম বন্ধ রাখা হবে।

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সহযোগী কোম্পানি ওয়েমোর একজন মুখপাত্র এই তথ্য প্রকাশ করেছেন।

ক্যালিফোর্নিয়ার পাশাপাশি ফিনিক্স, অস্টিন ও মায়ামিসহ যুক্তরাষ্ট্রের যেসব শহরে ওয়েমোর গাড়ি চলাচল করে, সেসব এলাকার মহাসড়কেও সাময়িকভাবে এ সেবা বন্ধ থাকবে।

ওয়েমোর মুখপাত্র জানান, ক্যালিফোর্নিয়ায় ঘটে যাওয়া কয়েকটি ঘটনার পর নিজেদের গাড়ির কার্যক্রম ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করার জন্য মহাসড়কে চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সম্প্রতি সান ফ্রান্সিসকোর একটি মহাসড়কে ঘটে যাওয়া একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, ওয়েমোর একটি চালকবিহীন গাড়ি দ্রুতগতিতে এসে পুলিশের দুটি গাড়িকে পাশ কাটানোর চেষ্টা করছে। অথচ পুলিশ গাড়ি দুটির জরুরি সংকেতবাতি তখন জ্বলছিল।

পুলিশ কর্মকর্তারা তখন একটি ধীরগতির নির্মাণসামগ্রী বহনকারী ট্রাকের পেছনে গাড়ি চালাচ্ছিলেন।

এ ঘটনার পর গত ১১ নভেম্বর থেকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ওয়েমোর গাড়ির মহাসড়কে চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ করে।

তবে শুধু এই ঘটনার জন্য নয়, আরও একটি ঘটনার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অঙ্গরাজ্যটির সড়ক নিরাপত্তার দায়িত্বে থাকা মোটরযান বিভাগ।

সংস্থাটির এক মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, সান ফ্রান্সিসকো বে এলাকার একটি সড়কে নির্মাণকাজ চলাকালীন যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। কিন্তু ওয়েমোর তিনটি চালকবিহীন গাড়ি সেই নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ে।

মোটরযান বিভাগের বিবৃতিতে বলা হয়, নির্মাণকাজ চলাকালে শ্রমিক, নির্মাণসামগ্রী ও বিভিন্ন যন্ত্রপাতি সেখানে অবস্থান করছিল। এমন পরিস্থিতিতে ওয়েমোর গাড়িগুলো বারবার নির্মাণকাজের জন্য নির্ধারিত নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ায় জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি হচ্ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ওয়েমো তাদের গাড়ির নিরাপত্তা ত্রুটি সংশোধনে কার্যকর পদক্ষেপ নিয়েছে—এ বিষয়ে সন্তোষজনক প্রমাণ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বর্তমানে ওয়েমোর চালকবিহীন গাড়ি দিয়ে প্রতি সপ্তাহে প্রায় পাঁচ লাখ যাত্রা সম্পন্ন হচ্ছে।

প্রতিষ্ঠানটির দাবি, মানুষের চালানো গাড়ির তুলনায় তাদের স্বয়ংক্রিয় গাড়ির গুরুতর দুর্ঘটনার হার ৯৫ শতাংশ কম।

এদিকে, ২০১৬ সাল থেকে যুক্তরাজ্যের লন্ডনে চালকবিহীন গাড়ি পরীক্ষামূলকভাবে চালিয়ে আসছে ওয়েমো।

২০২৭ সালে জার্মানির মিউনিখ ও স্পেনের মাদ্রিদে এ সেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেফরিস, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


জেফরিস, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফরিস আরও এক ধাপ অগ্রসর হচ্ছেন।

মধ্যবর্তী নির্বাচনে বিপুল বিজয়ের পর বুধবার ডেমোক্র্যাটরা নিজেদের দলের নেতা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে তার স্পিকার হওয়ার সম্ভাবনা আরও বৃদ্ধি পেতে পারে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতার নেতৃত্ব দেওয়ার জন্য জেফরিস অপেক্ষা করছেন।

মঙ্গলবার জেফরিস জানিয়েছেন, তিনি তার মনোনয়নের জন্য রেকর্ডভিত্তিক ভোটের অনুরোধ করবেন। আনুষ্ঠানিক ভোট ছাড়াই সর্বসম্মতিক্রমে তাকে নির্বাচিত করার আশা করেছিলেন তার কিছু ঘনিষ্ঠ সহযোগী।

ভোটের আগের দিন ক্যাপিটলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেফরিস বলেন, "তার অভিজ্ঞতা, রাজনৈতিক কর্মকাণ্ডের রেকর্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনার সুযোগ প্রত্যেক ডেমোক্র্যাটের থাকা উচিত।"

বুধবারের ভোটে স্পিকার পদে ডেমোক্র্যাটদের প্রার্থী নির্ধারণ করা হবে। তবে আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ ভোটে তাকে স্পিকার নির্বাচিত হতে হবে।

বুধবারের মনোনয়ন ভোটে বর্তমান ও নবনির্বাচিত—উভয় শ্রেণির ডেমোক্র্যাট আইনপ্রণেতারা অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে প্রগতিশীল নেতারাও অন্তর্ভুক্ত রয়েছেন।

যুক্তরাষ্ট্রের ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়া এবং রাজনীতিতে অর্থের প্রভাব—বিভিন্ন বিষয়ে জেফরিসের কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করছেন তারা।

সমর্থন আরও সুসংহত করার লক্ষ্যে জেফরিস ও তার ঘনিষ্ঠ সহযোগীরা কাজ করছেন।

একই সঙ্গে নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর দেশ পরিচালনার দলের পরিকল্পনার দিকে মনোযোগ ফেরানোর চেষ্টা করছেন জেফরিস। ইরান যুদ্ধ এবং জ্বালানির আকাশচুম্বী দাম নিয়ে জনঅসন্তোষের কারণে রিপাবলিকানরা বড় ধরনের নির্বাচনী বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।

মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, "রিপাবলিকানদের অর্থনৈতিক পরিস্থিতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা প্রথম দিন থেকেই এই পরিস্থিতি বদলাতে প্রতিশ্রুতিবদ্ধ।"

ব্রুকলিনে বেড়ে ওঠা

ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় বেড়ে ওঠা জেফরিস আইন বিষয়ে পড়াশোনা করেন। ২০০৭ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভায় যোগদান করেন তিনি। ২০১২ সালে কংগ্রেস সদস্য নির্বাচিত হন।

সংযত আচরণ, তীক্ষè বক্তব্য এবং হিপহপ শিল্পীদের উদ্ধৃতি দেওয়ার প্রবণতার জন্য তিনি পরিচিত।

২০২২ সালে ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হয়ে ডেমোক্র্যাটদের নেতা নির্বাচিত হন। এর মাধ্যমে কংগ্রেসের দুই কক্ষের যেকোনো একটিতে কোনো দলের নেতৃত্ব দেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ রাজনীতিক হওয়ার ইতিহাস গড়েন তিনি।

২০২০ সালে ট্রাম্পের প্রথম অভিশংসন বিচারেও প্রতিনিধি পরিষদের কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

স্পিকার নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হবে।

তবে মধ্যপন্থী এবং ক্রমেই প্রভাবশালী হয়ে ওঠা বামপন্থীদের নিয়ে গঠিত ডেমোক্র্যাট জোটকে ঐক্যবদ্ধ রাখা তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে।

ডেমোক্র্যাটরা ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে।

প্রতিনিধি পরিষদে তুলনামূলক সহজ নেতৃত্ব নির্বাচনের চিত্রের বিপরীতে সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্ব নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। সেখানে দলের দীর্ঘদিনের নেতা চাক শুমারের প্রতিদ্বন্দ্বী হয়েছেন মেরিল্যান্ডের প্রগতিশীল সিনেটর ক্রিস ভ্যান হলেন।

বার্নি স্যান্ডার্সসহ বামপন্থী রাজনীতির প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন পেয়েছেন ভ্যান হলেন। তবে নিজেকে এ প্রতিযোগিতায় পিছিয়ে থাকা প্রার্থী হিসেবেই দেখছেন তিনি।

ডিসেম্বরের শুরুতে সিনেট ডেমোক্র্যাটরা তাদের নেতা নির্বাচন করবেন।

এদিকে রিপাবলিকানরা গত সপ্তাহেই কংগ্রেসে নিজেদের নেতা নির্বাচন করেছে।

প্রতিনিধি পরিষদে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জিম জর্ডানকে নেতৃত্বে এনেছে দলটি। আর সিনেটে জন থুনকে পুনরায় নেতা হিসেবে রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%