ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

কাউখালীতে ১১ বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি


কাউখালীতে ১১ বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি

পিরোজপুরের কাউখালী উপজেলার ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পালের বিরুদ্ধে ১১ বছর বয়সী এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয়ের লাইব্রেরিতে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ দায়েরের পরেও দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগের সূত্রে জানা যায়, ৪ নভেম্বর বুধবার বিদ্যালয়ের টিফিনের সময় অন্য শিক্ষক ও কর্মচারীরা অনুপস্থিত থাকার সুযোগে লিটন চন্দ্র পাল ওই ছাত্রীকে শ্রেণিকক্ষে একা পেয়ে লাইব্রেরিতে ডেকে নিয়ে যান। এ সময় অন্যান্য শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে খেলাধুলায় ব্যস্ত ছিল। শিশুটির বক্তব্য অনুযায়ী, লাইব্রেরিতে নিয়ে ওই শিক্ষক তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং তাকে জড়িয়ে ধরে আটকে রাখেন। শিশুটি কান্নাকাটি করে নিজেকে রক্ষা করার চেষ্টা করলেও শিক্ষক তাকে ছাড়েননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে বাইরে কারও পায়ের শব্দ পেয়ে শিশুটি চিৎকার করার চেষ্টা করলে শিক্ষক তাকে ছেড়ে দেন।

পরে শিশুটি বাড়িতে ফিরে তার নানিকে ঘটনাটি জানায়। এ ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করছে বলে তার পরিবার জানিয়েছে। ঘটনার দিন বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হলেও শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ায় তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক অভিযোগ করা সম্ভব হয়নি। শুক্র ও শনিবার বিদ্যালয় বন্ধ থাকায় পরবর্তী রোববার (৮ নভেম্বর) শিশুটির মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: ‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন : জামায়াত

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। অভিযুক্ত শিক্ষক লিটন পাল তিন দিনের ছুটিতে রয়েছেন।

এদিকে, অভিযুক্ত শিক্ষক লিটন চন্দ্র পালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমার বিরুদ্ধে এর আগেও অভিযোগ হয়েছিল। তা থেকে আমি অব্যাহতি পেয়েছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। আমার মেয়ে অসুস্থ, এখন ব্যস্ত আছি। পরে আপনার সঙ্গে কথা বলব।" এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

অভিযোগের আগে বিদ্যালয়ে লিটন পালের বিরুদ্ধে অনিয়ম, প্রধান শিক্ষিকার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, কুপ্রস্তাব ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মা রানী এবং পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত হোসেন এ বিষয়ে আগে লিখিত অভিযোগ করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে ওই অভিযোগগুলোর বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। উল্টো অভিযোগকারী প্রধান শিক্ষককে ডেপুটেশনে অন্যত্র পাঠানো হয়েছিল বলেও দাবি করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের দাবি, আগের অভিযোগ থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।

গ্রিনফোর্স বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট জহুরুল ইসলাম বলেন, অভিযোগে বর্ণিত ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা জরুরি। এ ধরনের অভিযোগের যথাযথ বিচার না হলে শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হবে।

আরও পড়ুন: ডেপুটি স্পিকার কায়সার কামালের সংসদে উষ্মা প্রকাশ

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, "একজন সরকারি কর্মরত সহকারী শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি এখনো পুলিশকে অবহিত করা হয়নি। তবে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

অভিযোগের পাঁচ দিন অতিবাহিত হলেও তদন্তের অগ্রগতি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে অভিভাবকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় সচেতন নাগরিক ও অভিভাবকেরা অভিযোগটি দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিদ্যালয়ে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ বছরের ক্রিকেটারের গ্যারাজে একটি বিলাসবহুল গাড়ি যুক্ত হল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


১৫ বছরের ক্রিকেটারের গ্যারাজে একটি বিলাসবহুল গাড়ি যুক্ত হল

মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী সাফল্যের শিখরে পৌঁছেছেন। এই ‘বিস্ময় প্রতিভা’র গাড়ির সংগ্রহও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

সম্প্রতি পুরস্কার হিসেবে নতুন টাটা সিয়েরা পেয়েছেন বিহারের এই তারকা। গাড়িটির মূল্য নির্ধারণ করা কঠিন। তবে ভারতে টাটা সিয়েরার দাম ১১ কোটি ৪৯ লাখ থেকে ২১ কোটি ৫৯ লাখ টাকার মধ্যে রয়েছে।

গত আইপিএলে ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’ খেতাব অর্জন করেছিলেন বাঁহাতি এই তারকা। সেই পুরস্কার হিসেবে তিনি এই গাড়িটি পেয়েছেন। পরিবারের সঙ্গে গাড়ির সামনে দাঁড়িয়ে বৈভবের ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

২০২৫ সালে রাজস্থান রয়েলসের হয়ে আইপিএলে অভিষেক ঘটে বৈভবের। এরপর থেকে তিনি আর পিছনে ফিরে তাকাননি। আইপিএলের দুই মৌসুমে তার নজরকাড়া পারফরম্যান্সের কারণে তিনি ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন।

গত জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক ঘটে তার। এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টিতে ২৯৫ রান করেছেন বৈভব। তার মধ্যে দুটি হাফসেঞ্চুরি রয়েছে। গত অক্টোবর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে মাত্র ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি।

টাটা সিয়েরা বৈভবের প্রথম গাড়ি নয়। ২০২৫ সালের আইপিএলে ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’ হওয়ার জন্য তাকে টাটা কার্ভ ইভি উপহার দেওয়া হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি বিলাসবহুল গাড়ি।

গত আইপিএলে বৈভবের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ১৬টি ম্যাচে পাঁচটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি সহ তার মোট রান ছিল ৭৭৬, যা প্রতিযোগিতায় সর্বোচ্চ। তার ব্যাট থেকে এসেছে ৬৩টি চার ও ৭২টি ছক্কা। এই অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি কমলা টুপিও অর্জন করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যে বিহারের সমস্তিপুরের এই ক্রিকেটার নজর কেড়েছেন। ১৫ বছর বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়ে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছেন।

এবার বৈভবের উপর আরও বড় দায়িত্ব এসেছে। বিহার সিনিয়র পুরুষ দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তার। সৈয়দ মুশতাক আলি ট্রফির প্রথম দুটি ম্যাচে তিনি দলের নেতৃত্ব দেবেন। বাইশ গজে একের পর এক সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বড় উপহার পেয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাধারণ কাজও ইবাদতে পরিণত হয়, জানালেন নিয়তের গুরুত্ব: কাবার ইমাম

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


সাধারণ কাজও ইবাদতে পরিণত হয়, জানালেন নিয়তের গুরুত্ব: কাবার ইমাম

ইসলাম শুধুমাত্র মসজিদ বা নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিক ইবাদতের নাম নয়; বরং বান্দার জীবনকে সম্পূর্ণরূপে ইবাদতময় করে তোলা সম্ভব। মক্কার পবিত্র মসজিদুল হারামের খতিব শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুআইকলি জুমার খুতবায় উল্লেখ করেছেন যে, সঠিক নিয়ত থাকলে মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলোও সওয়াব ও ইবাদতের মর্যাদায় উন্নীত হতে পারে।

খুতবার মূল প্রতিপাদ্য ও সম্পাদনা

গত শুক্রবার (৬ নভেম্বর ১৪৪৮ হিজরি মোতাবেক ২৬ জমাদিউল আউয়াল) মক্কার পবিত্র মসজিদুল হারামে জুমার খুতবা প্রদান করেন শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুআইকলি। খুতবায় তিনি মানুষের আমল ও প্রতিদান নির্ধারণে ‘নিয়ত’-এর অপরিসীম গুরুত্ব এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণের ফজিলত তুলে ধরেন।

খতিব বলেন, মানুষের কোনো কাজের প্রতিদান সরাসরি তার নিয়তের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। যদি মুমিন ব্যক্তি তার দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পন্ন করে, তবে সেগুলো ইবাদতে পরিণত হয়। যেমন—

এসব জাগতিক কাজও বিশুদ্ধ নিয়তের বরকতে সওয়াবের কাজে পরিণত হতে পারে।

খুতবায় তিনি আরও আশার বাণী শুনিয়ে বলেন, যদি কোনো ব্যক্তি অসুস্থতা কিংবা সফরের কারণে তার অভ্যস্ত নিয়মিত নেক আমলগুলো সাময়িকভাবে করতে না পারেন, তবে আল্লাহর অসীম অনুগ্রহের মাধ্যমে তার জন্য ওই আমলগুলোর পূর্ণ সওয়াব লেখা হতে পারে।

এছাড়াও, জীবনে নেমে আসা বিপদ-আপদ ও কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণের উপদেশ দিয়ে শায়খ মাহের আল-মুআইকলি বলেন, যখন মানুষ আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে বিপদে ধৈর্য ধারণ করে, তখন সেই কষ্ট ও মুসিবত তার গুনাহ মাফের অন্যতম উসিলা হয়ে যায়।

প্রাসঙ্গিক কুরআন ও হাদিসের উদ্ধৃতি

এই খুতবার মূল ভিত্তি সমর্থন করে পবিত্র কুরআন ও হাদিসে চমৎকার নির্দেশনা রয়েছে—

১. নিয়তের গুরুত্ব সম্পর্কিত হাদিস

عَنْ أَمِيرِ الْمُؤْمِنِينَ أَبِي حَفْصٍ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّمَا الْأَعْمَالُ بِالنَِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى

‘আমলের প্রতিদান তো কেবল নিয়তের ওপর নির্ভরশীল এবং প্রত্যেকেই তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে...’ (বুখারি ১, মুসলিম ১৯০৭)

২. অসুস্থ বা সফরে থাকা ব্যক্তির সওয়াব প্রাপ্তি সম্পর্কিত হাদিস

عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا مَرِضَ الْعَبْدُ أَوْ سَافَرَ، كُتِبَ لَهُ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ مُقِيمًا صَحِيحًا

‘বান্দা যখন অসুস্থ হয় কিংবা সফরে থাকে, তখন তার জন্য ওই পরিমাণ সওয়াবই লেখা হয়, যা সে সুস্থ ও মুকিম (স্থির) থাকা অবস্থায় আমল করত।’ (বুখারি ২৯৯৬)

৩. বিপদে ধৈর্য ধারণ ও গুনাহ মাফ সম্পর্কিত হাদিস

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ، وَلَا وَصَبٍ، وَلَا هَمٍّ، وَلَا حُزْنٍ، وَلَا أَذًى، وَلَا غَمٍّ، حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا، إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ

‘মুসলমানের ওপর যে ক্লান্তি, রোগব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, কষ্ট ও দুশ্চিন্তা আসে— এমনকি তার গায়ে যে কাঁটা ফোটে, এর মাধ্যমেও আল্লাহ তার ত্রুটি-বিচ্যুতি ও গুনাহগুলো ক্ষমা করে দেন ‘ (বুখারি ৫৬৪১, মুসলিম ২৫৭৩)

একজন মুমিনের জীবনের কোনো মুহূর্তই আসলে অর্থহীন নয়। খতিবের এই চমৎকার বার্তা আমাদের মনে করিয়ে দেয় যে, জাগতিক ব্যস্ততাকে আল্লাহর ইবাদতে রূপান্তর করার চাবিকাঠি হলো কেবল একটি ‘সঠিক নিয়ত’। আমাদের দৈনন্দিন প্রতিটি ভালো কাজ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিবেদিত হয়, তবে আমাদের পুরো জীবনটাই পরিণত হতে পারে এক নিরবচ্ছিন্ন সওয়াবের সফরে।

সূত্র: দ্য গেট টু হারামাইন (The Gate to Haramain)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে সার পাচারে জড়িত অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


মিয়ানমারে সার পাচারে জড়িত অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা আটক

মিয়ানমারের সার পাচারে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এই ঘটনা ঘটেছে মীরসরাই উপজেলার উপকূলীয় এলাকা দিয়ে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে পুলিশ।

আটক হওয়া তিনজন হলেন- ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সম্রাট (৫৭), যিনি মৃত ফজলুল হকের ছেলে, মহসিন সম্রাটের ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফারাবি হোসেন (২৬), যিনি ফরিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি মীরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল হয়ে মিয়ানমারে সার পাচার করে আসছে একটি অসাধু চক্র। ৩১ অক্টোবর পুলিশ মিয়ানমারে পাচারের জন্য অপেক্ষমাণ ৩০১ বস্তা সার জব্দ করে। সেই সময় সার পাচারের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল।

আটক ব্যক্তিদের দেওয়া তথ্য ও তাদের মোবাইল ফোনের কললিস্টের ভিত্তিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীর সংশ্লিষ্টতা খুঁজে পায় জোরারগঞ্জ থানা পুলিশ। আটক ব্যক্তিদের তথ্য এবং মোবাইলে পাওয়া প্রমাণের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের অফিসে অভিযান চালায় পুলিশ। তবে তাকে সেখানে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, বাদশাহ নামে একজনকে অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত যুবদল নেতা শওকত আকবর সোহাগের অফিস থেকে সার পাচারসংক্রান্ত তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে তার সম্পৃক্ততা পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষে এক খামারিকে ১০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষে এক খামারিকে ১০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

এই অভিযানে নিষিদ্ধ ক্যাটফিশ চাষের অভিযোগে গোপীনাথপুর গ্রামের আব্দুর রউফের পুত্র জাহাঙ্গীর আলমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় তাকে এই জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ ক্যাটফিশ চাষ ও এ ধরনের কার্যক্রম বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%