ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

নাম বদলে টুম্পা থেকে ইধিকা হলেন শাকিবের ‘প্রিয়তমা’ তারকা


নাম বদলে টুম্পা থেকে ইধিকা হলেন শাকিবের ‘প্রিয়তমা’ তারকা

শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিতি অর্জন করেছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। বর্তমানে তিনি দুই বাংলার দর্শকদের কাছে একটি পরিচিত মুখ হিসেবে পরিচিত। শাকিবের সঙ্গে ‘বরবাদ’ এবং দেবের সঙ্গে ‘খাদান’-এ অভিনয়ের পর তার ক্যারিয়ারে যোগ হয়েছে বেশ কিছু আলোচিত কাজ। তবে, জানলে অবাক হতে পারেন যে, ইধিকা নামটি তার অভিনয়জগতে পথচলা শুরু করার সময় ছিল না।

অভিনয়ের শুরুতে ইধিকার নাম ছিল টুম্পা পাল। ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’র মতো ধারাবাহিকে কাজ করার সময় তিনি এই নামেই পরিচিত ছিলেন। পরবর্তীতে বড় পর্দায় নিজের আলাদা পরিচয় তৈরি করার উদ্দেশ্যে তিনি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

‘টুম্পা’ নামটি বেশ প্রচলিত হওয়ায় ইন্ডাস্ট্রিতে একটু আলাদা পরিচিতি গড়ার জন্য নতুন নাম খুঁজছিলেন অভিনেত্রী। সেই ভাবনা থেকেই তিনি ‘ইধিকা’ নামটি বেছে নেন। এক সাক্ষাৎকারে ইধিকা নিজেই জানিয়েছেন, তার আগের নাম ছিল টুম্পা পাল এবং নতুন নামটি তিনি নিজেই রেখেছেন।

আরও পড়ুন: টাইগার শ্রফের গাড়িতে গুলি: অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার ৪

নাম পরিবর্তনের পর ধীরে ধীরে বড় পর্দায় জায়গা করে নেন ইধিকা। শাকিব খান ও দেবের মতো জনপ্রিয় তারকার বিপরীতে অভিনয়ের মাধ্যমে এখন দুই বাংলাতেই তার পরিচিতি তৈরি হয়েছে। সামনে নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ সিনেমায় তাকে দেখা যাওয়ার কথা রয়েছে। এছাড়া, অভিনেতা জিতের বিপরীতেও একটি নতুন সিনেমায় অভিনয়ের আলোচনা চলছে, যদিও সেটির আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাঁজাসহ আটক তিন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


গাঁজাসহ আটক তিন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গাঁজাসহ আটক হওয়া এই শিক্ষার্থীদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের কাজী রিয়াজুস ছলেহীন, এস এম তৌফিক আলম এবং মো. মুশফিক উল ইসলাম।

বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের নিয়মিত টহল কার্যক্রম চলাকালীন সময়ে ৪ নম্বর একাডেমিক ভবনে ওই তিন শিক্ষার্থীকে আটক করা হয়। তাদের তল্লাশি করার পর গাঁজা পাওয়া যায় বলে দাবি করেন ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শৃঙ্খলা অধ্যাদেশের ৬(খ) ও ২৪ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মজিদ মোস্তফাকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন বলেন, "নিয়মিত টহল কার্যক্রমের সময় তিন শিক্ষার্থীকে আটক করা হয় এবং তাদের কাছে মাদকদ্রব্য পাওয়া গেছে। আমরা তদন্ত কমিটি গঠন করেছি। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর শৃঙ্খলা কমিটি বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামীর পরকীয়া জেনেও ১২ বছর সংসার করলেন জিনাত আমান, বিচ্ছেদ চাননি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


স্বামীর পরকীয়া জেনেও ১২ বছর সংসার করলেন জিনাত আমান, বিচ্ছেদ চাননি

বলিউডের একজন সাহসী ও স্বতন্ত্র অভিনেত্রী হিসেবে পরিচিত জিনাত আমানের ব্যক্তিগত জীবনও কম আলোচিত নয়। বিশেষ করে অভিনেতা মাজহার খানের সঙ্গে তার দাম্পত্য জীবন নিয়ে আলোচনা বহু বছর পরও অব্যাহত রয়েছে। বিয়ের প্রথম বছরেই সম্পর্ক নিয়ে সংশয়ে পড়েছিলেন জিনাত। স্বামীর অন্য নারীর সঙ্গে সম্পর্কের খবর জানার পরও বিচ্ছেদের পথে তিনি হাঁটেননি। বরং নানা প্রতিকূলতার মধ্যেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তিনি।

এক পুরনো সাক্ষাৎকারে সিমি গারেওয়ালের সঙ্গে আলাপচারিতায় জিনাত তার দাম্পত্য জীবনের নানা অজানা অধ্যায় তুলে ধরেছিলেন। তিনি জানিয়েছিলেন, বিয়ের এক বছরের মধ্যেই তার মনে হয়েছিল, সেই সিদ্ধান্তটি ভুল ছিল। সেই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।

এর মধ্যেই মাজহারের অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের খবর প্রকাশিত হয় ‘স্টারডাস্ট’ পত্রিকায়। বিষয়টি জিনাতের কাছেও গোপন ছিল না। স্বামীর পরকীয়ার খবর জানার পরও তিনি সংসার ছেড়ে বেরিয়ে আসেননি।

জিনাতের পেছনে একটি বিশেষ যুক্তিও ছিল। পরিবারের আপত্তি অগ্রাহ্য করেই তিনি মাজহারকে বিয়ে করেছিলেন। তাই সম্পর্কটি ভেঙে দেওয়ার বদলে সেটিকে টিকিয়ে রাখার চেষ্টা করতে চেয়েছিলেন অভিনেত্রী।

তবে সময়ের সঙ্গে পরিস্থিতি আরো কঠিন হয়ে ওঠে। মাজহার গুরুতর অসুস্থ হয়ে পড়লে জিনাতের ভূমিকা বদলে যায়। বিচ্ছেদের কথা না ভেবে বরং স্বামীর চিকিৎসা ও পরিচর্যার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি।

পরবর্তী প্রায় পাঁচ বছর মাজহারের চিকিৎসাই হয়ে ওঠে জিনাতের জীবনের অন্যতম বড় দায়িত্ব। তিনি স্বামীর জন্য সম্ভাব্য সবকিছু করার চেষ্টা করেছিলেন। মুম্বাইয়ের একের পর এক হাসপাতালে ছুটেছেন এবং চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। চিকিৎসার প্রয়োজনে বিদেশেও যেতে হয়েছিল তাকে।

শুধু হাসপাতালে নিয়ে যাওয়া বা চিকিৎসকের পরামর্শ নেওয়াতেই থেমে থাকেননি জিনাত। বাড়িতে অসুস্থ স্বামীর দেখভালের জন্য প্রয়োজনীয় নানা কাজও নিজে শিখে নিয়েছিলেন। কঠিন সেই সময়ে ব্যক্তিগত কষ্ট ও দাম্পত্যের জটিলতার ঊর্ধ্বে উঠে মাজহারের পাশে থাকার চেষ্টা করেছিলেন তিনি।

জিনাত ও মাজহারের দাম্পত্য জীবন স্থায়ী হয়েছিল ১২ বছর। সম্পর্কের শুরুতেই নানা টানাপোড়েন থাকলেও বিচ্ছেদের সিদ্ধান্ত নেননি অভিনেত্রী। বরং জীবনের শেষ কঠিন সময়ে স্বামীর পাশে থেকে তার চিকিৎসা ও পরিচর্যায় নিজেকে উজাড় করে দিয়েছিলেন।

১৯৯৮ সালে মাজহার খান মারা যান। তার মৃত্যুর পরও জিনাতের দাম্পত্য জীবনের এই অধ্যায় বলিউডের আলোচিত ব্যক্তিগত গল্পগুলোর একটি হয়ে আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের দাবি, ইরানের পারমাণবিক কেন্দ্র ‘মাদক তৈরির কারখানা’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


ট্রাম্পের দাবি, ইরানের পারমাণবিক কেন্দ্র ‘মাদক তৈরির কারখানা’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে মাদক তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে। তিনি ওকলাহোমার একটি জনসভায় জানান, যেসব স্থাপনায় হামলা হয়েছে, সেখানে পারমাণবিক উপকরণের পাশাপাশি অবৈধ মাদকও উৎপাদিত হচ্ছিল।

পারমাণবিক বিশেষজ্ঞরা এই দাবির প্রতি সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে, ওই স্থাপনাগুলোতে মাদক তৈরির কোনো তথ্য বা প্রমাণ নেই। ট্রাম্প ২০২৫ সালের জুনে ইরানের ফোরডো পারমাণবিক স্থাপনায় পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’ সম্পর্কে বক্তব্য রাখছিলেন।

তিনি উল্লেখ করেন, ‘মার্কিন বোমারু বিমানগুলো যেসব স্থাপনায় বোমা ফেলেছিল, সেগুলো একাধারে পারমাণবিক ও মাদকের কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল।’ আন্তর্জাতিক পারমাণবিক নীতি বিশেষজ্ঞ জেমস অ্যাকটন জানান, ফোরডোর মতো স্পর্শকাতর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে মাদক তৈরির কোনো ইতিহাস বা প্রমাণ নেই।

ডোনাল্ড ট্রাম্প গত বছর যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা নিয়ে বিভিন্ন সময় কথা বলেছেন। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি এসব স্থাপনাকে ‘মাদক তৈরির কারখানা’ হিসেবে উল্লেখ করেননি।

ট্রাম্পের নতুন এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষ এবং ইরানের পারমাণবিক কর্মসূচির বিশেষজ্ঞরা তার বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন। সিএনএন ট্রাম্পের মন্তব্যের একটি ভিডিও কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের নিউক্লিয়ার পলিসি প্রোগ্রামের সহপরিচালক জেমস অ্যাকটনের কাছে পাঠায়। শুক্রবার এক ইমেইলে অ্যাকটন বলেন, ‘ওয়াও… এটা আমার কাছে নতুন।’

তিনি আরো জানান, ‘আমার জানামতে, ফোরডো স্থাপনা মাদক উৎপাদনের জন্য ব্যবহৃত হচ্ছিল না। এর আগে এমন কোনো অভিযোগের কথাও আমি শুনিনি, তা বিশ্বাসযোগ্য হোক বা না হোক।’

ট্রাম্পের এই বক্তব্যের পক্ষে এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ বা পূর্বের প্রকাশ্য অভিযোগের উল্লেখ পাওয়া যায়নি। ফলে তার মন্তব্যটি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর প্রকৃত ব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। সিএনএনের পক্ষ থেকেও এ বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউস কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দিতে রাজি হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভাষণে ক্যারিবীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানের কথা বলতে গিয়ে ট্রাম্প ভুলবশত ইরানের ক্ষেত্রেও ‘মাদক’ শব্দটি উচ্চারণ করে ফেলেন। তবে ভুল স্বীকার না করে পরবর্তীতে তিনি নিজের মন্তব্যকেই সত্য হিসেবে জাহির করার চেষ্টা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুখে হাঁক সাফল্যে ‘ডাক’, ফিরলেন লিটন-নিগার রিক্ত হাতে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


মুখে হাঁক সাফল্যে ‘ডাক’, ফিরলেন লিটন-নিগার রিক্ত হাতে

বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতি প্রমাণ করে যে, "যত গর্জে তত বর্ষে না"। এই প্রবাদের বাস্তব উদাহরণ হলো লিটন দাস ও নিগার সুলতানা জ্যোতির সাম্প্রতিক পারফরম্যান্স। তাদের পারফরম্যান্সের স্বচ্ছতা স্পষ্ট।

তবে, বাংলাদেশের হাঁকডাক কমে না, পারফরম্যান্স যাই হোক। টুর্নামেন্টে অংশগ্রহণের আগে তাদের গলার স্বর থাকে উঁচু। সর্বোচ্চ সাফল্য অর্জনই তাদের লক্ষ্য থাকে। কিন্তু টুর্নামেন্ট শেষে ভিন্ন চিত্র দেখা যায়। ধারাবাহিকতা বজায় রেখে তারা রিক্ত হাতেই ফিরছেন। তাই বলা যায়, "মুখে হাঁক সাফল্যে ‘ডাক’"। শ্রীলঙ্কার বিপক্ষে আজ প্রথম তিন ব্যাটার সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটনও ‘ডাক’ মারলেন। পরে তাদের সঙ্গী হন মাহাদী হাসান।

সাম্প্রতিক এশিয়ান গেমসে নজর দেওয়া যাক। জাপানের উদ্দেশে দেশ ছাড়ার আগে লিটন ও জ্যোতি অনেক স্বপ্ন দেখালেন। দুই অধিনায়কের কথার সুর ছিল, "ব্রোঞ্জ অনেক হয়েছে, এবার আমাদের চোখ স্বর্ণে।"

এশিয়ান গেমস নিয়ে লিটন ও জ্যোতির মন্তব্য দেখা যাক। উইকেটরক্ষক-ব্যাটার লিটন বলেছিলেন, "জাতীয় দলের হয়ে খেলাটাই বড় জিনিস, সঙ্গে এ রকম জায়গায় খেলা এটাও বড় বিষয়। সব সময় (অন্য টুর্নামেন্টে) জিতলে আপনি ট্রফি জিতবেন, কিন্তু এখানে সোনা জেতার বিষয় থাকে। এটা একটা বড় স্বপ্ন, আমার মনে হয় সব ক্রিকেটার রোমাঞ্চিত।"

এ ধরনের টুর্নামেন্টে সাধারণত দ্বিতীয় সারির দল পাঠায় দেশগুলো, কিন্তু বাংলাদেশ ও ভারত ব্যতিক্রম। তারা জাতীয় দল পাঠিয়েছে। লক্ষ্য একদম স্পষ্ট। লিটন দেশ ছাড়ার সময় বলেছিলেন, "আমরা কিভাবে ফাইনাল পর্যন্ত যেতে পারি, এদিকেই তাকিয়ে আছি। কারণ, ফাইনাল খেললে সুযোগ থাকবে সোনা জেতার। ক্রিকেটে যে জিনিসটা বলি অলওয়েজ ম্যাচ বাই ম্যাচ। আমরা ম্যাচ বাই ম্যাচই যাব।"

কিন্তু লিটনরা কি মাঠে তাদের মুখের কথা ফলাতে পেরেছেন? সোনা জয়ের যে স্বপ্ন তাদের চোখেমুখে ছিল, বাস্তবে তার উল্টোটা ঘটেছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে তারা ধরাশায়ী হয়েছেন। দুই দলের কাছে হেরে যাওয়ার পর সন্দেহ হয়, তারা কি মালয়েশিয়ার কাছেও...! বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি ভেস্তে যাওয়ায় তারা বাঁচতে পেরেছে।

২০১০ সালে স্বর্ণ জয়ের পর গত দুই আসরে বাংলাদেশ রৌপ্য ও ব্রোঞ্জ পেয়েছিল। ১৬ বছর পর আবারও সোনার হাসির খোঁজে ছিল বাংলাদেশ। লক্ষ্য পূরণে শক্তিশালী দলের সঙ্গে উইকেটও বাংলাদেশের পক্ষে ছিল। কেননা, জাপানের কোরোগি স্পোর্টস পার্কের পিচ তৈরি করেছেন গামিনি ডি সিলভা। বাংলাদেশের সাবেক কিউরেটরের পরামর্শ নিয়ে বোলিং কোচ তালহা জুবায়ের স্বপ্ন পূরণের কথা জানিয়েছিলেন। কিন্তু প্রশ্ন ফাঁসের পরেও বাংলাদেশ খাতায় নম্বর তুলতে পারেনি। উল্টো সব হারিয়ে রিক্ত হাতে ফিরেছে।

মেয়েদের নামের পাশে দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ রয়েছে। এবার তাই চক্রপূরণ করাই ছিল জ্যোতিদের লক্ষ্য। উইকেটরক্ষক-ব্যাটার বলেছিলেন, "এবার আমাদের মূল লক্ষ্য ফাইনাল। আমরা এর আগেও সেমিফাইনালে খেলেছি এবং বাদ পড়েছি। বারবার একই জিনিস হচ্ছে, তাই এবার আমরা সেই বাধাটা ভাঙতে চাই।"

বাধা ডিঙানো দূরে থাক, তারা প্রতিরোধ গড়তেও পারেননি। অসহায় আত্মসমার্পণে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন তারা। স্বপ্ন শেষ হওয়ার পর বাংলাদেশে হুশ ফিরেছে। তাই বাস্তবতা মেনে সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছে। ব্রোঞ্জ মেডেলের ম্যাচ শেষে পুরুষ দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, "সত্যিকার অর্থে আমরা দেশবাসীর কাছে লজ্জিত। কোচ হিসেবেও মনে করি আমরা ব্যর্থ হয়েছি। আমাদের কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে পারিনি। খুবই হতাশাজনক এবং পুরো দেশবাসীর কাছে আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।"

তবে প্রশ্ন হলো, ক্ষমা চেয়েই কি দায় শেষ? জয়ের পর মুক্ত আকাশে জাতীয় পতাকা উড়ানোয় অভ্যস্ত হবে না বাংলাদেশ। কে জানে, এমন দৃশ্যের অপেক্ষা কবে ফুরাবে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%