ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে ট্রাম্পকে হত্যার পরিকল্পনার জন্য পাকিস্তানি নাগরিকের ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড


যুক্তরাষ্ট্রে ট্রাম্পকে হত্যার পরিকল্পনার জন্য পাকিস্তানি নাগরিকের ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার পরিকল্পনার অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। তার নাম আসিফ মার্চেন্ট। অভিযোগ প্রমাণিত হয়েছে যে, তিনি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হয়ে এই হত্যার পরিকল্পনা করেছিলেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজের রিপোর্ট অনুযায়ী, ৪৮ বছর বয়সী মার্চেন্টকে ৩৩০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৬ সালের মার্চে একটি ফেডারেল জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করে। আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা এবং অর্থের বিনিময়ে হত্যার পরিকল্পনার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ব্রুকলিনের ফেডারেল আদালতে জেলা বিচারক এরিক আর কমিটি তার সাজা ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, মার্চেন্ট ইরানের আইআরজিসির প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য ছিলেন। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ মন্তব্য করেন, ট্রাম্পকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য মার্চেন্টকে যথাযথ সাজা দেওয়া হয়েছে। তিনি আরো উল্লেখ করেন, বিদেশি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেতাদের বিরুদ্ধে মেনে নেওয়া হবে না এবং এ ঘটনার সঙ্গে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে।

বিচার বিভাগের তথ্য অনুযায়ী, মার্চেন্ট নিজেই আইআরজিসিতে যোগদান করেছিলেন। পরে তিনি গোয়েন্দা কার্যক্রমের প্রশিক্ষণ নেন। এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি কর্মকর্তাদের হত্যার জন্য ভাড়াটে খুনি খোঁজা এবং তাদের অর্থ দেওয়ার দায়িত্ব পান। মার্চেন্ট বিশ্বাস করতেন, এই পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিলেন ট্রাম্প। তবে সম্ভাব্য লক্ষ্য হিসেবে আরো কয়েকজনের নামও তিনি উল্লেখ করেছিলেন। তাদের মধ্যে ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। ২০২০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের আইআরজিসির সাবেক প্রধান কাসেম সোলাইমানি নিহত হন। তার মৃত্যুর প্রতিশোধ নিতেই এই হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ চললে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর ইঙ্গিত কানাডার প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের জাতীয় নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান উপসহকারী অ্যাটর্নি জেনারেল এম স্কট প্রক্টর বলেন, সোলাইমানির মৃত্যুর প্রতিশোধ নিতে আইআরজিসি মার্চেন্টকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিল। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও আইনি পদক্ষেপের কারণে এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। মার্চেন্টের কঠোর সাজা অন্যদের জন্য সতর্কবার্তা। বিদেশি কোনো শক্তির হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে যুক্তরাষ্ট্রে এলে কাউকে ছাড় দেওয়া হবে না। বিচার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের দিকে আইআরজিসির সঙ্গে যুক্ত হন মার্চেন্ট। ধর্মীয় তীর্থযাত্রার কথা বলে তিনি ইরানে যাতায়াত শুরু করেন। এক আত্মীয়ের মাধ্যমে আইআরজিসির কর্মকর্তা ইউসেফ মেরহারদাদের সঙ্গে তার পরিচয় হয়।

২০২৩ সালের দিকে ইরানের রাজধানী তেহরানে ওই কর্মকর্তার সঙ্গে দেখা করতে শুরু করেন মার্চেন্ট। পরবর্তী দেড় বছরে তাদের মধ্যে প্রায় ১৫ বার বৈঠক হয়। এসব বৈঠকে মার্চেন্টকে গোয়েন্দা কার্যক্রম ও পাল্টা গোয়েন্দা তৎপরতার প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করার নির্দেশ দেওয়া হয় তাকে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কোনো রাজনৈতিক সমাবেশে হামলা চালানোর জন্য অপরাধী বা মাফিয়া চক্রের সদস্যদের ভাড়া করতে বলা হয়েছিল তাকে। আদালতে সাক্ষ্য দেওয়ার সময় মার্চেন্ট স্বীকার করেন, তিনি মনে করতেন, এই পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিলেন ট্রাম্প। ২০২৪ সালের এপ্রিলের দিকে ইরানে এক সপ্তাহ কাটিয়ে যুক্তরাষ্ট্রে ফেরেন মার্চেন্ট। এরপর পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেন তিনি। প্রথমে এ কাজে সহায়তা চেয়ে নিজের এক পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তবে ওই ব্যক্তি বিষয়টি এফবিআইকে জানিয়ে দেন। পরে তিনি এফবিআইয়ের তথ্যদাতা হিসেবে কাজ করেন।

বিচার চলাকালে আদালতে একটি ভিডিও উপস্থাপন করা হয়। এতে দেখা যায়, মার্চেন্ট ওই তথ্যদাতার কাছে হত্যার পরিকল্পনার কিছু অংশ তুলে ধরছেন। একটি রাজনৈতিক সমাবেশে কীভাবে একজন রাজনীতিবিদকে হত্যা করা হবে, তার ছকও আকছেন তিনি। এরপর মার্চেন্ট কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তাদের ভাড়াটে খুনি মনে করেছিলেন তিনি। কিন্তু তারা আসলে এফবিআইয়ের ছদ্মবেশী এজেন্ট ছিলেন। ওই এজেন্টদের সঙ্গে তিনবার দেখা করেন মার্চেন্ট। বৈঠকে তিনি জানান, বিদেশে থাকা কয়েকজনের হয়ে কাজ করছেন তিনি। একজন রাজনীতিবিদকে হত্যার জন্য তাদের ভাড়া করতে চান। পরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক খরচ হিসেবে তাদের ৫ হাজার ডলার দেন মার্চেন্ট। বিদেশে থাকা তার আত্মীয়দের সহায়তায় এই অর্থ সংগ্রহ করা হয়েছিল। ২০২৬ সালের ১২ জুলাই টেক্সাসের রিচমন্ড শহরে মার্চেন্টকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার জন্য বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার ঠিক আগে তাকে আটক করা হয়।

তদন্তকারীরা মার্চেন্টের ল্যাপটপ, মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করেন। এসব তথ্য থেকে দেখা যায়, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন এবং ট্রাম্পের ওপর তার বিশেষ নজর ছিল। আদালতে উপস্থাপিত তথ্যপ্রমাণের মধ্যে ছিল নির্বাচনী প্রচার সমাবেশ নিয়ে ইন্টারনেটে তার বিভিন্ন অনুসন্ধান। নিউ জার্সিতে ট্রাম্পের একটি সমাবেশ কোথায় হবে, তা জানতে গুগল ম্যাপেও অনুসন্ধান করেছিলেন তিনি। মার্চেন্টের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে কাসেম সোলাইমানির প্রশংসা করে বিভিন্ন পোস্ট পাওয়া যায়। একই সঙ্গে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে দেওয়া পোস্টও ছিল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় জেলার অ্যাটর্নি জোসেফ নোসেলা জুনিয়র বলেন, এই সাজার ফলে মার্চেন্ট আর কখনো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করতে পারবেন না।

আরও পড়ুন: ওয়াশিংটনে হামলার ষড়যন্ত্রের খবর ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিল ইরান

তিনি আরো বলেন, ইরান ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর উচিত এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতার উদাহরণ হিসেবে দেখা। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, নির্বাচিত প্রতিনিধি কিংবা জনগণের ওপর হামলার পরিকল্পনা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। এফবিআইয়ের নিউইয়র্ক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক জেমস সি বার্নাকল জুনিয়র বলেন, মার্চেন্টের এই সাজা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এফবিআইয়ের প্রচেষ্টার সাফল্য।

তিনি বলেন, ইরান সরকারের একজন সমালোচককে হত্যার পরিকল্পনা করে মার্চেন্ট যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করেছিলেন। এই সাজা প্রমাণ করে, সহিংসতা বা ভয় দেখিয়ে ভিন্নমত দমন করতে চাইলেও কাউকে ছাড় দেওয়া হবে না। মামলাটির বিচারকাজ পরিচালনা করেন নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় জেলার সহকারী মার্কিন অ্যাটর্নি সারা কে উইনিক, নিনা সি গুপ্তা ও গিলবার্ট এম রেইন। তাদের সহায়তা করেন বিচার বিভাগের জাতীয় নিরাপত্তা বিভাগের সন্ত্রাসবাদবিরোধী শাখার কর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক ইসলামী শিল্পকলা দিবস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ এম


আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক ইসলামী শিল্পকলা দিবস

আজ ১৮ নভেম্বর আন্তর্জাতিক ইসলামী শিল্পকলা দিবস। প্রতিবছর এই দিবসটি পালিত হয় ইসলামী শিল্পকলার সমৃদ্ধ ঐতিহ্য, বৈচিত্র্য এবং মানবসভ্যতায় এর অবদান তুলে ধরার উদ্দেশ্যে।

২০১৯ সালে ইউনেসকোর ৪০তম সাধারণ সম্মেলনে ১৮ নভেম্বরকে আন্তর্জাতিক ইসলামী শিল্পকলা দিবস হিসেবে ঘোষণা করা হয়। বাহরাইনের উদ্যোগে গৃহীত এই সিদ্ধান্তের লক্ষ্য হলো ইসলামের অতীত ও সমকালীন শিল্পধারার প্রতি বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা।

ইসলামী শিল্পকলা বলতে শুধুমাত্র মসজিদ বা ধর্মীয় স্থাপনার নকশাকে বোঝানো হয় না, বরং আরবি ক্যালিগ্রাফি, স্থাপত্য, জ্যামিতিক নকশা, চিত্রকলা, সিরামিক, বস্ত্রশিল্প, ধাতুশিল্প, সংগীতসহ শিল্পকলার প্রতিটি সৃজনশীল ধারা এর অন্তর্ভুক্ত। স্পেন থেকে মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া থেকে উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চল ও যুগের সাংস্কৃতিক সংযোগে এই শিল্পধারা সমৃদ্ধ হয়েছে।

ইউনেসকোর মতে, ইসলামী শিল্পকলা বিভিন্ন শিল্প আন্দোলনকে অনুপ্রাণিত করার পাশাপাশি সাংস্কৃতিক বৈচিত্র্য, মত প্রকাশের স্বাধীনতা, ঐতিহ্য সংরক্ষণ এবং আন্তসাংস্কৃতিক সংলাপকে উৎসাহিত করে। দিবসটি পালনের মাধ্যমে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহনশীলতা ও সাংস্কৃতিক নৈকট্য বৃদ্ধির প্রত্যাশা করা হয়।

এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে জাদুঘর, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিল্প সংগঠন প্রদর্শনী, কর্মশালা, আলোচনা ও শিক্ষামূলক আয়োজন করে থাকে। কাতারের দোহায় অবস্থিত মিউজিয়াম অব ইসলামিক আর্টও এই বছর দিবসটি উপলক্ষে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে।

এ কর্মসূচির মধ্যে ক্যালিগ্রাফি ও অলংকরণবিষয়ক কর্মশালা, প্রদর্শনী পরিদর্শন, শিশুদের গল্পপাঠ এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন রয়েছে। এছাড়া, জাদুঘরের গ্রন্থাগারে থাকবে বুকমার্ক তৈরি ও শিল্পবিষয়ক ধাঁধার আয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল ২ ঘণ্টা পর স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ এম


দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল ২ ঘণ্টা পর স্বাভাবিক

পদ্মা নদীর উপর ঘন কুয়াশার কারণে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়ে উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ার ফলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে, ভোর ৫টা ৪৫ মিনিট থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। এই অবস্থায় নদী পার হওয়ার জন্য অপেক্ষারত দৌলতদিয়া ঘাটের প্রান্তে বেশ কিছু যানবাহন সিরিয়ালে আটকা পড়ে। এ সময় শীতল বাতাসের কারণে যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক বশির আহম্মেদ খান জানিয়েছেন, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ার পর সকাল ৮টা ৫ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এই রুটে ছোট-বড় ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের নর্থবেঙ্গল চিনিকলে ৯৩ বছরের পুরোনো যন্ত্রে উৎপাদন অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ এম


নাটোরের নর্থবেঙ্গল চিনিকলে ৯৩ বছরের পুরোনো যন্ত্রে উৎপাদন অব্যাহত

নাটোরের নর্থবেঙ্গল চিনিকলে ৯৩ বছরের পুরোনো ও জরাজীর্ণ যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন কার্যক্রম চলছে। যদিও গত দুই মৌসুমে লাভের মুখ দেখা গেছে, তবুও এখানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এর ফলে শ্রমিক-কর্মচারীরা হতাহত হচ্ছেন। অন্যদিকে, সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কৃষকরা চাহিদামতো আখ সরবরাহ করতে পারছেন না। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ প্রতিদিন আড়াই হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের সক্ষমতাসম্পন্ন নতুন চিনিকল স্থাপনের দাবি জানিয়েছেন।

১৯৩৩ সালে নর্থবেঙ্গল চিনিকলে আখ মাড়াইয়ের কার্যক্রম শুরু হয়। সেই সময়ের পুরোনো প্রযুক্তি ব্যবহার করেই এখনো আখ মাড়াইয়ের জন্য ডোঙ্গায় আখ ফেলা হয়। অথচ ১৯৮৪ সালে স্থাপিত নাটোর চিনিকলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডোঙ্গায় আখ ফেলা হয়।

ব্রিটিশ আমলের অনেক যন্ত্রাংশ ব্যবহার করে নর্থবেঙ্গল চিনিকল ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মাড়াই মৌসুমে প্রায় ৩০ কোটি টাকা লাভ অর্জন করেছে। তবে আধুনিকায়ন না হওয়ায় প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী ঝুঁকি নিয়ে কাজ করছেন। পুরোনো যন্ত্রাংশের কারণে বিভিন্ন সময়ে দুর্ঘটনায় আহত হচ্ছেন তারা।

শ্রমিক আব্দুর রশিদ জানান, চিনিকলটির বয়লারসহ অনেক যন্ত্রাংশ ১৯৩৩ সালের। জোড়াতালি দিয়ে চিনিকলটি চালু রাখা হয়েছে। তিনি বলেন, "পুরোনো যন্ত্রাংশের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।"

অন্য শ্রমিক মান্নান জানান, ১৯৮৩ সালে চিনিকলটির কিছু যন্ত্রাংশ পরিবর্তন করা হলেও সেগুলোও এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে কাজের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

দেশের অন্যান্য চিনিকলের জোন এলাকার তুলনায় নর্থবেঙ্গল চিনিকলের জোন আখ চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী। প্রতিবছর এই চিনিকলের জোনে দুই লাখ মেট্রিক টনের বেশি আখ উৎপাদন হয়। তবে প্রতিদিন দেড় হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের সক্ষমতা থাকায় কৃষকরা চাহিদামতো আখ সরবরাহ করতে পারছেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরে শীতের দাপট বাড়ছে, তাপমাত্রা নামল ১৭.৫ ডিগ্রিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ এম


উত্তরে শীতের দাপট বাড়ছে, তাপমাত্রা নামল ১৭.৫ ডিগ্রিতে

উত্তরের জেলাগুলোতে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় অনেক স্থানে সূর্যের দেখা মিলছে না। ভোর থেকে শুরু হওয়া ঠাণ্ডা বাতাসে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও কৃষকদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে কয়েকদিন ধরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি।

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টায় বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে, তবে কুয়াশার পরিমাণ বেড়েছে।

অগ্রহায়ণের শুরুতেই শীতের প্রভাবে উত্তরের জনজীবনে ভোগান্তি বৃদ্ধি পেয়েছে। ঘন মেঘ ও ঠাণ্ডা বাতাসের কারণে সকালে সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যাচ্ছে। দিনের বেলায়ও সূর্যের দেখা না মেলায় অনেকেই গরম কাপড় পরে বাইরে বের হচ্ছেন।

শীতের কারণে বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালক ও কৃষিশ্রমিকেরা। ঠাণ্ডা উপেক্ষা করে কেউ আমন ধান কাটতে গেলেও কুয়াশা ও রোদের অভাবে কাজ ব্যাহত হচ্ছে।

কুড়িগ্রাম পৌরসভার বাসিন্দা রাসেল জানান, গত দুই দিন ধরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। রাতে কুয়াশা থাকে এবং বিশেষ করে ফজরের সময় শীত বেশি অনুভূত হয়। শীত এলে বয়স্ক মানুষের কষ্ট বেড়ে যায়।

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন থেকে আসা রিকশাচালক করিম বলেন, আকাশে মেঘ থাকায় সূর্যের দেখা মিলছে না। ঠাণ্ডায় রিকশা চালাতে কষ্ট হচ্ছে, তবুও জীবিকার তাগিদে বেলা ১১টার পর শহরে এসেছেন।

খলিলগঞ্জ ত্রিমোহনী এলাকার দিনমজুর পরেশ জানান, নিচু জমির আগাম আমন ধান কাটছেন তিনি। সকালে ঠাণ্ডা ও সূর্যের দেখা না পাওয়ায় ধান কাটতে দেরি হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড় ও আশপাশের এলাকায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। মেঘের কারণে সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না, ফলে দিনের বেলাতেও ঠাণ্ডা অনুভূত হচ্ছে। মেঘের সঙ্গে কুয়াশা থাকায় দৃষ্টিসীমাও কমে যাচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে শীতের প্রকোপ বাড়তে পারে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ায় এ অঞ্চলের আবহাওয়ায় পরিবর্তন এসেছে। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার পাশাপাশি উত্তরের জেলাগুলোতে ঠাণ্ডার অনুভূতি বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও জানান, মঙ্গলবার কুড়িগ্রামে তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস, বুধবার তা কমে ১৭ দশমিক ৫ ডিগ্রিতে নেমেছে। আগামী এক সপ্তাহ এ ধরনের আবহাওয়া থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%