১০:৪৬ এম
উত্তরের জেলাগুলোতে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় অনেক স্থানে সূর্যের দেখা মিলছে না। ভোর থেকে শুরু হওয়া ঠাণ্ডা বাতাসে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও কৃষকদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে কয়েকদিন ধরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি।
আরও পড়ুন: প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘আকভান’, বৃহস্পতিবার আছড়ে পড়ার আশঙ্কা
নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টায় বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে, তবে কুয়াশার পরিমাণ বেড়েছে।
অগ্রহায়ণের শুরুতেই শীতের প্রভাবে উত্তরের জনজীবনে ভোগান্তি বৃদ্ধি পেয়েছে। ঘন মেঘ ও ঠাণ্ডা বাতাসের কারণে সকালে সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যাচ্ছে। দিনের বেলায়ও সূর্যের দেখা না মেলায় অনেকেই গরম কাপড় পরে বাইরে বের হচ্ছেন।
শীতের কারণে বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালক ও কৃষিশ্রমিকেরা। ঠাণ্ডা উপেক্ষা করে কেউ আমন ধান কাটতে গেলেও কুয়াশা ও রোদের অভাবে কাজ ব্যাহত হচ্ছে।
কুড়িগ্রাম পৌরসভার বাসিন্দা রাসেল জানান, গত দুই দিন ধরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। রাতে কুয়াশা থাকে এবং বিশেষ করে ফজরের সময় শীত বেশি অনুভূত হয়। শীত এলে বয়স্ক মানুষের কষ্ট বেড়ে যায়।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড
সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন থেকে আসা রিকশাচালক করিম বলেন, আকাশে মেঘ থাকায় সূর্যের দেখা মিলছে না। ঠাণ্ডায় রিকশা চালাতে কষ্ট হচ্ছে, তবুও জীবিকার তাগিদে বেলা ১১টার পর শহরে এসেছেন।
খলিলগঞ্জ ত্রিমোহনী এলাকার দিনমজুর পরেশ জানান, নিচু জমির আগাম আমন ধান কাটছেন তিনি। সকালে ঠাণ্ডা ও সূর্যের দেখা না পাওয়ায় ধান কাটতে দেরি হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড় ও আশপাশের এলাকায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। মেঘের কারণে সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না, ফলে দিনের বেলাতেও ঠাণ্ডা অনুভূত হচ্ছে। মেঘের সঙ্গে কুয়াশা থাকায় দৃষ্টিসীমাও কমে যাচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে শীতের প্রকোপ বাড়তে পারে।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ায় এ অঞ্চলের আবহাওয়ায় পরিবর্তন এসেছে। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার পাশাপাশি উত্তরের জেলাগুলোতে ঠাণ্ডার অনুভূতি বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন: ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা
তিনি আরও জানান, মঙ্গলবার কুড়িগ্রামে তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস, বুধবার তা কমে ১৭ দশমিক ৫ ডিগ্রিতে নেমেছে। আগামী এক সপ্তাহ এ ধরনের আবহাওয়া থাকতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন