০৭:০৯ পি.এম
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে। কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এই আয়োজনকে কেন্দ্র করে।
র্যালিটি বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সম্মতি জানিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিসিএএ) সভাপতি মীর সরফত আলী সপু।
আরও পড়ুন: ব্যাটারিচালিত রিকশার নতুন নীতিমালা বাতিলের দাবি মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের
ঢাকা কলেজ ১৮৬ বছরের দীর্ঘ পথচলায় দেশের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এই প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী পরবর্তীতে দেশ ও জাতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করেছেন। প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনীকে কেন্দ্র করে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য এবং ঐতিহ্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা করছেন আয়োজকেরা।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আনন্দ র্যালিতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন। র্যালির মাধ্যমে ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষা-সংস্কৃতির অবদান তুলে ধরা হবে।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এবং ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ সকল সংশ্লিষ্টকে আনন্দ র্যালিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
তাঁরা আশা প্রকাশ করেছেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনীর আয়োজন আনন্দঘন ও স্মরণীয় হয়ে উঠবে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৮৬৪ মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন