ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

নেতানিয়াহু ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন


নেতানিয়াহু ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন

ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট (নেসেট) শপথ গ্রহণ করেছে। তবে নির্বাচনের দুই সপ্তাহ অতিবাহিত হলেও সরকার গঠনের ক্ষেত্রে চরম অনিশ্চয়তা বিরাজ করছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে সক্ষম হয়নি কোনো পক্ষ, না বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট, না বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট। ফলে নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকছেন নেতানিয়াহুই।

ইসরায়েলি আইন অনুযায়ী, নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত বিদায়ী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে। এই কারণে অন্তর্বর্তীকালীন মেয়াদে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির মূল সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ নিয়োগের পূর্ণ ক্ষমতা নেতানিয়াহুর হাতে থাকবে। এমনকি দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা 'শিন বেত'-ও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করবে।

তবে নেতানিয়াহুর একক সিদ্ধান্তে নতুন কোনো যুদ্ধ শুরু করার ক্ষমতা নেই; এর জন্য মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরান ও লেবাননের পরিস্থিতির উত্তেজনা কাজে লাগিয়ে সামরিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে পারেন তিনি। উপরন্তু, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি নতুন আইন পাস করে চলমান দুর্নীতির বিচার থেকে রেহাই পাওয়ার সুযোগ পাবেন না।

আরও পড়ুন: প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

রোববার (৮ নভেম্বর) ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব বিরোধী নেতা গাদি আইজেনকটকে দিয়েছেন। এজন্য তাকে ২৮ দিনের সময়সীমা দেওয়া হয়েছে, যা প্রয়োজন হলে আরও ১৪ দিন বাড়ানো সম্ভব। বর্তমানে ৪৮ আসন পাওয়া আইজেনকটের জোটের জন্য সরকার গঠনের জন্য আরব-ইসরায়েলি আইনপ্রণেতাদের (১৯টি আসন) কিংবা ১৩টি আসন পাওয়া কট্টর ইহুদি দলগুলোর সমর্থন প্রয়োজন। তবে বিরোধী নেতা আভিগদর লিবারম্যান আরব দলগুলোর ওপর নির্ভর করে সরকার গঠনের বিরোধিতা করছেন। নেতানিয়াহু এই বিরোধী জোটের বিভক্তিকে কাজে লাগিয়ে পরবর্তী সরকারের ওপর আর্থিক চাপ সৃষ্টির চেষ্টা করছেন।

এদিকে জেরুজালেমে আয়োজিত শপথ অনুষ্ঠানে ১২০ জন সদস্য শপথ গ্রহণ করেন, যার মধ্যে ৪৬ জন নতুন মুখ। বিশেষ করে আইজেনকটের 'ইয়াশার পার্টি'র ২১টি আসনের ১৫টিতেই নতুন সদস্য এসেছেন। নতুন পার্লামেন্টে নারী প্রতিনিধিত্বও বেড়েছে; এবার ৩৩ জন নারী সদস্য দায়িত্ব পালন করবেন। বিরোধীরা ইতিমধ্যে নতুন পার্লামেন্টে সাম্প্রতিক নিরাপত্তা ব্যর্থতার তদন্তে কমিশন গঠনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টিতে ঢাকার বাতাসে দূষণের মাত্রা কমেছে, ১২তম স্থানে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩০ এম


বৃষ্টিতে ঢাকার বাতাসে দূষণের মাত্রা কমেছে, ১২তম স্থানে

জলবায়ু পরিবর্তন ও অন্যান্য কারণে বিশ্বব্যাপী দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এই প্রভাব থেকে মুক্ত নয়। ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেশ কিছুদিন ধরে উচ্চ ছিল। তবে আজ ভোরে মুষলধারে বৃষ্টির ফলে দূষণের মাত্রা কিছুটা কমে এসেছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সূচকের তথ্য অনুযায়ী, ঢাকার অবস্থান বিশ্বের দূষিত শহরের তালিকায় ১২তম। শহরটির বায়ুমানের স্কোর ছিল ১১৩। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমান ওঠানামা করতে পারে।

একই সময়ে পাকিস্তানের লাহোর তালিকার শীর্ষে রয়েছে। এই শহরের বায়ুমান সূচক (একিউআই) ছিল ৪৪৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। ভারতের রাজধানী দিল্লি ২২৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। কলকাতা শহরের স্কোর ১৮১, যা তৃতীয় অবস্থানে।

একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে গণ্য হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য হয়।

ঢাকার বায়ুদূষণের পেছনে অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া এবং ধুলাবালির মতো বিভিন্ন কারণ দায়ী। এসব দূষণকারী উপাদান বায়ুর মানের অবনতি ঘটিয়ে নগরবাসীর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শ্বাসকষ্ট, অ্যালার্জি এবং ফুসফুসের বিভিন্ন সমস্যা এই বায়ুদূষণের কারণে বৃদ্ধি পেতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণ, যানবাহনের নির্গমন কমানো এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। পাশাপাশি, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পরিবেশবিষয়ক নীতিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ঢাকার বায়ুর মান উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর হাতে অন্তর্বর্তী মেয়াদে কতটুকু ক্ষমতা?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩০ এম


নেতানিয়াহুর হাতে অন্তর্বর্তী মেয়াদে কতটুকু ক্ষমতা?

ইসরাইলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও পরবর্তী সরকার গঠন নিয়ে এখনও স্পষ্টতা আসেনি। কোনো রাজনৈতিক দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে সক্ষম হয়নি। এই অনিশ্চয়তার মধ্যে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের জন্য ২৮ দিনের সময় দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন। তবে দরকষাকষি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণের কারণে যদি আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হন, তাহলে বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। যতদিন না কোনো পক্ষ নেসেটের আস্থা অর্জন করতে পারে, ততদিন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইলের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু।

বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর জনগণের সমর্থন হারানোর পরও রাষ্ট্রীয় ক্ষমতা এবং সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ আপাতত নেতানিয়াহুর হাতে রয়েছে। ইসরাইলি-ফিলিস্তিনি বিশ্লেষক ইহাব জাবারীন আল-জাজিরাকে বলেছেন, 'নেতানিয়াহু সরকার গঠনের অগ্রাধিকার হারিয়েছেন ঠিকই, তবে প্রধানমন্ত্রিত্ব হারাননি। বিরোধীদের অভ্যন্তরীণ রাজনৈতিক মতভেদই এখন তার টিকে থাকার মূল শক্তি।'

ইসরাইলে পৃথক কোনো একক লিখিত সংবিধান না থাকলেও ‘বেসিক ল: দ্য গভর্মেন্ট’-এর ৩০ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত বিদায়ী সরকার নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে। এই কারণে রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্কের সব সিদ্ধান্ত এখন নেতানিয়াহুর হাতে রয়েছে।

অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষমতা ভোগ করবেন। এমনকি দেশের শক্তিশালী অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা 'শিন বেত' সরাসরি তার কাছে জবাবদিহি করবে।

তবে ‘বেসিক ল’-এর ৪০ অনুচ্ছেদ অনুযায়ী, একক সিদ্ধান্তে নতুন যুদ্ধ শুরু করার কোনো আইনি এখতিয়ার তার নেই; এর জন্য প্রয়োজন মন্ত্রিসভার অনুমোদন। কিন্তু বিরোধী নেতা আইজেনকোট বা তার সহযোগীরা নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য না হওয়ায়, গোয়েন্দা তথ্য কীভাবে উপস্থাপন করা হবে সেটির ওপর নেতানিয়াহুর একক প্রভাব থাকবে। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু নতুন যুদ্ধ শুরু না করলেও রাজনৈতিক স্বার্থে ইরান ও লেবাননকে কেন্দ্র করে বিদ্যমান হুমকিগুলোকে কাজে লাগাতে পারেন।

ক্ষমতার বড় অংশ ধরে রাখলেও নেতানিয়াহু অন্তর্বর্তীকালীন সময়ে ইচ্ছেমতো আইন সংশোধন বা পাস করাতে পারবেন না। ফলে দীর্ঘদিন ধরে চলা নিজের দুর্নীতির মামলা থেকে মুক্তি পাওয়ার মতো কোনো নতুন আইন তৈরির সুযোগ তার নেই।

তবে ইসরাইল বিষয়ক লেখক ও বিশ্লেষক মায়সারা বাহর সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু এমন কিছু অর্থনৈতিক এবং নীতিগত পদক্ষেপ নিতে পারেন, যা পরবর্তী সরকারের ওপর বড় ঋণের বোঝা বা প্রতিবন্ধকতা তৈরি করবে।

বর্তমানে নেতানিয়াহু তার পদকে কাজে লাগিয়ে বিরোধী জোটের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন। উদাহরণস্বরূপ, আইজেনকোটের জোটকে আরব দলগুলোর ওপর নির্ভরশীল হিসেবে তুলে ধরে ডানপন্থী এবং জায়োনিস্ট ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। বিশ্লেষকদের আশঙ্কা, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যর্থ করতে নেতানিয়াহু অভ্যন্তরীণ অস্থিরতাও উসকে দিতে পারেন।

উল্লেখ্য, ব্রিটেন এবং ভারতের মতো দেশগুলোতেও অন্তর্বর্তী প্রধানমন্ত্রীরা একই ধরনের আইনি ক্ষমতা ভোগ করলেও নীতিগত বড় সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকেন। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বিদায়ী প্রেসিডেন্টকে রূপান্তর, বাজেট এবং নিয়োগ প্রক্রিয়ায় কংগ্রেসের তীব্র নজরদারির মুখোমুখি হতে হয়। কিন্তু ইসরায়েলে রাজনৈতিক জটিলতা এবং নেতানিয়াহুর চাল রাজনীতিকে কোনো দিকে মোড় দেওয়ায়, তা দেখার জন্য সবাইকে নেসেটের দিকে নজর রাখতে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার আজ ঢাকায় আসছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ এম


মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার আজ ঢাকায় আসছেন

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রভাব মূল্যায়নের জন্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি।

তিনি বুধবার (১১ নভেম্বর) থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সফরের সময় বিশেষভাবে রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং ভবিষ্যতে সহযোগিতার সুযোগের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। কিন্তু দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার তাকে জানিয়েছে যে, তারা এ সফর আয়োজনের জন্য প্রস্তুত নয়।

বাংলাদেশ সফরকালে জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি সরকারি কর্মকর্তাদের, নাগরিক সমাজের প্রতিনিধিদের, ভুক্তভোগীদের এবং বেঁচে থাকা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।

তার সফরসূচিতে ঢাকায় একাধিক বৈঠকের পাশাপাশি কক্সবাজার এবং সেখানকার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে।

সফর শেষে তিনি আগামী ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন।

বিশেষ র‌্যাপোর্টিয়ার ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোরের বৃষ্টিতে ভিজল ঢাকা, বজ্রপাত ও ঝোড়ো বাতাসের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ এম


ভোরের বৃষ্টিতে ভিজল ঢাকা, বজ্রপাত ও ঝোড়ো বাতাসের শঙ্কা

রাজধানী ঢাকায় বুধবার সকালে বৃষ্টির মধ্যে দিন শুরু হয়েছে। নগরবাসী ঘর থেকে বের হওয়ার আগেই বৃষ্টির মুখোমুখি হয়েছেন। আশপাশের কিছু এলাকায়ও একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে। আবহাওয়া অধিদপ্তর বজ্রপাত ও ঝোড়ো বাতাসের শঙ্কার কথা জানিয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রকাশিত বিশেষ বার্তায় ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা বাতাসের আগমনের পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত জারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে এবং অন্য ছয় বিভাগের বিচ্ছিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভোর সাড়ে ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ও ২১ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশ রেকর্ড করা হয়েছে।

সন্ধ্যায়ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে। এতে আবহাওয়ায় শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%