ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

দুপুরের মধ্যে ফরিদপুর ও কুমিল্লায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্কতা


দুপুরের মধ্যে ফরিদপুর ও কুমিল্লায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্কতা

দেশের দুই জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় আজ বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অধিদপ্তর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি ই. কারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ এম


আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি ই. কারি

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির অবনতি এবং এর প্রভাব সরেজমিনে মূল্যায়নের উদ্দেশ্যে আজ বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি। আট দিনের এই সফরের সময় তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি, অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা পর্যালোচনা করবেন। তিনি আগামী ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতিসংঘের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সফরের সময় বিশেষভাবে রাখাইন রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি, মিয়ানমারের চলমান সংঘাতের প্রভাব, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সংকট এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো গুরুত্ব পাবে।

কেলি ই. কারি সফরের পূর্বে আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার তাকে জানিয়েছে, তারা বর্তমানে তার সফর আয়োজনের জন্য প্রস্তুত নয়। এই কারণে তিনি বাংলাদেশ সফর করছেন, যাতে মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সংঘাতের প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারেন।

বাংলাদেশে অবস্থানকালে জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, ভুক্তভোগী এবং নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে তিনি মিয়ানমারের সংঘাত, মানবাধিকার লঙ্ঘন এবং এর ফলে সৃষ্ট মানবিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের অভিজ্ঞতা ও বক্তব্য শুনবেন।

তার সফরসূচিতে ঢাকায় একাধিক বৈঠকের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। সেখানে রোহিঙ্গাদের জীবনযাপন, নিরাপত্তা, মানবিক সহায়তা এবং প্রত্যাবাসনের অনুকূল পরিবেশের অভাব সম্পর্কে সরেজমিনে ধারণা নেওয়ার কথা রয়েছে।

এটি উল্লেখযোগ্য যে, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়নের ফলে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে থেকেই বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীরা অবস্থান করছিলেন। ফলে দীর্ঘ সময় ধরে এই জনগোষ্ঠীর বিপুলসংখ্যক মানুষকে আশ্রয়, খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তাসহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করে আসছে বাংলাদেশ। অন্যদিকে, মিয়ানমারের চলমান সংঘাত ও রাখাইনের অস্থিতিশীল পরিস্থিতি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনকে আরও জটিল করে তুলেছে।

সফরের শেষ দিনে আগামী ১৮ নভেম্বর তিনি সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তার পর্যবেক্ষণ ও প্রাথমিক মূল্যায়ন তুলে ধরবেন। বাংলাদেশ সফরে সংগৃহীত তথ্য, সাক্ষ্য ও অভিজ্ঞতার ভিত্তিতে ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন কেলি ই. কারি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহানগর এক্সপ্রেসের চলন্ত অবস্থায় দরজা খুলে পড়ায় দুই যাত্রী আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ এম


মহানগর এক্সপ্রেসের চলন্ত অবস্থায় দরজা খুলে পড়ায় দুই যাত্রী আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা চলন্ত অবস্থায় খুলে পড়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই যাত্রী সামান্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে ৪টার দিকে সালদানদী ও মন্দবাগ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি সময়ে এই ঘটনা ঘটে। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ট্রেনের ‘ড’ বগির দরজাটি খুলে পড়ার পর সেটি ছাড়াই ঢাকার উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। তবে রেললাইন বা আশপাশে দরজাটি পড়ে গিয়ে অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরবর্তীতে দরজাটি উদ্ধার করা হয়।

ট্রেনের পরিচালক (গার্ড) শমাস মো. লেলিন জানান, সালদানদীর একটি লেভেল ক্রসিংয়ে অটোরিকশা আটকে গেলে সেটি সরানোর চেষ্টা চলছিল। এ সময় ট্রেনের দরজায় ধাক্কা লাগলে দরজাটি খুলে পড়ে। এতে দরজার সামনে থাকা দুই যাত্রী পায়ে সামান্য ব্যথা পান। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দরজাটি উদ্ধার করে।

বেলা পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতিকালে ওই বগির যাত্রী মো. জহিরুল ইসলাম বলেন, চলন্ত অবস্থায় শব্দ শুনে উঠে দেখেন একটি দরজা খুলে পড়ে গেছে। তবে দরজার সামনে থাকা কারও বড় ধরনের ক্ষতি হয়নি।

চলন্ত ট্রেনের দরজা খুলে পড়ার এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তা এবং বগির দরজার রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৬ এম


প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

ইসরাইলের নতুন পার্লামেন্টের প্রথম দিনেই চমক প্রদর্শন করেছেন দখলদারদের সম্ভাব্য প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট। তার জোট বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নেওয়া একগুচ্ছ বিতর্কিত সিদ্ধান্ত ও আইন বাতিলের উদ্যোগ গ্রহণ করেছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ উদ্দেশ্যে একাধিক বিল জমা দিয়েছেন বিরোধী নেতা আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের দলগুলো। প্রস্তাবিত বিলগুলোর মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিচার বিভাগ সংস্কারের আওতায় পাস হওয়া আইন বাতিলের প্রস্তাব।

মঙ্গলবার (১০ নভেম্বর) ২৬তম নেসেটের (ইসরাইলি পার্লামেন্ট) প্রথম অধিবেশনের দিন এসব বিল জমা দেওয়া হয়।

আইজেনকোটের দল ইয়াশার এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টি জানিয়েছে, তারা নেতানিয়াহু সরকারের পাশ করা বেশ কয়েকটি বিতর্কিত আইন বাতিলের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করা, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির গণমাধ্যম সংস্কার আইন।

এছাড়া প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণার নিয়মসংক্রান্ত আইনে আগের সরকারের আনা সংশোধনী বাতিলের প্রস্তাব দিয়েছে ইয়াশার। অন্যদিকে, ডেমোক্র্যাটস পার্টি ফৌজদারি অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের সরকারি পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছে।

পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণ আইনমন্ত্রীর হাতে দেওয়ার প্রস্তাবও জমা দিয়েছে ইয়াশার। ডেমোক্র্যাটস পার্টির অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে শনিবার ইহুদিদের ধর্মীয় ছুটির দিন শাবাতে গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের অনুমতি, অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের (হারেদি) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থান নিয়ন্ত্রণ, মৌলিক আইনে সমতার অধিকার অন্তর্ভুক্ত করা এবং এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সম্প্রসারণ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠনের বিরোধিতা করে আসছেন নেতানিয়াহু। তার দাবি, সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া স্বাধীন তদন্ত কমিশন সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট হতে পারে। তবে বিরোধী দলগুলোর অভিযোগ, ওই হামলার নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতেই কমিশন গঠনে বাধা দিচ্ছেন নেতানিয়াহু। ক্ষমতায় গেলে কমিশন গঠন তাদের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি।

বিরোধী জোটের জমা দেওয়া বিলগুলোর বড় অংশই আগের সরকারের বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগের আওতায় পাশ হওয়া আইন বাতিলের লক্ষ্যে নেওয়া হয়েছে। এসব উদ্যোগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।

বিচার বিভাগ সংস্কারের সমালোচকদের দাবি, এসব পরিবর্তনের ফলে দেশটির গণতন্ত্র ও ক্ষমতার ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সমর্থকদের বক্তব্য, বিচার বিভাগের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে এ সংস্কার প্রয়োজন।

অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর আইনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। এর ফলে মন্ত্রীরা অ্যাটর্নি জেনারেলের বাধ্যতামূলক আইনি মতামত প্রত্যাখ্যান করতে পারবেন। একই সঙ্গে এই পদে নিয়োগ ও বরখাস্তের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ বাড়বে।

বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তনের মাধ্যমে আইনজীবী সমিতির দুই প্রতিনিধিকে সরিয়ে তাদের জায়গায় সরকার ও বিরোধী দলের মনোনীত আইনজীবী রাখার বিধান করা হয়েছে। নিম্ন আদালতের বিচারক নিয়োগে সরকার, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের ভেটো দেওয়ার ক্ষমতাও রাখা হয়েছে।

২০২৪ সালে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণাসংক্রান্ত বিতর্কিত আইনটির কার্যকারিতা পরবর্তী নির্বাচন পর্যন্ত স্থগিত করেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, আইনটি নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে পাশ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%